এবার কলকাতায় তৈরি হবে মোবাইল ফোন সেট
তথ্যপ্রযুক্তি খাতে ভারতের সাফল্যের ধারাবাহিকতায় এবার কলকাতায় তৈরি হবে মোবাইল ফোন সেট।
বাঙালি মালিকানাধীন সংস্থা সিমোকো টেলিকমিউনিকেশন এ উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে, আগামী বছরের প্রথম নাগাদ বাজারে পাওয়া যাবে নতুন এ মোবাইল ফোন সেট। ।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, চিন থেকে মোবাইল সেটের যন্ত্রাংশ আমদানী করা হবে। এরপর কলকাতার সল্টলেকের কারখানায় যন্ত্রাংশগুলো অ্যাসেম্বল করে তৈরি করা হবে পূর্ণাঙ্গ মোবাইল সেট। প্রথম কিস্তিতে এ প্রকল্পে বিনিয়োগ করা হবে ৬০ কোটি রুপি।
এ বিষয়ে সিমোকো টেলিকমিউনিকেশনের ব্যস্থাপনা পরিচালক সঞ্জয় কুমার ঘোষ জানান, চিনের এইচওয়াইটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে যৌথ উদ্যোগে মোবাইল উৎপাদনের বিষয়টি এক রকম চূড়ান্ত হয়েছে। চিনের বাজারের ৬০ শতাংশ তাদের দখলে।
সিমোকো প্রথম পর্যায়ে ছয়টি মডেলের মোবাইল সেট বাজারে ছাড়বে। এর মধ্যে সবচেয়ে কম দামেরগুলো পাওয়া যাবে ১,৫০০ থেকে ১,৯০০ রুপির মধ্যে। ক্যামেরাসহ মডেলগুলোর দাম হবে চার থেকে সাড়ে চার হাজার রুপি। সবচেয়ে দামি মডেলটি পাওয়া যাবে ১০ থেকে ১২ হাজার রুপির মধ্যে।
ওয়্যারলেস এবং ওয়াকিটকি নিয়েও এইচওয়াইটি-র সঙ্গে সিমোকোর চুক্তি হয়েছে। প্রথমে দু’পক্ষ এ বিষয়ে গবেষণা চালাবে। ভবিষ্যতে তারা আলাদা একটি প্রতিষ্ঠান তৈরি করে পশ্চিমবঙ্গে ওয়্যারলেস ও ওয়াকিটকি উৎপাদন শুরু করবে।
