২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকম ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ড. ইউনূস

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বরে হংকং এ অনুষ্ঠেয় ‘টেলিকম ওয়ার্ল্ড ২০০৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু সাঈদ খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 10:47 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানায়।

আইটিইউ এর মহাসচিব ইউশিও উতসুমি বলেন, অধ্যাপক ইউনূস উন্নয়নশীল দেশগুলোতে নতুন প্রযুক্তির মাধ্যমে প্রায়োগিক জ্ঞানের প্রসার ঘটিয়েছেন।

তিনি বলেন, “নোবেল পুরস্কার জয় করায় আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তিনি আইটিইউ টেলিকম ওয়ার্ল্ডের মঞ্চে আমাদের সঙ্গে অংশ নেবেন জেনে আমরা আনন্দিত।”

এদিকে ইউনূস আইটিইউকে বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে দরিদ্র মহিলাদের দারিদ্র্য থেকে দ্রুত উত্তরণে সহায়তা করে বলে আমি এতে উৎসাহিত হয়েছি।”

ইউনূস বলেন, “দরিদ্র ও তথ্য প্রযুক্তির মাঝে বিদ্যমান ব্যবধান দূর করতে ক্ষুদ্রঋণ কিভাবে সেতু তৈরি করছে তা আমি দেখেছি। আমাদের যা প্রয়োজন তাহলো একটি ব্যবসায়িক মডেল তৈরি করা যাতে করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি আয়ের উৎস হয়ে দাঁড়াতে পারে।” ইয়োশিয়ো উতসুমি ড. ইউনূসকে ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের ব্যক্তিত্বদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন ওই অনুষ্ঠানে।

একজন উজ্জীবিত নেতা এবং আইটিইউ এর “যুক্ত কর বিশ্বকে” শীর্ষক কর্মসূচির একজন সমর্থক হিসেবে ইউনূস ওই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে জানা গেছে। প্রযুক্তিগত বিভেদ এবং “২০১৫ সাল নাগাদ বিযুক্তদের যুক্ত কর” শীর্ষক কর্মসূচির মধ্যে মেলবন্ধনই এই ঘোষণার প্রধান লক্ষ্য।

এর আগে চলতি বছর আইটিইউ বিশ্ব তথ্য প্রযুক্তি পুরস্কার গ্রহণের সময় ড. ইউনূস আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সরকার, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান জানান। যাতে তথ্য প্রযুক্তি দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি উপার্জনমূলক কাজ হিসেবে ব্যবহৃত হতে পারে।