ঢাকা-চট্টগ্রাম সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন
ঢাকা ও চট্টগ্রামের মধ্যে টেলিযোগাযোগের ফাইবার অপটিকস ক্যাবল সংযোগ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
ফলে ঢাকায় সাবমেরিন ক্যাবল গ্রাহকরা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
খবর পেয়ে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) তাদের একটি রক্ষণাবেক্ষন দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে। তারা ফেনীর পাশে কুমিল্লা শহরে ক্যবলের বিচ্ছিন্ন অংশটি চিহিৃত করেছেন।
এ ব্যাপারে বিটিটিবির একজন উর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, ক্যাবল বিচ্ছিন্নের ঘটনাটি একটি নাশকতামূলক কাজ বলে সন্দেহ করা হচ্ছে।
বিটিটিবি কর্মকর্তা বলেন, “কারণ ওই অঞ্চলে বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের কোন রক্ষণাবেক্ষন কাজ চলছে না, যা সাধারণত এই ধরণের ক্যাবল বিচ্ছিন্নের প্রাথমিক কারণ হয়ে থাকে।”
তিনি বলেন, “ শ্রমিক স্বল্পতার কারণে আমরা রাতের মধ্যে ক্যাবল মেরামত করতে অক্ষম।”
নাম প্রকাশ না করার শর্তে বিটিটিবির ওই কর্মকর্তা আরো বলেন, “আমাদের প্রকৌশলীরা রাতের মধ্যে সকল প্রস্তুতি শেষ করছেন। মাটি খোঁড়ার জন্য সকালে শ্রমিক ভাড়া করে ক্যাবল তোলার পর তারা তা মেরামত করবেন।”
তিনি বলেন, “ফলে মঙ্গলবার ক্ষতিগ্রস্থ ফাইবার অপটিক ক্যাবল প্রতিস্থাপন না করা পর্যন্ত বিটিটিবির সাবমেরিন ক্যাবল গ্রাহকরা সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন।”
এ ব্যাপারে কুমিল্লা থানায় একটি সাধারণ এজাহার (জিডি) দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিভিন্ন ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানী এবং তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বিটিটিবির সাবমেরিন ক্যাবল ব্যবহার করে থাকে।
