বাংলাদেশে মোবাইল ওয়াইম্যাক্স সিস্টেম আনছে অগ্নি
শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবা দানকারী অগ্নি সিস্টেম লিমিটেড ফিক্সড, নোম্যাডিক এবং মোবাইল ওয়্যারলেস ব্রডব্যান্ড সেবা চালু করতে বাংলাদেশে এই প্রথম মটোরোলার ওয়াইম্যাক্স সিস্টেম স্থাপন করতে যাচ্ছে।
অগ্নির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হংকং থেকে টেলিফোনে বলেন, “জানুয়ারির কোনো এক সময়ে ঢাকায় বাণিজ্যিকভাবে এটি চালূ হবে এবং ২০০৮ সালের মাঝামাঝিতে অন্যান্য শহরেও এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে।”
সালাম বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ব্যাপক ভিত্তিতে বাজারে আসা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য প্রিমিয়াম সার্ভিস চালু করার বিষয়টিও এর মধ্যে আছে।”
হংকংয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) টেলিকম ওয়ার্ল্ড ২০০৬ এ সোমবার ওয়াইম্যাক্স সিস্টেম চালু করার এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, “পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ কিংবা ওয়্যারলেস ল্যান-বিশিষ্ট মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীরা আমাদের সার্ভিস ব্যাবহার করতে পারেন।”
মটোরোলার একসেস পয়েন্ট (এপি) ১০০ সিরিজ সিস্টেম ব্যবহারের মাধ্যমে স্থাপনের প্রথম পর্যায়টি হবে একটি ফিক্সড আউটডোর সলিউশন। বিনিয়োগ করা টাকা দ্রুত উঠিয়ে আনার (আরওআই) জন্য যেসব এলাকায় গ্রাহকদের ঘণত্ব বেশি সেখানে দ্রুত এবং কম খরচে ওয়্যার ব্রডব্যান্ড সেবা দেওয়ার ক্ষেত্রেও অগ্নি সহায়তা করবে।
২০০৭ সালের শেষ চার মাসের মধ্যে এটির দ্বিতীয় পর্যায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে এমআইএমও টেকনিকের সহায়তায় মটোরোলার ওয়াইম্যাক্স এক্সেস পয়েন্ট ৪০০ সিরিজ সিস্টেম ব্যবহার করে অগ্নির সিস্টেম মোবাইল ওয়াইম্যাক্স সিস্টেমে সম্প্রসারিত করা সম্ভব হবে। এই সিস্টেমটি হবে ৩ দশমিক ৫ জিএইচজেড ফ্রিকোয়েন্সির।
তিনি বলেন, “ফিক্সড, নোম্যাডিক এবং মোবাইল গ্রাহকদের জন্য সহায়ক ক্যারিয়ার ক্লাস ওয়াপ ৪০০ প্ল্যাটফর্মে ভবিষ্যতে মাইগ্রেশনের বিষয়টিকে সমর্থন করতে এটি অগ্নির অনুকূলে কাজ করবে।”
আব্দুস সালাম তার নেটওয়ার্ক বান্ডেল ‘ওয়াই-ফাই’ এক্সেস সিস্টেম হবে বলে জানান।
অগ্নি বা মটোরোলার পক্ষ থেকে চুক্তির মূল্য সম্পর্কে কিছু না জানালেও তা ৫০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট শিল্পের লোকজন।
এ প্রকল্পে অগ্নির বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়ন করেছে ওয়ার্ল্ড ওয়াইড অপরচ্যুনিটি ফান্ড (ডব্লিউডব্লিউওএফ)। নিউইয়র্ক ভিত্তিক অর্থব্যবস্থাপক টেরা পার্টনার্সের একটি বিশ্বব্যাপী বিনিয়োগ তহবিল ডব্লিউডব্লিউওএফ।
অগ্নি সিস্টেমের চেয়ারম্যান এবং টেরা পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হেরল্ড গোল্ডেন বলেন, ডব্লিউডব্লিউওএফ মটোরোলার ওয়াইম্যাক্স সলিউশন ব্যবহারে বাংলাদেশে অগ্নিকে অর্থায়নের জন্য এ তহবিল গঠিত হয়েছে। এর ফলে ঢাকার সংযোগ সমস্যার চ্যালেঞ্জ কাটিয়ে উঠা সম্ভব হবে।
গোল্ডেন বলেন, “অগ্নির সম্প্রসারণ পরিকল্পনায় সহযোগিতার ক্ষেত্রে টেরার সিদ্ধান্তে অগ্নিকে জ্ঞান ও সহযোগিতা দেওয়ার ব্যাপারে মটোরোলার সম্মতি একটি উল্লেখযোগ্য বিষয়।”
“এ রকম বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে মটোরোলার যন্ত্রপাতি অগ্নির কিনে নেওয়াটা কোনো বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে বাংলাদেশে এই প্রথম বিনিয়োগ। এটি মটোরোলা, ওয়াইম্যাক্স সিস্টেম এবং বাংলাদেশের ভবিষ্যতের প্রতি তাদের আস্থার প্রতিফলন।”
