২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হলো ‘কানেক্টপ্লাস’

বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে তাদের বাংলাদেশ কার্যালয়ের যোগাযোগ রক্ষা করতে চালু হলো উচ্চনিরাপত্তাসম্পন্ন দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা ‘কানেক্টপ্লাস’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু সাঈদ খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বিশ্বখ্যাত টেলিকম কোম্পানি সিঙ্গাপুরের সিংটেল ও বাংলাদেশের অ্যাডভান্স ডাটা নেটওয়ার্কস সিস্টেম লিমিটেড (এডিএনএসএল) সোমবার থেকে যৌথভাবে এ সেবা চালু করেছে।

বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) সাবমেরিন কেবল ব্যবহার করে সিংটেল আইপি-ভিপিএন বা ইন্টারনেট প্রটোকল বেজড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সার্ভিস এনেছে। এখন থেকে এডিএনএসএল বিটিটিবির নোড ব্যবহার করে নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীদের এর সাথে যুক্ত করবে।

বাংলাদেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, যাদের বিশ্বের অনেক স্থানেই অফিস রয়েছে তারাও এর সুফল পাবে।

এ প্রসঙ্গে এডিএনএসএলের চেয়ারম্যান আসিফ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেন, “বাংলাদেশে উচ্চপর্যায়ের যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে সিংটেলের সঙ্গে যৌথভাবে চালু করা এই সেবা একটি মাইলফলক হয়ে থাকবে।”

“সিংটেল কানেক্টপ্লাস যে বিটিটিবির সাবমেরিন ক্যাবলকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে, তাতে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ সরকার। আমাদের এই কোম্পানি স্থানীয়ভাবে যোগাযোগের ব্যবস্থা করে দেবে। এর অর্থ হলো, কানেক্টপ্লাসের প্রসার মানেই আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা আরও উন্নত হওয়া।”

“বর্তমানে স্যাটেলাইট লিংকের ওপর যে নির্ভরতা রয়েছে কানেক্টপ্লাস তা অনেকাংশে দূর করবে। এর ফলে স্যাটেলাইট সংযোগ প্রদানকারীদের কাছে প্রতি মাসে চলে যাওয়া প্রায় পাঁচ লাখ ডলার বাঁচানো যাবে।”

“আমাদের উদ্ভাবনী সেবা এবং নির্ভরযোগ্য অবকাঠামোর সঙ্গে সিংটেল খুবই মানানসই। আমাদের এই উদ্যোগকে পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

এ প্রসঙ্গে সিংটেলের ব্যবসা সম্প্রসারণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ওঙ সুন ন্যাম বলেন, “ব্যবসা ও বিনিয়োগে উদারপন্থা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অনেকখানি এগিয়ে দিয়েছে।”

তিনি ব্যাখ্যা করে বলেন, “কানেক্টপ্লাস সেবা গ্রহণ করে তারাই সবচেয়ে বেশি উপকৃত হবেন যাদের উৎপাদনমুখী ব্যবসা আছে এবং যেখানে সরবরাহকারী, ক্রেতা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর একাধিক কার্যালয়ের মধ্যে নির্ভরযোগ্য যোগাযোগ রক্ষা করতে হয়।”

এডিএনএসএল সিংটেলের সঙ্গে যৌথভাবে মাল্টি প্রটোকল লেবেল সুইচিং আইপি বেজড ভিপিএন সার্ভিসও চালু করেছে। এই ব্যবস্থায় গ্রাহকরা অভেদ্য নিরাপত্তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশে কানেক্টপ্লাসের প্রথম সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর একটি হলো যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ পোশাক তৈরির প্রতিষ্ঠান ফিলিপস-ভ্যান হুসেন।