তথ্য প্রযুক্তি কনসোর্টিয়ামে যুক্ত হলো গ্রামীণ ব্যাংক
আন্তর্জাতিক পর্যায়ে তথ্য প্রযুক্তি খাতকে জোরদারের লক্ষ্যে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ), সিসকো সিস্টেমসসহ বেশ কয়েকটি সংস্থার সমন্বয়ে নবগঠিত একটি যৌথ উদ্যোগ এনক্লুশন-এ যোগ দিচ্ছে গ্রামীণ ব্যাংক।
রোববার হংকংয়ে আইটিইউ এর টেলিকমিউনিকেশন ওয়ার্ল্ড ২০০৬ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান গ্রামীণ ব্যাকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
এনক্লুশনে যোগ দেওয়ার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংককে সহায়তা করায় আইটিইউকে কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, “এর মাধ্যমে রোমাঞ্চকর, উন্মুক্ত এবং অংশীদারিত্বের একটি পথে আমাদের যাত্রা কেবল শুরু হলো। আন্তর্জাতিক এই প্রচেষ্টার সঙ্গে জড়িত হওয়ার জন্য আমি অন্যদেরও উৎসাহ দিচ্ছি।”
অনুষ্ঠানে শিল্পপতি, বিভিন্ন দেশের সরকারি পদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ড. মুহাম্মদ ইউনূস দরিদ্র জনগণের টেকসই আয়ের সংস্থানের প্রয়োজনে ক্ষুদ্র ঋণ এবং তথ্যপ্রযুক্তির শক্তিকে যৌথভাবে কাজে লাগানোর আন্তর্জাতিক আইসিটি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আইটিইউ-এর বিদায়ী মহাসচিব ইয়োশিয়ো উতসুমি বলেন, “এটি বাস্তব অর্থেই একটি জোরদার অংশীদারিত্বের প্রকল্প, যেখান থেকে সামনের বহু বছর ধরে ব্যাপক সুবিধা পাওয়া যাবে।”
তিনি ড. ইউনূসের প্রশংসা করে বলেন, “গত মে মাসে তার বক্তব্য শোনার পর থেকেই আইটিইউ এর পুরো টিম প্রচারবঞ্চিত আইসিটি খাত এবং ক্ষুদ্রঋণকে জোরদার করতে প্রফেসর ইউনূসের স্বপ্ন বাস্তবায়নের জন্য গ্রামীণ ব্যাংকের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়।”
আইসিটি খাত শক্তিশালী করার জন্য নতুন এ উদ্যোগটি এই প্রথম পারস্পরিক সহযোগিতার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এটি বাড়ির দরজা থেকে সীমান্ত পর্যন্ত দুই সংস্থার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের ১৭ মে আইটিইউ ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড গ্রহণের সময় অধ্যাপক ইউনূসের নির্দেশনাও তারা কাজে লাগাতে চায়।
এর সঙ্গে যুক্ত হওয়ার ফলে গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী তিন হাজারেরও বেশি ক্ষুদ্রঋণ সংস্থা এবং ১০ কোটি গ্রহীতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। সদস্য ১৯১টি দেশ এবং ৬৫০টি বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় সাধন করবে আইটিইউ।
এছাড়া অসংখ্য স্বাধীন এবং নিজ অর্থায়নে পরিচালিত গ্রুপও এই উদ্যোগে জড়িত হয়ে তথ্যপ্রযুক্তি, টেকসই ব্যবসার মডেল এবং সামর্থ্য বৃদ্ধির বিষয়ে কাজ করবে।
