ড. ইউনূসের গ্রামীণ ফোনের মালিকানা দাবি আমলে নিচ্ছে না নরওয়ে
নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এরিক শোলহেম বলেছেন, গ্রামীণ ফোনের নিয়ন্ত্রণ নিয়ে মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিনরের দ্বন্দের বিষয়ে সেদেশের সরকার কোন হস্তক্ষেপ করবে না।
সম্প্রতি নরওয়ের রাজধানী ওসলোতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের খবর সংগ্রহ করার সময় এরিক শোলহেম বাংলাদেশী সাংবাদিকদের বলেন, “টেলিনর একটি স্বতন্ত্র কোম্পানি এবং মুহাম্মদ ইউনূস একজন ব্যবসায়ী।
তিনি বলেন, “যে কোন সফল কোম্পানিতে দ্বন্দ্ব একটি স্বাভাবিক ব্যাপার এবং গ্রামীণ ফোন একটি সফল ব্যাবসায়িক প্রতিষ্ঠান। ড.ইউনূস এবং টেলিনরের মধ্যেই মালিকানা নিয়ে দ্বন্দ্বের নিরসন হবে।”
নরওয়ের টেলিকম খাতের অন্যতম প্রধান কোম্পানি টেলিনর গ্রামীণ ফোনের ৬২ শতাংশ শেয়ারের মালিক। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ৩৮ শতাংশ শেয়ারের মালিক।
এর আগে গত ৫ ডিসেম্বর ফরচুন ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাতকারে ক্ষুদ্র ঋণের জনক ড. ইউনূস টেলিনরেরর সমালোচনা করেন। তিনি দাবি করেন, টেলিনর তাদেরকে পরবর্তী ছয় বছরের মধ্যে অধিকাংশ শেয়ার দিতে রাজী হয়েছিল।
ড. ইউনূসের দাবি প্রত্যাখান করে টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফ্রেডরিক বাকাসাস ফরচুন ম্যাগাজিনকে বলেন, “আমরা কোম্পানিতে শেয়ারের পরিমাণ কমানোর কখনোই কোন প্রতিশ্র“তি দিইনি।”
এছাড়া মালিকানার বিষয়টি পর্যালোচনার জন্য ড. ইউনূস ওসলোতে পরিচালনা বোর্ডের একটি বৈঠকের যে প্রস্তাব দিয়েছিলেন জন ফ্রেডরিক তাও প্রত্যাখান করেন।
নরওয়ের জাতীয় টেলিভিশন চ্যানেল এনআরকে টেলিনরের সঙ্গে গ্রামীণ ফোনের দ্বন্দ্বের বিষয়টি তাদের খবরের প্রধান শিরোনাম করে।
ওই অনুষ্ঠানে বিনিয়োগ কোম্পানি ইন্সকিলডার বিশ্লেষক ওলে পিটার কিজারক্রিট বলেন, “টেলিনরের বিশাল অগ্রগতি এবং দীর্ঘ বছর বিনিয়োগের পর এটা একটি অগ্রহণযোগ্য ব্যাপার বলে আমি মনে করি।”
অনুষ্ঠানের অপর একজন অংশগ্রহণকারী নরওয়ের একটি ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জো হেনরিকসন বলেন, “এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানীর একটি চুক্তি সাক্ষর হয়েছে, যেখানে গ্রামীণ ব্যাংক ও টেলিনর যৌথ অংশীদার। এটা বাংলাদেশ ও নরওয়ের আইনেরও পরিপন্থী।”
ড. ইউনূস গত ৯ ডিসেম্বর ওসলোতে টেলিনরের সদর দপ্তর সফর করেন। তার পরদিন তিনি নোবেল পুরস্কার গ্রহণ করেন। নরওয়ের ১৩৬ বছরের পুরাতন পত্রিকা আফতেনপোস্তেন তাদের প্রতিবেদনে জন ফ্রেডরিক বাকাসাসের সঙ্গে ড. ইউনূসের করমর্দনের একটি হাস্যোজ্বল ছবি ছাপা হয়।
“ওসলো সফরের প্রথম দিন নরওয়ের একটি কোম্পানির সঙ্গে ব্যবসায়ীক দ্বন্দ্ব নিরসনের লক্ষে বৈঠকে বসার আগে নোবেল বিজয়ীর জন্য এই প্রতিচ্ছবি স্বাভাবিক ছিল না” বলে আফতেনপোস্তেনের ওই প্রতিবেদনে মন্তব্য করা হয়।
সংবাদপত্রটিতে বলা হয়, নরওয়ের একাধিক রাজনীতিবিদ এই দ্বন্দ্বকে ‘অস্বস্তিকর’ বলে অবহিত করেছেন এবং নরওয়ের নোবেল কমিটির সাধারণ সম্পাদক ৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দ্বন্দ্বের বিষয়টি আড়ালে রাখার চেষ্টা করেন।
ড. ইউনূস ১০ ডিসেম্বরের নোবেল পুরস্কার অনুষ্ঠানের বক্তব্যেও গ্রামীণ ফোনের ওপর মালিকানার দাবির কথা তুলে ধরেন।
তিনি বলেন, “গ্রামীণ ব্যাংকের দরিদ্র মহিলাদের অধিকাংশ মালিকানা প্রদানের মাধ্যমে শেষ পর্যন্ত কোম্পানিটিকে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের লক্ষ্য ছিল। আমরা এই লক্ষে কাজ করছি। আগামী দিনে গ্রামীণ ফোন দরিদ্রদের মালিকানায় একটি বৃহৎ প্রতিষ্ঠানের উদাহারণে পরিণত হবে।”
তার এই বক্তব্যের পর টেলিনরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কর্পোরেট কমিউনিকেশন অ্যানা সিসিল শাকানভিক আফতেনপোস্তেনের সঙ্গে সাক্ষাতকারে বলেন, “মাত্র এর আগের দিনই নোবেল পুরস্কার বিজয়ী টেলিনরের কার্যালয় সফর করেন এবং আজকের গ্রামীণ ফোন প্রতিষ্ঠায় ভূমিকার জন্য আমাদের ধন্যবাদ দেন। কিন্তু নোবেল বক্তব্যে টেলিনরের নাম শোনার পর আমরা বুঝতে পারি এটা সমাধানের পথ না।”
আফতেনপোস্তেন পত্রিকায় সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি সেসময় বিষয়টি নিয়ে আলোচনা করবে না বলে নরওয়ে সরকারকে জানিয়েছিল। কারণ তা যেন নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোন প্রভাব না ফেলে।
