র্যাংকসটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিটিসেল
ঢাকা এবং অন্যান্য এলাকায় লাইসেন্স ছাড়া মোবাইল ফোন সার্ভিস চালু করার ব্যাপারে র্যাংকসটেলের বিরুদ্ধে অভিযোগ এনেছে সিটিসেল।
“র্যাংকসটেলের এ অপরাধমূলক কাজের অনুসন্ধান ও তদন্ত” চালানোর জন্য সিটিসেল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কাছে আবেদন জানিয়েছে।
ঢাকা মহানগর এবং আশপাশের এলাকায় ফিক্সড ফোন (পিএসটিএন) র্যাংকসটেলের কার্যক্রম চালানোর কোনও অনুমোদন নেই। সিটিসেলের অভিযোগ, এসব এলাকা কার্যক্রম পরিচালনা ছাড়াও র্যাংকসটেল মোবাইল ফোন সেবার ব্যাপারেও প্রস্তাব দিয়েছে। সিটিসেল এটিকে “নগ্ন অপব্যবহার এবং আইনের লঙ্ঘন” হিসেবে উল্লেখ করেছে।
সূত্র জানিয়েছে, সিটিসেলের নির্বাহীরা বৃহস্পতিবার বিটিআরসি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে গিয়ে তারা তাদের অভিযোগের প্রমাণ তুলে ধরেন। ‘প্রমাণ’ হিসেবে তারা সেখানে বসেই র্যাংকসটেলের একটি মোবাইল হ্যান্ডসেটে কল করেন।
বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুকের অনুরোধে সিটিসেলের কর্মকর্তারা র্যাংকসটেলের ওই সংযোগ (নাম্বার ০৪৪৩৩৮৭৬২৬) এবং একটি মোবাইল হ্যান্ডসেট (নোকিয়া ৩১৫৫) হস্তান্তর করেন।
রোববার সিটিসেল আনুষ্ঠানিকভাবে তাদের অভিযোগ দায়ের করে। সিটিসেলের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে বলা হয়, “র্যাংকসটেল এবং এর কর্মকর্তাদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।”
র্যাংকসটেলের হেড অব দ্য কর্পোরেট অ্যাফেয়ার্স মোস্তাক হোসেন বলেন, “সিটিসেল র্যাংকসটেলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। এটা জানতে পেরে আমরা অত্যন্ত আহত হয়েছি। কারণ দুটি কোম্পানির মধ্যে একটি অত্যন্ত আন্তরিক সম্পর্কে রয়েছে।”
তিনি সিটিসেলের অভিযোগকে পক্ষপাতপূর্ণ এবং ভিত্তিহীন বলে নাকচ করে দিয়ে বলেন, “আমরা আবারও বলছি যে ঢাকা মাল্টি এক্সচেঞ্জ এলাকার আওতায় আমাদের কোনও নেটওয়ার্ক বা গ্রাহক-ভিত্তি (সাবক্রাইবার বেইস) নেই।”
অবশ্য র্যাংকটেলের ওয়েবসাইটে (www.rankstel.com/coverage.htm) ঢাকা মহানগর এবং সংলগ্ন এলাকাকে এর নেটওয়ার্কের আওতাভুক্ত হিসেবে দেখানো হয়েছে। যদিও এ ব্যাপারে তাদের আদৌ কোনও অনুমোদন নেই। এ ব্যাপারে মোস্তাক হোসেনের কাছে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করেননি।
সিটিসেলের নির্বাহীরা কীভাবে র্যাংকসটেলের নেটওয়ার্কের মাধ্যমে বিটিআরসি চেয়ারম্যানের কার্যালয় থেকে একটি মোবাইল ফোন থেকে কল দিয়ে কথা বললেন এ ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলতে পারেননি মোস্তাক হোসেন।
মোস্তাক হোসেন বলেন, “বিটিআরসি পিএসটিএন অপারেটরদের রিম/সিম কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে। এই অনুমোদনে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে যে, র্যাংকসটেলের রিম কার্ড র্যাংকসটেলের অপারেশনাল এরিয়ার বাইরে কার্যকর হবে না।”
