সরকারি খড়্গ ছাপিয়ে ই-স্পোর্টস বাজারের শীর্ষে চীন
নিজ দেশের অপ্রাপ্তবয়স্ক গেইমারদের ওপর খড়্গহস্ত হওয়ার পরও ই-স্পোর্টস গেইমিংয়ের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ২০২১ অর্থবছরে এই খাতে দেশটির আয় বেড়েছে ১৪ শতাংশ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের এই আয় বৃদ্ধি নিয়ে গেইমিং সংস্থা নিকো পার্টনার্স প্রতিবেদন প্রকাশ করেছে বৃহস্পতিবার। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২১ অর্থবছরে ৪০ কোটি ডলারের বেশি আয় করেছে দেশটি।
ই-স্পোর্টস বলতে পেশাদার কম্পিউটার/ভিডিও গেইমিংকে বোঝায়, যেখানে গেইমাররা প্রায়ই বড় টুর্নামেন্ট খেলে থাকেন ও বিভিন্ন লাইভস্ট্রিমের মাধ্যমে তা দেখেন সমর্থকরা।
“ই-স্পোর্টস স্পেসে চীনের যা আছে, তা হচ্ছে বিশেষ এক ধরনের সুবিধা।” – বৃহস্পতিবার সিএনবিসি’র ‘স্কোয়াক বক্স ইউরোপ’ অনুষ্ঠানে বলেছেন নিকো পার্টনার্সের ই-স্পোর্টস কনটেন্ট প্রধান অ্যালেকজান্ডার চ্যাম্পলিন।
“এটি বড় একটি বাজার, যেখানে আছে ই-স্পোর্টস কনটেন্টে আগ্রহী গেইমারের বিশাল এক জনসংখ্যা…যারা নিজেরাই পেশাদার হয়ে উঠছেন।”
গেইমিং খাতের নিয়ন্ত্রকরা কঠোর পদক্ষেপ নেওয়ার পরও আয় বাড়ছে চীনের। গত বছর ১৮ বছরের কম বয়সী গেইমারদের অনলাইন ভিডিও গেইম খেলা নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করে বেইজিং, যেখানে সপ্তাহে সর্বোচ্চ তিন ঘন্টা গেইম খেলতে পারেন তারা।
২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত নতুন গেইমের সরবরাহ ও মনিটাইজেশনের অনুমোদন বন্ধ করে রেখেছিল চীনের নিয়ন্ত্রকরা। ওই সিদ্ধান্তের ব্যাপক প্রভাব পড়ে দেশটির শীর্ষস্থানীয় গেইমিং প্রতিষ্ঠান ‘নেটইজ’ এবং ‘টেনসেন্ট’-এর ওপর।
চ্যাম্পলিন অবশ্য সতর্কবার্তা দিয়েছেন, চীনের ই-স্পোর্টস বাজার আপাতত ভালোভাবে চললেও এই সিদ্ধান্তের কিছুটা প্রভাব ভবিষ্যতে দেশটির পেশাদার গেইমিংয়ে পড়তে পারে।
“তরুণদের গেইম খেলা নিয়ে এসব নিয়ম ই-স্পোর্টস গেইমারের সরবরাহ কমিয়ে দিতে পারে। ই-স্পোর্টস শিরোনাম ও ই-স্পোর্টস তারকাদের নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও ভবিষ্যত প্রজন্মের ই-স্পোর্টস সমর্থক ও পেশাদারদের নিয়ে তারা কী করবে, সেটি নিয়ে কিছুটা উদ্বিগ্ন আমরা।” --সিএনবিসিকে বলেছেন চ্যাম্পলিন।
তরুণদের গেইম খেলা নিয়ে বিস্তৃত ক্র্যাকডাউনের পরও ই-স্পোর্টস নিয়ে দেশটির সরকারের সমর্থনও লক্ষ্য করা গেছে। গত বছর, সাংহাইয়ে পাঁচ লাখ বর্গমিটার আয়তনের একটি ই-স্পোর্টস অ্যারেনা নির্মাণের কাজ হাতে নেয় দেশটি।
চীনের চলমান আধিপত্যের মধ্যে এশিয়ার অন্যান্য দেশেও বৃদ্ধি পাচ্ছে ই-স্পোর্টস বাজার। এই খাতের অন্য দুটি বড় বাজার হচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
২০২১ সালে ই-স্পোর্টস খাতে দক্ষিণপূর্ব এশিয়ার সর্বমোট আয় আট কোটি ডলারের বেশি, যা আগের অর্থবছর থেকে ২৭.৩ শতাংশ বেশি।
গত বছর ই-স্পোর্টস খাত থেকে দুই কোটি ডলারেরও বেশি আয় করেছে ভারত, যা ২০২০ অর্থবছরের তুলনায় বেড়েছে ২৬ শতাংশ।
“এটি (ভারত) বিশাল এক বাজার। পাশাপাশি, আগে থেকেই অংশগ্রহণকারীর মাথাপিছু ডলারের অনুপাত হিসাবে অবমূল্যায়িত হয়েছে এটি।” --বলেছেন চ্যাম্পলিন।
“এর মানে হচ্ছে ভারতের ক্রয়ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গেই বাজারে আরও বেশি স্মার্টফোন আসবে, যা নতুন গেইমার ও দর্শক তৈরির সম্ভাবনাকেও ব্যাপকভাবে বাড়িয়ে দেবে।”
“ভারতীয় গেইমিং বাজারে এই খাতের মূল প্রতিষ্ঠানগুলোর ব্যাপক বিনিয়োগও দেখছি আমরা।” --যোগ করেন তিনি।
