২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্কের বিরুদ্ধে ‘বিষের বড়ি’ উদ্ভাবক টুইটার শিবিরে

ইলন মাস্কের বিরুদ্ধে আঁটঘাট বেঁধে লড়াইয়ে নামছে টুইটার; আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড ক্যাটজ-কে নিয়োগ দিয়েছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি। মাস্ককে ঠেকাতে এপ্রিল মাসে টুইটার যে ‘বিষের বড়ি’ গিলেছিল, তার উদ্ভাবকও ওই একই প্রতিষ্ঠান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 04:39 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কেরার পর প্রযুক্তি বাজারে জোর গুঞ্জন চলছিল, আরও বেশি শেয়ার কিনে কার্যত টুইটারের দখল নেওয়ার পথে হাঁটছেন মাস্ক। ওই পরিস্থিতিতে মাস্ককে মোকাবেলার কৌশল হিসেবে ১৬ এপ্রিল স্বল্প মেয়াদে ‘শেয়ারহোল্ডার রাইটস’ নামে শেয়ার কেনা-বেচার একটি বিশেষ নিয়ম চালু করেছিল টুইটার।

কেউ যদি পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই টুইটারের ১৫ শতাংশ কিংবা তার বেশি সাধারণ শেয়ারের মালিক হয়ে যান, তাহলে ‘শেয়ারহোল্ডার রাইটস’-এর অধীনে অন্য অংশীদাররা ছাড় দেওয়া মূল্যে বাড়তি শেয়ার কেনার সুযোগ পেতেন। সম্ভাব্য অধিগ্রহণকারীর আগ্রাসী পদক্ষেপ ঠেকানোর এ কৌশলই বাজারে পরিচিত ‘পয়জন পিল’ বা বিষের বড়ি নামে।

ইলন মাস্ক চার হাজার চারশ কোটি ডলারের ক্রয় প্রস্তাব বাতিল করার পর ৯ জুলাইয়েই আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলর। ব্লুমবার্গ জানিয়েছে, সেই আইনি লড়াইয়ে নিজেদের পক্ষে লড়াইয়ের জন্য ‘পয়জন পিল’-এর উদ্ভাবক হিসেবে পরিচিত ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড ক্যাটজ-কেই নিয়োগ দিয়েছে টুইটার।

শুক্রবারে টুইটার ক্রয় প্রস্তাব বাতিল করার পর সাপ্তাহিক ছুটির দিনে ‘সান ভ্যালি কনফারেন্স’-এ যোগ দিলেও সে সময়ে টুইটার নিয়ে সংবাদকর্মীদের কোনো প্রশ্নের উত্তর দেননি মাস্ক।

তবে, পুরনো অভ্যাস মতো টুইটারে রসিকতা ঠিকই করেছেন বিশ্বের শীর্ষ ধনী। টুইটারের আইনি তৎপরতা নিয়ে বানানো মিম টুইট করেছেন নিজের অ্যাকাউন্ট থেকে।

অন্যদিকে, আইনজীবী হিসেবে অভিজ্ঞ ব্যক্তিদেরই টুইটার নিয়োগ দিচ্ছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে। টুইটারের আইনজীবী দলের অন্তত দুজন সদস্য আলাদা গুরুত্ব পাচ্ছেন তাদের পূর্ব অভিজ্ঞতার কারণে। এর মধ্যে উইলিয়াম সাভিটের পরিচিতি আছে ডেলাওয়্যারের আদালতে অ্যানথেম এবং সুথবাইয়ের মতো কোম্পানির হয়ে আদালতে লড়াইয়ের জন্য।

আর ডেলাওয়্যার চ্যান্সেরি কোর্টের সাবেক চ্যান্সেলর ছিলেন লিও স্ট্রাইন। অঙ্গরাজ্যটির আদালতে ২০ বছর বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার; রাজ্যের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

অন্যদিকে মাস্ক তার পক্ষে নিয়োগ দিচ্ছেন ‘কুইন এমানুয়েল আর্কহার্ট অ্যান্ড সালিভান’-কে। গ্যালাক্সি ডিভাইস আদতে আইফোনের নকল– অ্যাপলের এমন অভিযোগের বিপরীতে আদালতে স্যামসাংয়ের পক্ষে লড়েছিল এই প্রতিষ্ঠানটি।

এর আগেও বিভিন্ন সময়ে আদালতের লড়াইয়ে মাস্কের পক্ষে ছিল এই আইনি সেবাদাতা।