২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস ওয়েবের যুগেও গুরুত্ব ফুরায়নি হাবলের: লামীয়া মওলা

বিশ্বজুড়ে হৈ চৈ, অভিনন্দন। চোখ কপালে ওঠা বিজ্ঞানপ্রেমী, কিশোর-তরুণ-জ্যেষ্ঠদের হাজারো প্রশ্ন আর শতশত কৌতূহলের মধ্যে জেমস ওয়েবের যুগান্তকারী ছবির ঝলকে সবাই যখন মুগ্ধ, তখনই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পে কাজ করা বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী লামীয়া মওলা বলছেন, হাবল এখনও গুরুত্বপূর্ণ!

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 04:57 PM

Updated : 02 Aug 2022, 02:01 PM

২০২০ সালে ইয়েল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করা লামীয়া এখন পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন ইউনিভার্সিটি অফ টরোন্টোর ডানলাপ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রেনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স-এ। সে কাজের সুবাদেই যুক্ত হয়েছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পে হাজার বিজ্ঞানীর দলে।

সোমবারেই এক হাজার কোটি ডলারের বেশি খরচে নির্মিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (জেডব্লিউএসটি) প্রথম ছবিগুলো প্রকাশ করেছে নাসা। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপটি নাসার হাবল টেলিস্কোপকে প্রতিস্থাপন করবে, এমন গুঞ্জন রয়েছে বাজারে।

কিন্তু, বিশাল আকারের গ্যালাক্সিগুলোর বিবর্তন আর কাঠামো পরিবর্তন নিয়ে গবেষণা চালানো লামিয়া বলছেন, বিষয়টি এত সরল নয়।

প্রথমত, কারিগরি গঠন বিবেচনায় নিলে টেলিস্কোপ দুটি একেবারেই ভিন্ন, পার্থক্য আছে অবস্থানেও। হাবলের আয়না আকারে ২.৪ মিটার; এর বিপরীতে ওয়েব টেলিস্কোপের আয়নার আকার ৬.৬ মিটার। অর্থাৎ, হাবলের চেয়ে ওয়েবের আলোকরশ্মি গ্রহণ করার সক্ষমতা বেশি। কিন্তু, দুটি টেলিস্কোপের মধ্যে তুলনা বিচার ঠিক যৌক্তিক নয় বলেই ফোর্বস সাময়িকীকে বলেছেন লামীয়া।

হাবল মানব চোখে দৃশ্যমান আলোক রশ্মিতেই মহাবিশ্ব দেখে। কিন্তু জেডব্লিউএসটি মূলত ইনফ্রারেড টেলস্কোপ, সাধারণ পরিস্থিতিতে আলোর তরঙ্গের যে অংশটুকু মানব চোখে দৃশ্যমান নয়, তার ভিত্তিতেই মহাবিশ্ব পর্যবেক্ষণ করছে নাসার নতুন টেলিস্কোপটি।

উভয় টেলিস্কোপের মূল কাজ মহাবিশ্বের দিকে রাখা হলেও, টেলিস্কোপ দুটি মহাকাশকে পর্যবেক্ষণ করছে কার্যত ভিন্ন দৃষ্টি কোণ থেকে। দুই টেলিস্কোপের পর্যবেক্ষণ থেকে আসা ডেটাতেও আছে বড় পার্থক্য।

 

১. হাবল পৃথিবীকে ঘিরে চক্কর দিলেও ওয়েব ঘুরবে সূর্যকে ঘিরে

হাবল পৃথিবীরে চক্কর দেয় বলে টেলস্কোপটিতে গিয়ে ছোটখাটো সারাই বা আপগ্রেডের কাজ করতে পেরেছিলেন নাসার নভোচারীরা। সে সুযোগ নেই ওয়েবের বেলায়।  মহাকাশে ওয়েবের অবস্থান লাগ্রাঞ্জ পয়েন্ট ২-এ, পৃথিবীতে থেকে যার দূরত্ব ১৫ লাখ কিলোমিটার। টেলেস্কোপটি যেন দিন-রাত ২৪ ঘণ্টা মাইনাস ৩৮৫ ডিগ্রি ফারেনহাইট বা ২৩৩ ডিগ্রি সেলসিয়াসে সামান্যতম তাপের চিহ্নও ধরতে পারে সে জন্যই পৃথিবী থেকে এতো দূরে ওয়েব টেলিস্কোপ। ফলে, কারিগরি কোনো জটিলতা সৃষ্টি হলে নাসার নভোচারীরা গিয়ে তার সমাধান করে দিয়ে আসবেন– এমন সুযোগ নেই বললেই চলে।

২. ওয়েবের চেয়েও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করতে পারে হাবল

সক্ষমতার বিচারে ওয়েব বেশি শক্তিশালী, তাই বিজ্ঞানীদের কাছেও এ মুহুর্তে এর চাহিদা বেশি। ওয়েবের উপস্থিতিতে হাবলের সময় নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে চাহিদা একটু কমলেও পুরনো টেপলিস্কোপটি ‘অপ্রাসঙ্গিক’ হয়ে গেছে ভাবলে ভুল হবে।

মওলার নিজের গবেষণা প্রকল্প ‘থ্রিডি-ড্যাশ’-এর অংশ হিসেবে ইনফ্রারেডের কাছাকাছি তরঙ্গে মহাকাশের ছায়াপথগুলো পর্যবেক্ষণ করতে হাবল টেলিস্কোপের সময় লেগেছে আড়াইশ ঘণ্টা।

“থ্রিডি-ড্যাশ প্রোগ্রাম হাবলের মহাকাশের বড় একটা অংশে ছবি তোলার সক্ষমতার ঐতিহ্যকেই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যেন আমাদের ছায়াপথের বাইরে ছায়াপথগুলোর রহস্য উদঘাটন শুরু করতে পারি আমরা,” বলছেন লামীয়া।

ইউনিভার্সিটি অফ টরোন্টোর ডানল্যাপ ইনস্টিটিউট ফল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক হিসেবে নিয়োজিত আছেন লামীয়া। জেডব্লিউএসটির একাধিক দলের সদস্যও তিনি।

Image
পাশাপাশি দুটি ছবিতে এই নীহারিকাটির নাম ‘সাউদার্ন রিং নেবুলা’। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা বাম পাশের ছবিতে ‘নেয়ার ইনফ্রারেড লাইট’ এবং ডান পাশের ছবিতে ব্যবহার হয়েছে ‘মিড ইনফ্রারেড লাইট’। ছবি রয়টার্স

পাশাপাশি দুটি ছবিতে এই নীহারিকাটির নাম ‘সাউদার্ন রিং নেবুলা’। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা বাম পাশের ছবিতে ‘নেয়ার ইনফ্রারেড লাইট’ এবং ডান পাশের ছবিতে ব্যবহার হয়েছে ‘মিড ইনফ্রারেড লাইট’। ছবি রয়টার্স

গেল মাসেই ‘দ্য অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল’-এ প্রকাশিত হয়েছে থ্রিডি-ড্যাশ নিয়ে গবেষণা প্রতিবেদন, তার সহ-রচয়িতা ছিলেন লামীয়া। মহাকাশের যে অংশগুলোতে নতুন নক্ষত্রের গঠন হচ্ছে, ‘থ্রিডি-ড্যাশ’-কে তার ম্যাপ বলে আখ্যা দিচ্ছেন লামীয়া মওলা। এর মাধ্যমে মহাকাশের বিরল বস্তুগুলোর খোঁজ করতে পারবেন বিজ্ঞানীরা, এরপর ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আরও খুঁটিনাটি পর্যবেক্ষণও সম্ভব হবে।

“এই ছবিটি ওয়েবের জন্য গুপ্তধনের অগভীর ম্যাপ হিসেবে কাজ করবে যার মাধ্যমে টেলিস্কোপটি ফেরত যেতে পারবে এমন নতুন লক্ষ্য খুঁজে নিয়ে তার গভীরে পর্যবেক্ষণ করতে পারবে।”

৩. হাবল আর ওয়েবের মূল পার্থক্য ‘দৃষ্টিভঙ্গিতে’

হাবল অতিবেগুণী রশ্মি এবং মানব চোখে দৃশ্যমান আলোতে মহাবিশ্ব পর্যবেক্ষণ করলেও, দীর্ঘ ইনফ্রারেড তরঙ্গে ছবি তোলে জেডব্লিউএসটি।

“মূল পার্থক্যগুলোর মধ্যে অন্যতম একটি যা হাবলকে প্রাসঙ্গিক রাখবে, সেটি হলো হাবল আল্ট্রাভায়োলেট থেকে ‘নিয়ার ইনফ্রারেড’ আলো পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারে। আর ওয়েব ‘নিয়ার ইনফ্রারেড’ থেকে ইনফ্রারেড তরঙ্গের মাঝামাঝি পর্যন্ত পর্যবেক্ষণ করে। এর মানে ওয়েব অতিবেগুনী এবং দৃশ্যমান আলো পর্যবেক্ষণ করে না।”

“তো আপনি যদি অতিবেগুনী রশ্মি আর দৃশ্যমান আলোতে কিছু পর্যবেক্ষণ করতে চান, তবে আমাদের সেটি অর্জন করতে হাবলের কাছেই ফেরত যেতে হবে,” যোগ করেন মওলা।

মহাবিশ্বের তুলনামূলক নতুন অংশগুলো পর্যবেক্ষণেই অতিবেগুনী রশ্মি আর দৃশ্যমান আলো প্রাসঙ্গিকতা বলে জানিয়েছেন মওলা। নির্দিষ্ট কোনো ছায়পথের নতুন যে নক্ষত্রগুলো ছোট ওয়েভলেন্থে খুবই উজ্জ্বল আলো ছড়ায়। তাই সার্বিক দৃশ্যপট বুঝতে আলোর সার্বিক তরঙ্গদৈর্ঘ্যে ‘মহাবিশ্বের নতুন ও পুরনো উভয় অংশের’ ডেটা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

এতে মহাবিশ্বের ‘ইতিহাস ও বর্তমান পর্যবেক্ষণ করে’ ভবিষ্যতের দৃশ্যপট চিত্রায়ন সম্ভব হবে বলে মন্তব্য তার।

ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে মহাবিশ্বের যে ছবিগুলো তোলা সম্ভব হবে তার সবগুলোই নির্ভর করবে হাবল থেকে পাওয়া তথ্যের ওপর। “হাবলের পর্যবেক্ষণের ভিত্তিতেই আমাদের সবগুলো লক্ষ্য ঠিক করা হয়েছে– আর ওয়েব এখন এতে আরও বেশি তথ্য যোগ করবে। হাবল এখানে খুবই, খুবই গুরুত্বপূর্ণ।”

৪. হাবল নয়, স্পিটজারের উত্তরসূরী ওয়েব

ওয়েব হাবলের চেয়ে বেশি হাই-রেজুলিউশনের ছবি ধারণে সক্ষম এবং ইনফ্রারেড আলোর প্রতি প্রায় ১০ গুণ বেশি স্পর্শকাতর বলে জানিয়েছেন মওলা। “তাই হাবল এতোদিন যা করে এসেছে সেই কাজ আরও  বেশি সময় ধরে আরও দ্রুত করতে পারে ওয়েব।”

তবে, ওয়েব এক্ষেত্রে হাবলের উত্তরসূরী নয় বা হাবলকে প্রতিস্থাপন করবে না। বরং নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপের জায়গা নিচ্ছে ওয়েব টেলিস্কোপ। ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত কক্ষপথে থাকলেও প্রপেল্যান্ট ফুরিয়ে গেছে স্পিটজারের।

রেজুলিউশেনর বেলায় স্পিটজারের চেয়ে ওয়েবের সক্ষমতা এতো বেশি যে বিষয়টি অনুধাবন করা কঠিন বলে জানিয়েছেন মওলা। “আকাশের ঘোলাটে অংশ হিসেবে আমরা এতোদিন যা দেখতে পেতাম সেগুলো এখন স্পষ্ট ছায়াপথ হিসেবেই দেখা যাবে।”

ওয়েবের মাধ্যমে কেবল হাজার কোটি বছর আগের ছায়াপথগুলোই স্পষ্ট হয়ে উঠবে, এমনটা নয়, ছায়াপথের গহীনের খুঁটিনাটি বৈশিষ্টও উঠে আসবে টেলিস্কোপের ছবিতে।

৫. নতুন পর্যবেক্ষণে হাবল এখনও গুরুত্বপূর্ণ

ওয়েবের উপস্থিতি আর সক্ষমতা কারণে প্রশ্ন উঠতেই পারে, হাবল কি এখনও প্রয়োজন? মওলা বলছেন ‘হ্যাঁ’। “ওয়েবের মাধ্যমে আমরা নতুন অনেক কিছু খুঁজে পাবো যা আমরা আগে চিহ্নিত করিনি। আমরা হাবলের মাধ্যমে সেখানে ফেরত গিয়ে আবার দেখার চেষ্টা করবো, হয়তো আরও বেশি সময় নিয়ে আরও গহীনে।”

“হাবল গুরুত্বপূর্ণ হয়েই থাকবে।”