শীঘ্রই ১৫টি গেইম হারাচ্ছে অ্যাপলের ‘আর্কেড’
অ্যাপলের গেইম ভিত্তিক গ্রাহক সেবা ‘আর্কেড’ থেকে শীঘ্রই চলে যাবে ১৫টি গেইম টাইটেল। অ্যাপস্টোরে থাকা আর্কেড ট্যাবের নীচের অংশে ‘লিভিং আর্কেড সুন’ নামে একটি নতুন বিভাগ দেখা যাচ্ছে, যেখানে সেবাটি ছেড়ে দেবে এমন গেইমগুলো তালিকাভুক্ত করেছে অ্যাপল।
আইফোনে নতুন এই বিভাগ যাচাই করে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ প্রতিবেদনে লিখেছে, এই সব গেইম কবে নাগাদ সেবাটি থেকে চলে যাবে তা নিয়ে কোনো নির্দেশনা দেয়নি নির্মাতা।
প্রযুক্তিবিষয়ক সাইট টুরআর্কেড বলছে, এর আগেও বিভিন্ন গেইম চলে গেছে আর্কেড সেবা থেকে। তবে এই প্রথমবারের মতো আর্কেড সেবাটি ছেড়ে যাওয়া গেইমগুলোর তালিকা প্রকাশ করেছে অ্যাপল।
এই প্রসঙ্গে ভার্জ অ্যাপলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোন উত্তর মেলেনি। প্রতিবেদনটি লেখার সময় আর্কেড ছেড়ে চলে যাওয়া গেইমের তালিকায় আছে:
- ● অ্যাটোন: হার্ট অফ দ্য এল্ডার ট্রি
- ব্যাটলস্কাই ব্রিগেড: হারপুনার
- কারপোক্যালিপস
- ডেড এন্ড জব
- ডোন্ট বাগ মি
- ড্রেড নটিক্যাল
- আর্থনাইট
- এক্সপ্লটেনস
- লাইফস্লাইড
- ওভার দ্য আল্পস
- প্রজেকশন: ফার্স্ট লাইট
- স্পেল ড্রিফটার
- স্পাইডারসরাস
- টোওয়াগা: অ্যামং শ্যাডোস
- ভ্যারিয়াস ডেলাইফ
ভার্জের বিবেচনায়, গেইমারদের জন্য একটি লাভজনক চুক্তি অ্যাপল আর্কেড। কারণ, বিজ্ঞাপন বা ‘ইন-অ্যাপ পার্চেস’ ছাড়াই মাসিক মাত্র ৫ ডলারের বিনিময়ে ২০০টির বেশি গেইম দিচ্ছে সেবাটি। এর মধ্যে আছে জাপানের সুপরিচিত গেইম ডিজাইনার হিরোনবু সাকাগুচির ‘ফ্যান্টাসিয়ান’সহ অ্যাপস্টোরের নিজস্ব ‘জেটপ্যাক জয়রাইড’ এবং ‘টাইনি উইংস’-এর মতো জনপ্রিয় গেইমের সংগ্রহ।
অ্যাপল এখন ইঙ্গিত দিচ্ছে, গেইমের এই লাইব্রেরি থেকে বেশ কয়েকটি গেইম চলে যেতে পারে। এই চলে যাওয়া গেইমের তালিকায় নতুন গেইম যোগ হবে কি না, সেই বিষয়টি এখনও অজানা।
ভার্জ বলছে, ‘এক্সবক্স গেইম পাস’ সেবাটির মতোই বিভিন্ন গেইম নিয়মিত ছেড়ে যাওয়ার মানসিক প্রস্তুতি নিতে হবে আর্কেড গ্রাহকদের।
