২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের মজা জমিয়ে তুলুন জুকবক্সে

এবার ঈদের মজা জমিয়ে তুলতে পারেন জুকবক্সে। অবাক হতে পারেন এই ভেবে যে, কয়েন ফেললেই বাজনা বাজে সেই জুকবক্সে গান শোনা?

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 03:15 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

আসল ঘটনা একটু অন্যরকম। এই অন্যরকম জুকবক্স হচ্ছে ‘মিউজিক ম্যাচ জুকবক্স’, অনেকটা উইন অ্যাম্প এর মতো। এটি একটি ফ্রি সফটওয়্যার এবং এর সাইজ মাত্র ১১ মেগা বাইট।

যারা মানের দিকে খেয়াল রেখে গান শোনেন তাদের প্রথম পছন্দ এটি। উইন অ্যাম্প তো প্রায় সবাই ব্যবহার করেন। কিন্তু অনেক সময়ই গানভেদে এর পারফরম্যান্স তেমন ভালো থাকে না। আর এখানেই জুকবক্সের কৃতিত্ব। এতে রয়েছে সাউন্ড লেভেলিং বলে একটা টুলস যা প্রতিটি গানকে করে তোলে আরো সুমুধর।

মিউজিক লাইব্রেরিও রয়েছে এতে যা আপনার কম্পিউটারের প্রতিটি মিউজিক ফাইল খুঁজে নিয়ে একটি লিস্ট তৈরি করবে। ধরুন আপনার অসংখ্য সিডি রয়েছে এবং আপনি কোনো একটি সিডির গান শুনতে চান। এক্ষেত্রে জুকবক্সে প্রতিটি সিডির ইমেজ, যদি থাকে তবে, লাইব্রেরি থেকে খুব সহজেই জানতে পারবে কোন সিডিতে রয়েছে গানটি।

কিন্তু সব মিউজিক ম্যাচ জুকবক্সে সব অপশন নেই। সব অপশন পেতে ডিএফএক্সের মিউজিক ম্যাচ জুকবক্স ব্যবহার করতে হবে। এতে রয়েছে অনেক সাউন্ড ইফেক্ট এবং প্যাগইন। একই সঙ্গে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি ইকুয়ালাইজার যা গানের সুরকেই দিতে পারে বদলে।

অনেকে সাউন্ড বক্সের বদলে হেডফোন ব্যবহার করেন। ডিএফএক্সের সাউন্ড ইফেক্টে রয়েছে আলাদা হেডফোন সেটিংস যার তুলনা এটি নিজেই।

ডিএফএক্সের ডিফল্ট অ্যাপিয়ারেন্স বেশ চমৎকার। এছাড়া ইন্টারনেটেও অসংখ্য অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। যদি একই অ্যাপিয়ারেন্স বেশি দিন দেখতে ভালো না লাগে তবে ইন্টারনেট থেকে অ্যাপিয়ারেন্স ডাউনলোড করে নেয়া যাবে।

উল্লেখ্য, এই সফটওয়্যারটি রেজিস্ট্রেশন ছাড়া ব্যবহার করলে প্রতিবার চালু হওয়ার সময় একটি মেসেজ দেখাবে। ঘাবড়ে না গিয়ে শুধু ক্যান্সেল করে দিলেই হবে।

তাই ঈদের মাজাকে অনেকখানি বাড়িয়ে নিতে গান শুনুন ডিএফএক্সের মিউজিক ম্যাচ জুকবক্সে।