২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ডটেলের গ্রাহকরা বিটিটিবিতে ফোনের সুবিধা পাবেন

মেট্রোপলিটন এলাকায় প্রথম ল্যান্ডফোন কোম্পানি ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিমিটেডের গ্রাহকরা বিটিটিবিতে ফোন করার সুবিধা পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এ লক্ষ্যে সম্প্রতি বিটিটিবির সঙ্গে ওয়ার্ল্ডটেলের একটি চুক্তি সাক্ষর হয়েছে বলে ইমপ্যাক্ট পিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিগ্গিরই ঢাকা মেট্রোপলিটন এলাকায় ল্যান্ডফোন কার্যক্রম চালু করার জন্য সম্পাদিত চুক্তিটি ওয়ার্ল্ডটেলের প্রস্তুতিরই অংশ।

সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় পিএসটিএন টেলিফোন নেটওয়ার্ক স্থাপন ও পরিচালনার জন্য ওয়ার্ল্ডটেল অনুমোদন পেয়েছে। প্রাথমিকভাবে তারা এক লাখ সংযোগ নিয়ে কার্যক্রম শুরু করবে।

দ্বিতীয় পর্যায়ে কোম্পানিটি আরো দুই লাখ সংযোগ দেবে। তারা পূর্ণাঙ্গ টেলিযোগাযোগ সেবা দেবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম মেহতাব চৌধুরী বলেন, “ওয়ার্ল্ডটেল বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই চুক্তি বিটিটিবির সঙ্গে যথাযথ সংযোগ নিশ্চিত করবে।”

বিটিটিবির চেয়ারম্যান আলীবর্দী খন্দকার এবং ওয়ার্ল্ডটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম মেহতাব চৌধুরী নিজ নিজ পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।

ওয়ার্ল্ডটেল তাদের ল্যান্ডফোন কার্যক্রমের জন্য কেবল সংযোগের পাশাপাশি ওয়্যারলেস লোকাল লুপ (ডব্লিউএলএল) প্রযুক্তি ব্যবহার করবে। তারা ইতোমধ্যে চীনা কোম্পানি জেডটিই এর সঙ্গে একটি হার্ডওয়্যার কার্যক্রম চুক্তিও সাক্ষর করেছে।

ঢাকায় ল্যান্ডফোনের উচ্চ চাহিদা পুরণ করাই কোম্পানিটির লক্ষ্য। এ ছাড়া অন্য অপারেটরদের চেয়ে তাদের বিল তুলনামূলকভাবে কম হবে বলেও কোম্পানি জানায়।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় ল্যান্ডফোন সেবা দেওয়ার জন্য ওয়ার্ল্ডটেল ২০০১ সালে আনুমোদন (লাইসেন্স) পায়। বাংলাদেশে বর্তমানে ল্যান্ডফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় প্রায় ১০ লাখ, যাদের অধিকাংশই বিটিটিবির গ্রাহক।