২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাতের মুঠোয় টেলিভিশন

লন্ডন স্কুল অব ইকনমিকসের (এলএসই) এক প্রতিবেদনে বলা হয়েছে, সবসময় টিভির প্রাপ্যতা না থাকায় শিগগিরই মোবাইল টিভি প্রচলিত টিভির জায়গা নিয়ে নিতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু সাঈদ খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 03:40 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তবে এতে আরো বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রচলিত টিভির সঙ্গে প্রতিযোগিতা করলেও মোবাইল টিভি আসলে প্রচলিত টিভির পরিপূরক হিসেবেই কাজ করবে।

নোকিয়ার সহায়তায় লন্ডন স্কুল অফ ইকনোমিক্সের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ড. শাইনি ওরগার্ড ‘দিস বক্স ওয়াজ মেড ফর ওয়াকিং’ শীর্ষক এই প্রতিবেদনটি তৈরি করেন।

শাইনি ওরগার্ড বলেন, মোবাইল টিভি ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোন স্থানে যে কোন সময়ে অনুষ্ঠান দেখতে পারবেন। এমনকি তারা ওয়েবে নিজেদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরী ও আপলোডও করতে পারবেন। অন্যদিকে সম্প্রচার প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীদের জন্য বিভিন্ন আকর্ষনীয় অনুষ্ঠান দেখার সুযোগ করে দেবে।

তিনি আরো বলেন, চলার পথে প্রচলিত টেলিভিশনের চেয়ে মোবাইল টিভির কাছ থেকে বেশি সুবিধা পেতে চাইলে প্রচলিত টিভিতে বিদ্যমান সুবিধাগুলোর পাশাপাশি ইন্টারনেট ব্যবহারেরও সুযোগ থাকতে হবে।

এরই মধ্যে মোবাইল টিভি এবং ডিজিটাল ভিডিও অনুষ্ঠান সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে। ২০১১ সালের মধ্যে মোবাইল টিভির গ্রাহক সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

“টেলিভিশনের নতুন যুগে আমরা পদার্পণ করতে যাচ্ছি” উল্লেখ করে নোকিয়ার মাল্টিমিডিয়া বিভাগের পরিচালক হাররি ম্যানিস্টো বলেন, এলএসই এর প্রতিবেদন সম্প্রচার সংস্থা ও বিজ্ঞাপনদাতা উভয়, পক্ষের সম্ভাবনাকেই তুলে ধরেছে।

বিজ্ঞাপন শিল্পে মোবাইল টিভির প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং এই শিল্পের জন্য নতুন সম্ভাবনা নিয়ে ভবিষ্যতবাণী করেন ওরগার্ড তার প্রতিবেদনে।

বিজ্ঞাপনদাতারা এখন মোবাইল টিভিতে পরীক্ষামূলকভাবে ৫-৭ মিনিটের বিজ্ঞাপন দিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।

মোবাইল টিভিতে বিজ্ঞাপনদাতারা সুনির্দিষ্ট ব্যবহারকারীর জন্য কাস্টমাইজড মেসেজ প্রচার করতে পারবেন, যা প্রচলিত টেলিভিশনের মাধ্যমে সম্ভব নয়। এর সাফল্যের হার ইনটারনেটের চেয়ে অনেক বেশি।

ওরগার্ড বলেন, “যে কেউ একবার টিভির প্রতি আসক্ত হয়ে পড়লে, তার জন্য এর চেয়ে বড় মাদক আর হতেই পারে না।” ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমস চলাকালে চীনের পাশাপাশি বিশ্বব্যাপী মোবাইল টেলিভিশনের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল চলার সময় বিশ্বের প্রতি ১৩ জনে এক জন মোবাইল ফোন গ্রাহকের হাতে মোবাইল টিভি থাকবে বলেও গণমাধ্যম বিশ্লেষকরা ভবিষ্যতবাণী করেছেন। 

শুরুর দিকে মোবাইল টিভি সম্ববত ১৮ থেকে ৩৪ বছর বয়সীরাই বেশি ব্যবহার করবে। কোরিয়া, জাপান ও চীনের অভিজ্ঞতা থেকে দেখা যায়, সচরাচর যুবকরা বিশেষ করে ২৫ বছরের কম বয়সীরাই মোবাইল টিভি বেশি ব্যবহার করে থাকে।

তবে এলএসই-এর প্রতিবেদনে মোবাইল টিভি সরঞ্জামের উচ্চ মূল্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যার ব্যয় বহন করা কম বয়সীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে।

অন্যদিকে শিশু ও কিশোররা ভূলভাবে মোবাইল টিভির ব্যবহার শুরু করলে তাদের অভিবাবকরাও এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন।

এ কারণে ডিজনি মোবাইল ইতিমধ্যে বিশেষ কোন নম্বরে শিশুদের প্রবেশ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অভিভাবকদের জন্য একটি সফটওয়্যার তৈরি করেছে। মোবাইল টিভির অনুষ্ঠান নিয়ন্ত্রণেও তারা প্রায় একই ধরনের আরেকটি সফটওয়্যার তৈরির পরিকল্পনা নিয়েছে।