২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবের ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা আসছে আইফোন, আইপ্যাডে

‘আইওএস’ এবং ‘আইপ্যাডওএস’-এ ইউটিউবের ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা আনার ঘোষণা দিয়েছে গুগল। এতে অন্যান্য অ্যাপ চালানোর সময়ও স্ক্রিনে মাধ্যমটির বিভিন্ন ভিডিও দেখতে পাবেন ব্যবহারকারী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 08:04 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

সোমবার প্রকাশিত গুগলের এক ‘কমিউনিটি পোস্ট’ অনুযায়ী, এই ফিচার শীঘ্রই  দেখতে পাবেন ‘আইওএস ১৫’-এর ব্যবহারকারীরা, যদিও সকল ডিভাইসে ফিচারটি ‘ভাগ ভাগ হয়ে’ আসতে পারে।

‘ইউটিউব প্রিমিয়াম’ গ্রাহকরা বিশ্বের সেই সব জায়গা থেকে ফিচারটি ব্যবহার করতে পারবেন, যেখানে ‘প্রিমিয়াম’ সেবা চালানোর সুবিধা আছে। পাশাপাশি, ফিচারটির মাধ্যমে যে কোনো ধরনের কনটেন্ট দেখতে পারবেন ব্যবহারকারী।

বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য কেবল যুক্তরাষ্ট্রে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা থাকার কথা উল্লেখ করেছে ইউটিউব।

যুক্তরাষ্ট্রে ফিচারটির ব্যবহার নিয়ে প্রতিষ্ঠানটি বলছে, আইফোন ও আইপ্যাডে ইউটিউব অ্যাপ চালানো সকলেই ফিচারটি ব্যবহার করতে পারলেও এটি কেবল ‘নন-মিউজিক’ কনটেন্টের ক্ষেত্রে প্রযোজ্য।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, কোনো ব্যবহারকারী যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে থাকেন, তাহলে সম্ভবত বেশ কয়েক বছর আগেই ফিচারটি তার ডিভাইসে এসেছে। পাশাপাশি, তাদের জন্য ফিচারে কোনো পরিবর্তন আনেনি বলে জানিয়েছে ইউটিউব।

এই খবর প্রিমিয়াম গ্রাহকদের কাছে কিছুটা বিভ্রান্তিকর কারণ বিকল্প উপায়ে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা অনেক দিন ধরে ব্যবহার করছেন কিছু গ্রাহক।

একই বছরের অগাস্ট মাসে প্রিমিয়াম গ্রাহকদের জন্য পরীক্ষামূলক ফিচারটি চালু হয়েছিল। তবে, ২০২২ সালের এপ্রিলে পরীক্ষাটি বন্ধ করে দেয় ইউটিউব।

প্রতিষ্ঠানটি তখন বলেছে, ফিচারটি নিয়ে ‘শীঘ্রই’ নতুন তথ্য জানাবে তারা।

ফিচারটির ঘোষণা দিতে ইউটিউবকে বেশ ‘কাঠ খড় পোড়াতে’ হয়েছে। নিজস্ব টুইট ও ব্লগপোস্টেও এই কথা স্বীকার করেছে প্ল্যাটফর্মটি। ইউটিউব বলছে, গ্রাহকদের ব্যাপক অনুরোধের পরও ফিচারটি আসতে অনেক দেরি হয়েছে।

নিজস্ব টুইটে ফিচারটি ‘ধীরে ধীরে’ গ্রাহকের কাছে পৌছানোর কথা উল্লেখ করলেও ব্লগপোস্টে প্ল্যাটফর্মটি আরও নির্দিষ্ট করে বলেছে, আগামী কয়েক দিনের মধ্যেই আসতে পারে ফিচারটি।

 

কোনো ব্যবহারকারীর ডিভাইসে ফিচারটি চালু হয়েছে কি না, তা দেখতে প্রথমে ইউটিউব অ্যাপে প্রবেশ করতে হবে। এর পর অ্যাপটিতে কোনো ভিডিও ‘প্লে’ করে সেখান থেকে বের হয়ে হোমস্ক্রিন বা অন্য অ্যাপে প্রবেশ করার মাধ্যমে ফিচারটি যাচাই করতে হবে ব্যবহারকারীকে।

ব্যবহারকারীর অ্যাকাউন্টে যদি ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু থাকে, তাহলে ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবেই স্ক্রিনে ভেসে উঠবে।

পাশাপাশি, ইউটিউব অ্যাপে ওপরে ডান পাশে থাকা প্রোফাইল পিকচারে চাপ দিয়ে, ‘সেটিংসের জেনারেল’ অপশনে ‘পিকচার-ইন-পিকচার’ নামে থাকা একটি ‘টগল’-এর মাধ্যমেও ফিচারটি চালু করতে পারবেন ব্যবহারকারী।