২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ডল সদৃশ গেইম হার্ডলের মালিকানা নিলো স্পটিফাই

শব্দ অনুমান করার গেইম ‘ওয়ার্ডল’-এর মতোই গান বা মিউজিক অনুমানের গেইম ‘হার্ডল’কে কিনে নিয়েছে অডিও স্ট্রিমিং সেবা স্পটিফাই।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 06:11 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

স্পটিফাই নতুন এই গেইম কেনার ঘোষণা দিয়েছে ১২ জুলাই মঙ্গলবার।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ মজা করে বলেছে, হার্ডল খেলতে গিয়ে গেইমটি আপনাকে যদি স্পটিফাই অ্যাপে নিয়ে যায়, তবে অবাক হবেন না, এটি কোনো ধরনের ত্রুটি নয়।

ওয়ার্ডল গেইমটির সবচেয়ে জনপ্রিয় ‘স্পিনঅফ’-এর একটি হচ্ছে হার্ডল। প্রতিদিনের শব্দ অনুমানের গেইমটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস কিনে নিয়েছিল এর মালিকানা।

হার্ডল গেইমের মধ্যে একটি জনপ্রিয় গানের প্রথম সেকেন্ড শুনতে পান ব্যবহারকারী। ওই গান এক সেকেন্ডের মধ্যে অনুমান করতে পারলে গেইমটি জিতে যান তিনি। আর গানটি অনুমান করতে না পারলে আরও ছয়টি সুযোগ দেওয়া হয় ব্যবহারকারীকে, যেখানে প্রতিটি ব্যর্থ অনুমানের পর ক্লিপের সময়কাল দ্বিগুণ হয়ে যায়।

শেষ অনুমানের সময় পুরো ১৬ সেকেন্ড পান ব্যবহারকারী, যার মাধ্যমে তিনি আসলেই সঙ্গীত অনুরাগী কি না, সেই বিষয়টি যাচাই করা সম্ভব হয়।

“বিদ্যমান হার্ডল গেইমারদের জন্য গেইমটির চেহারা এবং অনুভূতি একই ধরনের এবং সবার জন্য ‘ফ্রি-টু-প্লে’ গেইম হিসেবেই থাকবে এটি।” --এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্পটিফাই।

“এবং আজ (১২ জুলাই) থেকে এটি কার্যকর হলো যে গেইমটি শেষ হলে স্পটিফাইয়ে পুরো গানটি শুনতে পারবেন গেইমাররা।”

স্পটিফাইয়ের অধিগ্রহনের আগে গেইমের সমর্থনে কনটেন্ট নির্মাতাদের অনুদান প্ল্যাটফর্ম ‘কো-ফি’-তে গেইমারদের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল হার্ডল। বর্তমানে, ওই পেইজ আর সক্রিয় দেখাচ্ছে না। তবে, গেইমটির সমর্থকদের তৈরি ‘লর্ডে হার্ডল’-এর মতো বিভিন্ন স্পিনঅফ পেইজ এখনও অনলাইনে দেখাচ্ছে।

নিউ ইয়র্ক টাইমস কত দামে ওয়ার্ডল কিনেছিল সেটি এখনও অপ্রকাশিত। তবে অনেকের ধারণা, এই দাম ‘সাত সংখ্যার ঘরে’। হার্ডল কিনে নেওয়ার দাম প্রকাশ করেনি স্পটিফাইও।

ওয়ার্ডল অধিগ্রহন অবশ্য সুফল বয়ে এনেছে মার্কিন সংবাদপত্রটির জন্য। বছরের প্রথম প্রান্তিকে গেইমটির নতুন ব্যবহারকারীদের কাছ থেকে কোটি কোটি ডলার আয় করেছে সাইটটি।

দৈনিক ওয়ার্ডল পাজল খেলার পর ব্যবহারকারীকে আরেকটি গেইম খেলতে দেয় নিউ ইয়র্ক টাইমস, যা ‘স্পেলিং বি’ নামে পরিচিত। ফলে, জানুয়ারিতে গেইমটি অধিগ্রহনের পর অনলাইন গ্রাহকদের কাছ থেকে মার্কিন দৈনিকের রেকর্ড আয়ের বিষয়টি সম্ভবত কাকতালীয় নয়।

ওয়ার্ডলের মতো এতটা জনপ্রিয় না হলেও, হার্ডল স্পটিফাইকে কৌশলগত দিক থেকে সাহায্য করবে বলে প্রতিবেদনে নিজেদের অনুমান প্রকাশ করেছে টেকক্রাঞ্চ।

ওয়েব বিশ্লেষক সাইট সিমিলার ওয়েব বলছে, মার্চে গেইমটির ডেস্কটপ সাইট এবং মোবাইল ওয়েবে প্রায় সাত কোটিবার এসেছেন দর্শকরা। গত মাসে, হার্ডল ওয়েবসাইটে মোট পরিদর্শন হয়েছে চার কোটি ১০ লাখ বার।

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই অধিগ্রহন যুক্তিসঙ্গত কারণ হচ্ছে, নিজস্ব অ্যাপে সঙ্গীত অন্বেষণ এবং শ্রোতা ধরে রাখার চেষ্টা করছে স্পটিফাই।

গেইম যোগ করার সম্ভাবনা থাকা স্পটিফাইয়ের জনপ্রিয় 'র‍্যাপড’ ফিচারের মতোই সামাজিক মাধ্যমে নিজেদের প্রচার বাড়ানোর সম্ভাবনা আছে হার্ডলের। এমনকি, স্পটিফাইয়ের টুইটার অ্যাকাউন্টও এই ‘রসিকতায়’ যোগ দিয়েছে।

গত কয়েক বছরে বেশ কিছু অধিগ্রহন সম্পন্ন করেছে স্পটিফাই। এগুলোর বেশিরভাগই ‘অ্যাঙ্কর’, ‘মেগাফোন’ এবং ‘পডয’-এর মতো পডকাস্টিং স্পেস। তবে, অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির কোনো গেইম অধিগ্রহনের ঘটনা এটিই প্রথম।

অন্যদিকে, নিজস্ব মৌলিক কনটেন্ট সমর্থনে গেইমিংয়ের দিকে ঝুঁকছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।