২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্যে এআর প্রোটোটাইপ পরীক্ষা শুরু করবে গুগল

আগামী অগাস্ট মাস থেকে জনসম্মুখে ‘অগমেন্টেড রিয়ালিটি (এআর)’-এর প্রোটোটাইপ পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে গুগল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 07:16 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

গুগল বলছে, প্রোটোটাইপটি কেবল ল্যাবের পরিবেশে পরীক্ষা করার নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি, এসব ডিভাইস কীভাবে ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে সাহায্য করবে, সেই বিষয়টিও যাচাই করতে চায় তারা।

ক্ষুদ্র পরিসরের এই পরীক্ষা চালানো হবে গুগলের হাতেগোনা কয়েকজন কর্মী ও সেই সব বিশ্বস্ত পরীক্ষকদের ওপর, যারা ডিভাইস, প্রোটোকল, গোপনতা ও নিরাপত্তা প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছেন।

পরীক্ষার জায়গা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য না দিলেও গুগল বলছে, যুক্তরাষ্ট্রের নির্বাচিত কয়েকটি জায়গায় হতে পারে এই পরীক্ষা। তবে, দেশটির স্কুল, সরকারী ভবন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, উপাসনালয়, সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান, র‍্যালি বা আন্দোলন ও একই ধরনের অন্যান্য জায়গা এই পরীক্ষার আওতাভুক্ত নয়।

মঙ্গলবার গুগল জানিয়েছে, তারা একটি এআর প্রোটোটাইপ নিয়ে কাজ করছে, যা দেখতে স্বাভাবিক চশমার মতোই। পাশাপাশি, এর মধ্যে আছে ‘ইন-লেন্স’ ডিসপ্লে, মাইক্রোফোন এবং ক্যামেরা। তবে, ক্যামেরাটি ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫গুগল।

“উদাহরণ হিসেবে, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সমর্থন করে না আমাদের এআর প্রোটোটাইপ।”--বলেছে গুগল।

“আপনার নিকটস্থ কফি শপের দিকনির্দেশনা দেখানো বা আপনার সামনে থাকা খাবারের মেনু অনুবাদের মতো অভিজ্ঞতার ক্ষেত্রে ইমেজ ডেটা ব্যবহৃত হবে।”

প্রোটোটাইপ ডিভাইসে একটি এলইডি থাকবে, যা ইমেজ ডেটা বিশ্লেষণ ও ‘ডিবাগিং’-এর জন্য কখন সংরক্ষিত হবে, সেটি চিহ্নিত করবে। কোনো দর্শক চাইলে পরীক্ষককে ইমেজ ডেটা মুছে ফেলার কথাও জানাতে পারেন ও এর পরপরই সকল লগ থেকে মুছে যাবে এটি।

মঙ্গলবার ডিভাইসটির অর্ধেক অ্যাসেম্বল করা অসম্পূর্ণ প্রোটোটাইপের একটি ছবি শেয়ার করেছে গুগল। তবে, মূল এআর ডিভাইসটি দেখতে কেমন হবে সেই বিষয়টি এখনও অজানা। ‘আই/ও’ আয়োজনে প্রদর্শিত ‘ট্রান্সলেটিং গ্লাসের’ মধ্যে ডিসপ্লে থাকলেও, এতে কোনো ক্যামেরা ছিলনা।

ন্যাভিগেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এবং ভিজুয়াল সার্চের একটি পরীক্ষা করে দেখছে গুগল। এই পরীক্ষায় থাকতে পারে ব্যবহারকারীর সামনে থাকা মেনু অনুবাদ বা ব্যবহারকারীর নিকটস্থ কফি শপের দিকনির্দেশনা পাওয়ার মতো অভিজ্ঞতা।

৯টু৫গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআর ন্যাভিগেশনের সঙ্গে এই প্রকাশ্য পরীক্ষার মাধ্যমে আবহাওয়া এবং ব্যস্ত সময়সূচীর মতো অভিজ্ঞতা সমন্বয় করতে চায় গুগল।

এ ছাড়া, ডিভাইসের টেকসইতা, ব্যবহারকারীর অভিজ্ঞতা অপ্টিমাইজ করা এবং সম্ভাবনা থাকা এই স্মার্ট গ্লাসের সামগ্রিক সহায়তা উন্নত করতে চায় গুগল।