বছরের শেষে মোবাইল গ্রাহক দুই কোটি হবে
চলতি বছরের শেষে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দুই কোটিতে পৌঁছবে। ২০০৫ সালের তুলনায় এ সংখাটি প্রায় দ্বিগুণ।
২০০৯ সালের মধ্যে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে চার কোটিতে। ম্যাসাচুসেটস ভিত্তিক যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান শুক্রবার এ পূর্বাভাস দিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান পিরামিড রিসার্চ বলেছে, “তীব্র প্রিপেইড প্রতিযোগিতা ফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি ত্বরান্বিত করছে এবং স্বাভাবিক সম্প্রসারণের সম্ভাবনা অব্যাহত রেখেছে।”
বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক বৃদ্ধির সম্ভাবনাকে পিরামিড ‘অপরিমেয়’ উল্লেখ করে বলেছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে পঞ্চম এ দেশটির ১৪ কোটি ২০ লাখ জনসংখ্যার দুই কোটির কাছাকাছি লোকের একটি করে মোবাইল ফোন রয়েছে।
‘বাংলাদেশে বিশেষ টেলিকম করের কারণ’ উল্লেখ করে ‘পিরামিড’ মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে উচ্চ গ্রাহক মূল্যের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। মোবাইলের বাজার দ্রুত সম্প্রসারণের ক্ষেত্রে এটিকে ‘একটি বাধা’ হিসেবে চিহ্নিত করেছে তারা। এতে কাক্সিক্ষত মাত্রার চেয়ে বাজারের সম্প্রসারণ কম হচ্ছে।
চলতি বছরের নভেম্বরে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা এক কোটিতে পৌঁছেছে। একটেল এ বছরে গ্রাহক বাড়িয়েছে ১০ লাখ এবং ৪০ লাখ গ্রাহক নিয়ে এ কোম্পানিটির বাজার সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের বাজারে প্রবেশের মাত্র দুই বছর পরই বাংলালিংকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখের কাছাকাছি।
পিরামিডের প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, “বাংলালিংকের চ্যালেঞ্জের জবাবে গ্রামীণ ফোন যে দ্রুত সাড়া দিয়েছে তাতে বোঝা যায়, বাজারে তারা নিজেদের অবস্থান ধরে রাখতে পারে এবং তা ধরে রাখবে। আমরা বিশ্বাস করি, বাজার সম্পর্কে অভিজ্ঞরাই বিজয়ী হবে।”
তীব্র প্রতিযোগিতাই এই ব্যাপক বিকাশকে ত্বরান্বিত করেছে এবং আরও এক কোটি প্রিপেইড গ্রাহক বাড়িয়েছে। এতে করে ২০০৬ সালে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দুই কোটিতে দাঁড়াচ্ছে। ২০০৯ সালে এ সংখ্যা দ্বিগুণ হয়ে চার কোটিতে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে পিরামিড।
বিশেষ করে প্রতিটি প্রিপেইড মোবাইল ফোনে গড় লাভ পাঁচ ডলারে নেমে আসার পর বিশ্লেষক বুয়েন্যাভেনটুরা বাংলাদেশী অপারেটরদের প্রস্তাব দিয়েছেন, “লাভজনক প্রবৃদ্ধির জন্য এখন তাদের ব্যবসায়িক আদর্শে অবশ্যই পরিবর্তন আনা দরকার।”
তিনি বলেন, “মোবাইল কোম্পানিগুলোর জানা দরকার যে, এ দেশের অর্থনীতিতে কম আয় এবং উচ্চ আয়ের অসমতা রয়েছে। এক্ষেত্রে সম্ভাবনাকে কাজে লাগাতে তাদের একটি নতুন ব্যবসায়িক আদর্শ বেছে নিতে হবে।”
গ্রামীণফোণের প্রধান নির্বাহী এরিক অস বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “বাধাগ্রস্ত করার মতো বিধান উঠে গেলে আমরা প্রতিযোগিতা করতে এবং আরো বেশি গ্রাহক বাড়াতে সক্ষম হব।”
তিনি মোবাইল ফোন সংযোগ এবং টেলিযোগাযোগ যন্ত্রপাতির ওপর আরোপিত করকে ‘প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধক’ হিসাবে চিহ্নিত করেছেন।
এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের জিএসএম অপারেটরস চেয়ারম্যান মেহবুব চৌধুরী সিম কার্ড ব্যবহারের মাধ্যমে ফিক্সড ফোন অপারেটরদের পেছনের দরজা দিয়ে বাজারে প্রবেশের অনুমতি দেওয়ায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রকদের সমালোচনা করেছেন।
বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের এ ধরনের ‘রেগুলেটরি সুবিধা’ বিনিয়োগকে নিরুৎসাহিত করে এবং বিশ্বব্যাপী যে প্রবণতা চালু আছে তার সঙ্গেও এটি সঙ্গতিপূর্ণ নয় বলে তিনি জানান।
মেহবুব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “ফিক্সড ফোন নয়, সর্বত্রই মোবাইল ফোন টেলিযোগযোগের বিকাশে ভূমিকা রেখেছে।”
তাঁর বিশ্বাস, ২০০৯ সালের মধ্যে বাংলাদেশের মোবাইল বাজার পাঁচ কোটি গ্রাহক লাভে সক্ষম হবে।
তিনি বলেন, “সরকার বিতর্কিত আদেশ জারি করে ভুল পদক্ষেপ না নিলে গ্রাহকের সংখ্যা এই অংকও ছাড়িয়ে যেতে পারে।”
জিএমএস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বিতভাবে পিরামিড এ প্রতিবেদন প্রণয়ন করে। এতে আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে রাষ্ট্রয়াত্ত বিটিটিবির একচেটিয়া ব্যবস্থার সমালোচনা করা হয়। এতে “আন্তঃসংযোগের ক্ষেত্রে” বিটিটিবির “অপ্রতিযোগিতামূলক চর্চার” বিষয়টিকে মোবাইল অপারেটরদের জন্য প্রধান বাধা বলে সমালোচনা করা হয়েছে।
মোবাইল অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি খালিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “ঐতিহাসিকভাবে বিটিটিবির অনুকূলে থাকা আন্তঃসংযোগ ব্যবস্থাকে বাস্তবসম্মত করে তোলার ব্যাপারে আমরা রাজি করানোর চেষ্টা করছি।”
এ ব্যাপারে তেমন কোনও ভূমিকা না রাখার জন্য তিনি বিটিআরসিকে দায়ী করে বলেন, “অবৈধ মোবাইল ফোনের ব্যবসা করছে যেসব ফিক্সড ফোন তাদের "ঙ্গে আন্তঃসংযোগ স্থাপনের জন্য রেগুলেটররাই বরং আমাদের ঠেলে দিচ্ছে।”
