২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কে ফাঁস করেছেন উবারের ‘বোমা ফাটানো’ ফাইল?

‘উবার ফাইলস’ ফাঁস করে আলোড়ন সৃষ্টির এক দিনের মাথায় জনসমক্ষে এসেছেন তথ্য ফাঁসকারী; এ বিষয়ে তার অকপট স্বীকারোক্তি, “আমরা মানুষের কাছে মিথ্যা বেচেছি।”

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 07:02 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

সম্প্রতি ফাঁস হয়েছে উবারের বিশাল সংখ্যক অভ্যন্তরীণ নথিপত্র। ফাঁস হওয়া নথিপত্র বিশ্লেষণ থেকে তথ্য-প্রমাণ মিলেছ – বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা বাড়াতে জনসংযোগের নামে ঘুষ, বেআইনি সখ্যতা, নিজের সুবিধামতো বাজার পাল্টে দেওয়া বা ডিজরাপশনের পথ বেছে নিয়েছিল কোম্পানিটি।

২০১৩ থেকে ২০১৭ সালে সধ্যে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রাজনীতিবিদ, শিল্প খাতের শীর্ষ ব্যক্তি এবং মিডিয়া মুঘলদের টেক্সট মেসেজ, ইমেইল আলাপাচারিতা, এমনকি চিঠিও আছে ফাঁস হওয়া নথিপত্রের মধ্যে।

‘উবার ফাইলস’ শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর শিরোনামে আসার একদিনের মাথায় জনসমক্ষে এসছেন তথ্য ফাঁসকারী নিজে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক চিফ অফ পলিসি মার্ক ম্যাকগান বলেছেন, বিভিন্ন “সরকারের সঙ্গে আমি কথা বলছিলাম, আমি সেই ব্যক্তি যে এ বিষয়গুলো মিডিয়ার কাছে নিয়ে যাচ্ছিলাম; আমিই সবাইকে বলছিলাম তাদের আইন পরিবর্তন করা উচিত কারণ এতে ড্রাইভারদের উপকার হবে এবং মানুষ অনেক বেশি আর্থিক সুবিধা পাবে।”

 

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত চিফ অফ পলিসি পদে কার্যত প্রতিষ্ঠানের মুখপাত্রের ভূমিকা পালন করেছেন ম্যাকগান। ওই সময়ে বিশ্বব্যাপী নিজেদের রাইড-শেয়ারিং ব্যবসা চালু করছিল উবার। সে সময়ে উবার চালকদের পেশাজীবনে ইতিবাচক প্রভাব রাখা আর সার্বিক অর্থনৈতিক উন্নতির প্রতিশ্রুতি নিয়ে ম্যাকগান এখন বলছেন, “যখন দেখা গেল বিষয়টা তেমন নয় – আমরা আসলে মানুষের কাচে মিথ্যা বেচেছি – মানুষ এখন আচরণের শিকার হচ্ছেন তাতে নিজের ভূমিকা নিয়ে যদি আপনি মুখ না খোলেন তবে কি ভাবে নিজের বিবেককে পরিষ্কার রাখবেন আপনি?”

ফাঁস হওয়া এইসব নথিপত্রের একটা বড় অংশ এসেছে ম্যাকগানের কাছ থেকেই; যার মধ্যে আছে তৎকালীন প্রধান নির্বাহী ট্রাভিস কালানিকের সঙ্গে আলাপচারিতা, উবারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভিড প্লাফের সঙ্গে কথোপকথন এবং বর্তমান ফরাসী প্রেসিডেন্ট এবং দেশের তৎকালীন অর্থমন্ত্রী এমানুয়েল মাক্রোঁর মার্সেইয়ের নিয়ন্ত্রকদের সঙ্গে উবারের জটিলতা ব্যক্তিগতভাবে দেখভাল করার প্রতিশ্রুতি।

২০১৬ সালের শেষ নাগাদ উবার ছাড়েন ম্যাকগান। সে সময়ে উবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল মনে হলেও গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি প্রাপ্য বেতন-ভাতা নিয়ে উবারের সঙ্গে এক সমঝোতায় পৌঁছেছেন ম্যাকগান।

ইউরোপের বাজারে প্রবেশের সময়ে উবারের মুখপাত্রের ভূমিকা পালন করায় ব্রাসেলসে ট্যাক্সিচালকদের হামলার শিকারও হয়েছিলেন ম্যাকগান। এক্ষেত্রে উবারের আক্রমণাত্মক আচরণকেই দায়ী করেছেন তিনি। “আমার মনে হচ্ছিল যে এতে আসলে চালকদের সঙ্গে উবারের সার্বিক সম্পর্কের ইঙ্গিত এটি, নিজের আর্থিক লাভের জন্য তাদের (ট্যাক্সি চালকদের) জন্য ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছিল,” বলেন ম্যাকগান।

‘পোস্ট ট্রমাটিক স্ট্রেড ডিসঅর্ডার’ বা পিটিএসডিতে ভুগেছেন ম্যাকগান। দীর্ঘদিনের চিকিৎসায় সে পরিস্থিতির উন্নতিক হলেও তার মেডিকাল রিপোর্ট বলছে, উবারের কাজ করার সময়ে তিনি যে চাপের মধ্যে ছিলেন তার সঙ্গে যোগসূত্র রয়েছে তার অসুস্থতার।

এক পর্যায়ে এক ফরাসী আইনজীবীকে তার কাছে থাকা গোপন তথ্য সরবরাহ করেন ম্যাকগান। ট্যাক্সি চালকদের পক্ষে উবারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছিলেন ওই আইনজীবী। এ বছরের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের জেনিভায় গার্ডিয়ানের সংবাদকর্মীদের সঙ্গে দেখা করে ১৮.৬৯ গিগাবাইট ইমেইল, টেক্সট মেসেজ এবং উবারের অভ্যন্তরীণ নথিপত্র সরবরাহ করেন তিনি।

ম্যাকগানের সরবরাহকৃত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গার্ডিয়ান ও আইসিআইজিসহ প্রথমসারির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উবার বারবার রাজনৈতিক ও আইনি প্রতিবন্ধকতার মুখে পড়েছে কারন কোম্পানিটির কৌশলই ছিল কোনোকিছুর কোয়াক্কা না করে বাজারে ব্যবসা শুরু করে দেওয়া।

গার্ডিয়ানকে ম্যাকগান বলেছেন, সেবা কোনো দেশের বাজারে কোম্পানির সেবা বৈধ না অবৈধ সে বিষয়টি বিবেচনাতেই নিত না উবার। কোম্পানির কৌশলই ছিল দ্রুত ব্যবসার প্রসার ঘটানো। “অনুমতি চাওয়ার প্রয়োজন নেই। কেবল শুরু করে দিন, দ্রুত কাজ করুন, চালকদের নিয়োগ দিন, বিপণন কাজ চালান আর মানুষ খুব দ্রুত টের পাবে উবার কতোটা মহৎ।”

গার্ডিয়ান ও আইসিআইজির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সোমবারেই উবারের নিজস্ব ওয়েবসাইটে বিবৃতি দিয়েছেন কোম্পানির জনসংযোগ বিভাগের সাবেক প্রধান জিল হেজেলবেকার। বিবৃতিতে শেষ কথা হিসেবে তিনি বলেছেন, “অতীত কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে আমরা কখনো কোনো অজুহাত দেইনি আর দেবও না। আমাদের বর্তমান মূলবোধের সঙ্গে (অতীতের কর্মকাণ্ড) সামঞ্জস্যপূর্ণ নয়।”

পরের দিনেই উবারের বর্তমান মুখপাত্র নোয়াহ এডওয়ার্ডসন আরেক বিবৃতিতে বলেছেন, “আমরা বুঝতে পারছি যে আগের নেতৃতত্বের প্রতি অবিচল আনুগত্য নিয়ে মার্কের ব্যক্তিগত আফসোস আছে। কিন্তু আজকের উবার নিয়ে নির্ভরযোগ্যভাবে কথা বলার মতো কোনো পরিস্থিতিতে তিনি নেই।”

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ছয় বছর আগে উবার ছাড়ার সময়েও কোম্পানির গুণগানই করেছিলেন ম্যাকগান। ২০১৬ সালে ইস্তফা দেওয়ার সময় পাঠানো ইমেইলে উবারকে তিনি ‘প্রজন্মের এন্টারপ্রাইজ’ বলে আখ্যা দিয়েছিলন। উবারের ‘মিশনে জোর বিশ্বাস আছে’ এমনটাও বলেছিলেন তিনি।

জনসমক্ষে উবারের গুণগান গাইলেও কোম্পানিটির সঙ্গে পাওনা বোনাস নিয়ে দীর্ঘ দিন মামলা লড়েছেন ম্যাকগান। সম্প্রতি সেই মামলার নিস্পত্তি হওয়ার পর পাঁচ লাখ ৮৫ হাজার ইউরো ক্ষতিপূরণ জিতেছেন তিনি। পাওনা অর্থ বুঝে পাওয়ার পরেই উবারের অনৈতিক ব্যবসা কৌশল নিয়ে মুখ খুলেছেন তিনি।