২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে যাচ্ছে সিমেন্স নকিয়ার যৌথ বিনিয়োগ

আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা সিমেন্স ও নকিয়ার যৌথ উদ্যোগকে পিছিয়ে দিয়েছে। ২০০৭ সালের জানুয়ারি থেকেই সিমেন্স ও নকিয়া একসঙ্গে কাজ করবে বলে ধারণা করা হচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু সাঈদ খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 03:22 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তবে এখন মনে করা হচ্ছে এই উদ্যোগ পিছিয়ে ২০০৭ সালের প্রথম তিন মাসের মধ্যে শুরু হবে। বৃহস্পতিবার দুই কোম্পানির এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়।

চলতি বছরের ১৯ জুন নকিয়া এবং সিমেন্স তাদের টেলিকম নেটওয়ার্ক ডিভিশনের সমান অংশীদারিত্বে ৩১৬০ কোটি আমেরিকান ডলারের একটি যৌথ উদ্যোগ শুরু করার ঘোষণা দেয়। নতুন এই কোম্পানির নাম ঠিক করা হয় নকিয়া সিমেন্স নেটওয়ার্কস বা এনএসএন।

এর ঠিক পরই নভেম্বরের মধ্যভাগে মিউনিখের সরকারি কৌঁসুলি এবং সুইস মানি লন্ডারিং কর্তৃপক্ষ সিমেন্স কোম্পানির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে ব্যাপক তদন্ত শুরু করে।

পুলিশ, কর বিভাগ এবং সরকারি আইনজীবীদের প্রায় ৩০০ সদস্যের দল মিউনিখে সিমেন্স সদর দপ্তরে প্রধান নির্বাহীর কার্যালয়সহ জার্মানি ও সুইজাল্যান্ডের বিভিন্ন অফিসে অভিযান চালায়।

এ সময় ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ায় অনেক ধরনের টেলিকম চুক্তি নিরাপদ করতে উৎসবিহীন তহবিল পরিচালনার দায়ে সিমেন্সের গুরুত্বপূর্ণ সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আছেন সাবেক এক পরিচালক টমাস গ্যানসউইডট, অর্থ শাখার সাবেক প্রধান মাইকেল কুটশহেনরয়টার এবং এন্টারপ্রাইজ ডিভিশনের প্রধান এন্ডি মেটস।

প্রভাবশালী জার্মান শিল্প প্রতিষ্ঠান সিমেন্সের ১৫৯ বছরের ইতিহাসে এমন ঘটনা বিরল। কোম্পানির পক্ষ থেকে তখন দাবি করা হয়, তাদের কাছে থাকা উৎস বহির্ভূত তহবিলের পরিমাণ এক বিলিয়ন ইউরোর নিচে।

কিন্তু আবারো তদন্তে ধরা পরে, ঘুষ দিয়ে বিভিন্ন টেলিকম চুক্তি করার লক্ষ্যে তারা ৪৫০ মিলিয়ন ইউরো বা ৫৫ কোটি ৫০ লক্ষ ডলার তহবিল গড়ে তোলে।

তদন্তে জানা যায়, ২০০৪ সালের এথেন্স অলিম্পিক গেমসের সিকিউরিটি সিস্টেম বসানোর চুক্তি করিয়ে দেয়ার বিনিময়ে নাইজেরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট সানি আবাচা এবং মধ্যস্বত্ত্বভোগীরা সিমেন্সের কাছ থেকে পুরস্কৃত হয়। এছাড়া মিশর, সৌদি আরব, কুয়েত, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে সম্পাদিত চুক্তিগুলোও সন্দেহজনক প্রমাণিত হয়েছে।

ব্লুমবার্গে ইতালির ঊর্ধ্বতন কৌঁসুলি কুনো তারফুসের বলেন, ১৯৯৪ সালে তার দেশের রাষ্ট্রনিয়ন্ত্রিত ফোন কোম্পানি ইতালটেল এসপিএ-এর একটি শেয়ার কেনার ক্ষেত্রেও দুর্নীতি হয়ে থাকতে পারে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সিমেন্সকে হুমকি দিয়ে বলেছে আসন্ন বড়দিনের আগে অবস্থান সুস্পষ্ট করতে না পারলে তাদের সদস্যপদ স্থগিত করা হবে। টিআই জার্মানির উপপ্রধান পিটার ফন ডিসেম্বরের শুরুর দিকে ব্লুমবার্গে বলেন, “শিল্পক্ষেত্রে আমাদের অংশীদারদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সাড়া দেওয়া উচিত। আমাদেরই কোনো সদস্য দুর্নীতিতে সরাসরি জড়িত থাকলে সেটি হবে খুবই বিব্রতকর।”

বৃহস্পতিবার ফিনান্সিয়াল টাইমসের এক নিবন্ধে বলা হয়, “দুনীতির অভিযোগ সিমেন্সের কাজের প্রক্রিয়ার পাশাপাশি কোম্পানির ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধায়ক বোর্ডের সামর্থ্য নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে।”

এ ধরনের জোরালো মন্তব্যের কারণেই সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক সিমেন্স এবং নকিয়াকে বৃহস্পতিবার যৌথ বিবৃতি দিতে বাধ্য করেছে। তাতে বলা হয়, সিমেন্সের আর্থিক লেনদেনের পর্যালোচনা শেষ হওয়ার পর দুই কোম্পানি যৌথ উদ্যোগ শুরু করবে। এজন্য তারা এনএসএন এর কার্যক্রম শুরুর তারিখ পুনর্নির্ধারণ করতে চায়।