মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ হচ্ছে বাংলাদেশে
গত কয়েক বছর বাংলাদেশে সফটওয়্যার নিয়ে বেশ কাজ হলেও পিছিয়ে ছিলো হার্ডওয়্যার। তবে ভালো খবর হলো, কিছুদিন ধরে মাইক্রোকন্ট্রোলার নিয়েও কাজ হচ্ছে বাংলাদেশে।
কদিন আগে এনার্জিপ্যাক এরকমই একটা কাজ করিয়ে নিয়েছে বুয়েটের শিক্ষার্থীদের দিয়ে। আর তাদের এই যন্ত্রটির নাম হলো ‘অন লোড ট্যাপ চেঞ্জার’ ।
অন লোড ট্যাপ চেঞ্জার অনেকটা এ্যাডাপ্টার-এর মতো কাজ করে। ধরা যাক কোন ট্রান্সমিশন লাইনে ১১ কেভি ভোল্টেজে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এ কারেন্ট প্রবাহিত হওয়ার সময় ভোল্টেজের আপ-ডাউন হতে পারে। সামান্যমাত্রার আপ-ডাউন খুব সাধারন একটা ঘটনা। কিন্তু কখনো কখনো এর মাত্রা অনেক বেড়ে যায় এবং এর ফলে ঘটতে পারে দুর্ঘটনা। তাই এই ফ্ল্যাকচুয়েশনকে সেফটি রিজিয়নে রাখার জন্যই দরকার হয় অন লোড ট্যাপ চেঞ্জারের।
লাইনে যে কোন ধরনের আপ-ডাউন ডিটেক্ট এবং একে সেফটি লিমিটের মধ্যে রাখার দায়িত্ব এই ট্যাপ চেঞ্জারের। এটা ডিটেক্ট করে যে কোন ধরনের ফ্ল্যাকচুয়েশন ঠিক কতক্ষন ধরে অবস্থান করছে এবং সে অনুযায়ী এটি সিগন্যাল পাঠায় মূল কন্ট্রোলারে। এ যন্ত্রে একটা এলসিডি স্ক্রিন আছে যেখানে রিডিং, সেফটি রিডিং ও সর্বোচ্চ কতক্ষন সেফটি লিমিটের বাইরে থাকতে পারবে এসব তথ্য দেয়া থাকবে । রিডিংগুলো ইউজার ডিফাইন্ড হতে হবে এবং প্রয়োজনমত চেঞ্জ করা যাবে।
আগে এই যন্ত্র আনা হতো সিমেন্স থেকে। দাম পড়তো এক লাখের কাছাকাছি। এছাড়া ভারত থেকে বেশ কিছু নিুমানের যন্ত্র আসতো যাতে এলসিডি স্ক্রিন ছিল না। কিন্তু বুয়েট শিক্ষার্থীদের তৈরী করা মেশিনের কোয়ালিটি সিমেন্সের কাছাকাছি হলেও দাম পড়বে মাত্র ১০ থেকে ১২ হাজার টাকা।
যন্ত্রটির নির্মাতা বুয়েট শিক্ষার্থীদের মধ্যে পাভেল সম্প্রতি পাশ করেছেন ইলেকট্রিক্যাল বিভাগ থেকে। কাজ করছেন এনার্জিপ্যাক-এর রিসার্চ বিভাগে। প্রদিপ এবং আমির পড়াশুনা করছেন বুয়েটের লেভেল ৪ টার্ম ২ এর ইলেকট্রিক্যাল বিভাগে।
পাভেল জানালেন, কাজটি হলো একটা ডিসি-ডিসি কনভার্টার তৈরি করা। এটা বেশ কঠিন একটা কাজ। বিশেষ করে এসি-এসি কনর্ভাটরের সাথে তুলনা করলে। এই কাজটি করতে সময় লেগেছিলো প্রায় তিনমাসের মত।
এ কাজে পাভেলের সাথে ছিলেন দুই বন্ধু মিকাঈল এবং মাসুম। পাভেল বললেন, এই কাজ দেখে এনার্জিপ্যাক তাদেরকে বড় কাজ দেবার সিদ্ধান্ত নিয়েছে । সে সিদ্ধান্তের অংশ হিসেবেই এসেছিল মাইক্রোকন্ট্রোলার তৈরির কাজ। এই যন্ত্রটির হার্ডওয়্যার ডিজাইন এবং পিসিবি ডিজাইনের কাজ করেছেন পাভেল নিজে। এ ক্ষেত্রেও তার সংগে ছিলেন মীকাঈল এবং মাসুম।
যন্ত্রের এ্যসেম্বলিং-এর কাজ করেছেন প্রদিপ এবং সফটওয়্যার ডিজাইনের কাজ করেছে সৈকত। আর মোডিফাই করেছেন আমির।
পাভেল ও তার সহযোগীরা জানালেন, বুয়েটের অনেক ছেলেমেয়ে কাজ করতে আগ্রহী। এনার্জিপ্যাকের মত অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে এলে তারা কম খরচে তৈরী করিয়ে নিতে পারবে তদের প্রয়োজনীয় যন্ত্রপাতি। তেমনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুজায়গাতেই বাংলাদেশ পাবে ভালোমানের কিছু দরকারি যন্ত্র।
