বাজারে এলো গ্লোবালস্টারের হালকা ও ক্ষুদ্রতম স্যাটেলাইট ফোন
যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ফোন সেবা প্রদানকারী কোম্পানি গ্লোবালস্টার বৃহস্পতিবার জিএসপি-১৭০০ মোবাইল স্যাটেলাইট টেলিফোন নামে একটি নতুন মডেলের হালকা ও ক্ষুদ্র হ্যান্ডসেট উদ্বোধন করেছে।
কোম্পানির স্যাটেলাইট নেটওয়ার্কের অধীনে বিশ্বের ছয়টি মহাদেশের ১২০টিরও বেশি দেশে নতুন মডেলের এই ফোনটি ব্যবহার করা যাবে।
প্রায় ২০৩ গ্রাম ওজনের জিএসপি-১৭০০ ফোনটি কোম্পানির আগের মডেলের স্যাটেলাইট হ্যান্ডসেটের ওজনের প্রায় অর্ধেক। প্রায় ১৩ দশমিক ৪২ কিউবিক ইঞ্চি বা ২২০ সেন্টিমিটার আয়তনের এই সেটটি আগের মডেলের তুলনায় প্রায় ৪৫ শতাংশ ক্ষুদ্র।
সেটের লিথিয়াম-আয়ন ব্যটারির টকটাইম হবে চার ঘণ্টা। স্ট্যান্ডবাই টাইম হবে ৩৬ ঘণ্টা। বিশ্বের ছয়টি ভাষায় সেটটি পরিচালনা করা যাবে। নান্দনিক তিনটি রঙে এই সেটটি এখন বাজারে পাওয়া যাচ্ছে।
সারা বিশ্বে কোম্পানিটির দুই লক্ষাধিক স্যাটেলাইটভিত্তিক ভয়েজ ও ডাটাযুক্ত মোবাইল ফোন সক্রিয় রয়েছে। ডাটা ও ভয়েজ সেবার মধ্যে রয়েছে মোবাইল ও ফিক্সিড স্যাটেলাইট টেলিফোন, সিমপ্লেক্স ও ডুপ্লেক্স স্যাটেলাইট ডাটা মডেম এবং ফ্লেক্সিবল সার্ভিস প্যাকেজ সুবিধা।
মূলত তেল ও গ্যাস ক্ষেত্র, সরকার, খনি, বন, মাছের ব্যবসা, সেবাদান প্রতিষ্ঠান, সামরিক বাহিনী, পরিবহন, ভারী নির্মাণ শিল্প, জরুরি প্রস্তুতিমূলক কাজ ও ব্যবসায়ীক যোগাযোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারকারীরা গ্লোবালস্টারের গ্রাহক।
তাদের ডাটা সলিউশন প্যাকেজটি বিভিন্ন সম্পদ অনুসন্ধান, তথ্য পর্যালোচনা এবং এসসিএডিএ অ্যাপলিকেশন ব্যবহারকারীদের জন্য আদর্শ বলেও কোম্পানিটি দাবি করে থাকে।
