এক বছরে বাংলালিংক এর ৩৪৮% প্রবৃদ্ধি
চলতি বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে বাংলালিংকের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ। এক বছর আগে এর গ্রাহক সংখ্যা ছিল ছয় লাখ এক হাজার। অর্থাৎ এই সময়ের মধ্যে কোম্পানিটির প্রবৃদ্ধি হয়েছে ৩৪৮ শতাংশ।
বাংলালিংকের মূল কোম্পানি মিশরীয় টেলিযোগাযোগ কোম্পানি ওরাসকম টেলিকম হোল্ডিংয়ের (ওটিএইচ) প্রকাশিত এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়।
গ্রাহক সংখ্যা হিসেবে দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবা প্রদানকারী কোম্পানি বাংলালিংক এশিয়া ও আফ্রিকায় ওটিএইচের মোট আটটি সহযোগী কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।
চলতি বছর তৃতীয় পর্যায়ে (জুলাই-সেপ্টেম্বর) ওরাসকম গ্রুপভুক্ত কোম্পানিগুলোর আয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি (২৯ শতাংশ) প্রবৃদ্ধি হয়েছে বাংলালিংকের।
এই সময়ের মধ্যে বাংলাদেশে এর গ্রাহক সংখ্যা বেড়েছে পাঁচ লাখ ৭০ হাজার। আর মোবাইল ফোন বাজারে নিজেদের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখার অংশ হিসেবে এর অংশীদারিত্ব বেড়েছে ১৫ দশমিক ৩০ শতাংশ।
সেপ্টেম্বর পর্যন্ত এর প্রিপেইড গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ এবং এক্ষেত্রে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ৩৬১ শতাংশ। বাংলালিংকের এই অগ্রযাত্রার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সেপ্টেম্বর মাসে ছাড়া প্রিপেইড প্যাকেজ ‘দেশ’। এক্ষেত্রে ওই প্যাকেজের অবদান ৬০ শতাংশ বলে কোম্পানিটি জানায়।
তাদের দাবি, সহজ অফ-নেট শুল্কমূল্যের কারণে বাজারে প্রচলিত প্রিপেইড প্যাকেজগুলোর মধ্যে এটাই হলো সবচেয়ে আকর্ষণীয়।
গ্রাহককে অ্যাকাউন্টে ছোট ছোট অংকের টাকা জমা রাখতে সাহায্য করার জন্য বাজারে আনা ‘আই’ টপআপ’ নামের ইলেক্ট্রনিক ভাউচার ব্যবস্থা আয় বাড়াতে এবং ব্যয়সাপেক্ষ স্ক্যাচ কার্ড তৈরির খরচ কমাতে সাহায্য করবে বলে বাংলালিংক আশা করছে।
কোম্পানিটির পোস্টপেইড গ্রাহক সংখ্যা সেপ্টেম্বর পর্যন্ত দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার এবং এক্ষেত্রে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৭৭ শতাংশ।
ওই তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি মাসে গ্রাহক প্রতি গড় আয় (এআরপিইউ) তিন দশমিক ৩০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আগের তিন মাসে এআরপিইউ ছিল তিন দশমিক ১০ ডলার। তবে গ্রাহক সংখ্যা বাড়ায় গত বছর একই সময়ের তুলনায় এই হার ৪২ শতাংশ কমে এসেছে।
কোম্পানিটি অবশ্য প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের এআরপিইউ আলাদা করে প্রকাশ করে না।
জুলাই-সেপ্টেম্বর মাসে এর আয় হয়েছে দুই কোটি ৬৩ লাখ ডলার। এক বছর আগে এর পরিমাণ ছিল দুই কোটি ২০ লাখ। অর্থাৎ এই সময়ের মধ্যে কোম্পানির আয় বেড়েছে ২৯ শতাংশ। সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলালিংকের মোট আয় হয়েছে ছয় কোটি ৩০ লাখ ডলার।
ক্রমবর্ধমান গ্রাহক সংখ্যার কারণে স্বাভাবিকভাবেই প্রতি মাসে জনপ্রতি হিসেবে এর এয়ারটাইম ব্যবহারের হার কমেছে। এই হার এখন প্রতি মাসে ১৩৭ মিনিট যা এক বছর আগের তুলনায় ৩০ শতাংশ কম।
এ বছর এখন পর্যন্ত বাংলালিংক আট কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করেছে যা পুরো ২০০৫ সাল ধরে বিনিয়োগকৃত অর্থের তুলনায় ১০ লাখ ডলার বেশি।
