গ্রামীণফোন ও একটেল এর বিরুদ্ধে প্রতারণার মামলা
দেশের শীর্ষস্থানীয় দুই মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও একটেল এর বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে বুধবার দুটি মামলা হয়েছে।
প্রতারণার অভিযোগ এনে অ্যাডভোকেট রফিকুল ইসলাম গ্রামীণফোনের বিরুদ্ধে এবং অ্যাডভোকেট হাফিজ উদ্দিন একটেল এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
ঢাকা সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এসএম সৈয়দ মুজিবুল হক বুধবার শুনানি শেষে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলা দুটিতে আসামী করা হয়েছে গ্রামীনফোনের প্রধান নির্বাহী এরিক অস ও রুবাবা দৌলা মতিন এবং একটেল ফোনের ব্যবস্থাপনা পরিচালক আহমদ বিন ইসমাইল ও বিপণন বিভাগের প্রধান আসিফ ইকবালকে।
মামলার অভিযোগে বলা হয়, “আসামীগণ তাদের প্রতিষ্ঠানকে আর্থিক লাভবান করার উদ্দেশে এবং নিজেরাও লাভবান হওয়ার জন্য অন্যায় ও অবৈধভাবে সাধারণ নাগরিকদের প্রলোভনের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করে তাদের সীম বিক্রি বাড়াইবার উদ্দেশে বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশনের বিজ্ঞাপন প্রকাশ করে সাধারণ মানুষকে প্রতারিত করছেন।”
বাদিরা আরও অভিযোগ করেন, ৭ নভেম্বর বিভিন্ন পত্রিকায় ওই ফোন কোম্পানি দুটি বিজ্ঞাপন দেয়। যেখানে বলা হয়, “৭ নভেম্বর থেকে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা খরচ করলে হ্যান্ড সেট ক্যামেরা, ৫০১ টাকা থেকে ১০০০ টাকা খরচ করলে প্লাজমা টিভি, ১০০১ টাকা থেকে ৩০০০ টাকা খরচ করলে জাপানী গাড়ি, ৩০০০ টাকার বেশি খরচ করলে পাওয়া যাবে অ্যাপার্টমেন্ট।” বাদীরা এ ধরনের বিজ্ঞাপনকে বেআইনী ও অবৈধ বলে উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের বিজ্ঞাপন প্রকাশ করে উপরোক্ত আসামীরা ২৯৪ (খ) ধারায় অপরাধ করেছেন।
