এ বছর হচ্ছে না ‘বেসিস সফট এক্সপো-২০০৬’!
বাংলাদেশের সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন ‘বেসিস’-এর নিয়মিত বাৎসরিক আয়োজন ‘বেসিস সফট এক্সপো-২০০৬’ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নিদেনপক্ষে এ বছর আর আয়োজন করা সম্ভব হচ্ছে না এরকমটাই জানিয়েছেন বেসিসের কর্তা ব্যক্তিরা।
তবে আর মাত্র তিনদিন সময় থাকলেও এই অনিশ্চয়তার ঘোষণা দেননি তারা।
উল্লেখ্য, এ নিয়ে তৃতীয় বারের মতো পিছিয়ে গেল এবারের এক্সপো। এবারের নির্ধারিত উদ্বোধনের দিন ছিল ৭ ডিসেম্বর। কিন্তু এরই মধ্যে অংশগ্রহণেচ্ছু প্রতিষ্ঠানগুলোকে বেসিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই অনিশ্চয়তার কথা।
জানা গেছে, ইতোমধ্যে স্টল বুকিংও দিয়েছিল প্রতিষ্ঠানগুলো।
এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে এবারের মেলার আহ্বায়ক ফাহিম মাশরুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ অবস্থার কথা স্বীকার করেন। তিনি রাজনৈতিক অস্থিরতাকেই এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। নির্বাচনের পর মেলার পর্দা উঠতে পারে এমন সম্ভাবনার কথা জানান তিনি।
