তথ্য সমাজ গঠন বিষয়ক আন্তর্জাতিক ওয়ার্কশপ রোববার শুরু
নভেম্বর মাসে তিউনিসে অনুষ্ঠেয় ইনফরমেশন সোসাইটির বিশ্ব শীর্ষ সম্মেলনকে সামনে রেখে রাজধানীতে রোববার থেকে তিনদিন ব্যাপি তথ্য সমাজ গঠন সংক্রান্ত এক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) যৌথ ভাবে এই কর্মশালার আয়োজন করেছে। বৃহস্পতিবার আইসিটি’র এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। কর্মশালায় ১৮টি দেশের ২২ জন বিশেষজ্ঞ অংশ গ্রহণ করবেন বলে উদ্যোক্তারা আশা করছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান কর্মশালার উদ্বোধন করবেন। এছাড়াও কর্মশালায় উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লেয়োনপো লেকি দর্জি এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি জর্জ লিসনার।
ওয়ার্কশপে অনুষ্ঠেয় সেমিনারগুলো হচ্ছে-ইউএন ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড অন ই-কন্টেন্ট এন্ড ক্রিয়েটিভিটি, সহস্র্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে তথ্য প্রযুক্তির ভুমিকা, ফিন্যান্সিং ফর আইসিটি ইনফ্রাস্ট্র্রাকচার অ্যান্ড সলিডারিটি ফান্ড, ইন্টারনেট গভর্নেন্স এন্ড টেলিকম রেগুলেশন, রুরাল একসেস টু আইসিটি এস এ ব্রীজ টু রিমুভ দা ডিজিটাল ডিভাইড, রোল অব সিভিল সোসাইটি অ্যান্ড দা প্রাইভেট সেক্টর ইন বিল্ডিং ইনফরমেশন সোসাইটি এন্ড ই-গভর্নেন্স : প্যাথ টুয়ার্ডস ইমপ্রুভড সিটিজেনস সার্ভিসেস।
