২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠান পুনর্গঠন: বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই টিকটকের

নিজস্ব প্রতিষ্ঠান পুনর্গঠনের অংশ হিসেবে বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই করতে শুরু করেছে টিকটক। এরইমধ্যে চাকরী হারিয়েছেন প্ল্যাটফর্মটির কিছু কর্মী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 03:51 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

মার্কিন প্রকাশনা ‘ওয়্যারড’-এর প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য কর্মীদের মানব সম্পদ বিভাগের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে টিকটক। এ ছাড়া, নিজেদের ইউরোপীয় কর্মীদেরও সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ওই সতর্কবার্তা অনুযায়ী, তাদের চাকরী হুমকির মুখে ও আসন্ন সপ্তাহগুলোতে মানব সম্পদ বিভাগের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিতে বলেছে টিকটক।

যুক্তরাজ্যের সকল বিভাগ থেকে সহকর্মী ছাঁটাইয়ের কথাও দেশটির কর্মীদের জানিয়েছে টিকটক। সোমবার সকালে কাজে এলে যুক্তরাষ্ট্রের অনেক  কর্মীকেও একই কথা শুনতে হয়েছে।

মার্কিন ওই কর্মীদের একজন ডেভিড অরটিজ, যিনি চীনের বাইরে থেকে টিকটকের নির্বাহী পদে নিয়োগ পাওয়া প্রথম ব্যক্তি। নিজস্ব লিংকডইন পোস্টে অরটিজ বলেছেন, তুলনামূলক বৃহত্তর একটি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে টিকটক এই পদ থেকে তাকে অব্যাহতি দিয়েছে।

এই প্রসঙ্গে ওয়্যারড প্রশ্ন করলে বিষয়টি অস্বীকার করেননি টিকটকের এক মুখপাত্র। তবে, বৈশ্বিক পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি। এ ছাড়া, কর্মী ছাঁটাই নিয়েও কোন বিস্তারিত বিবৃতি মেলেনি।

“প্রতিষ্ঠানটি কেবল সেই সব কর্মী ও দল ছাঁটাই করছে, যারা পরিচালকদের বিবেচনায় যথেষ্ট অবদান রাখছে না।” --বলেছেন টিকটকের একজন কর্মী।

টিকটিকের দাবি, তারা কেবল একশ কর্মী ছাঁটাই করেছে, যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ জুড়ে চাকরিরত ১০ হাজার কর্মীর ক্ষুদ্র একটি অংশ। তবে, গেইমিং, এভি/ইভি এবং সামাজিক মাধ্যমের জগতে টিকটক সেই সব শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের একটি, যারা এখন কর্মী ছাঁটাই করছে।

অর্থনৈতিক মন্দার কারণে এই খাতের বেশ কিছু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে, যার মধ্যে আছে নেটফ্লিক্স, ইউনিটি এবং টুইটারের নাম। এ ছাড়া, দুইশ জন অটোপাইলট কর্মী ছাঁটাই করেছে ইলন মাস্ক মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা। পাশাপাশি, ক্যালিফোর্নিয়ার একটি শাখাও বন্ধ করে দিয়েছে তারা।

ব্লুমবার্গ বলছে, নিজ প্রতিষ্ঠানের পাঁচ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মার্কিন প্রতিষ্ঠান রিভিয়ান।

নিজস্ব প্রতিষ্ঠানে তুলনামূলক কম যোগ্য কর্মীদের চিহ্নিত করতে বলেছে মেটা। দ্য ইনফর্মেশন বলছে, ওই সব কর্মী যোগ্যতা অনুযায়ী কাজ করতে না পারলে তাদেরকেও ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।