কানাডায় বড় ধরনের ইন্টারনেট বিভ্রাট
কানাডার সবচেয়ে বড় মোবাইল ও ইন্টারনেট সেবাদাতা কোম্পানির বিপর্যয়ে ব্যাংকের এটিএম এবং জরুরি হটলাইন সেবাগুলোও বিঘ্নিত হচ্ছে।
বিবিসি জানিয়েছে, রজার কমিউনিকেশনসের ইন্টারনেট সেবা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে সরকারি কাজও। রজার কমিউনিকেশনস বলেছে, দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে কাজ করছে তারা।
কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, “নেটওয়ার্কে যুক্ত থাকা আমাদের গ্রাহকদের জন্য কতটা জরুরি, তা আমরা জানি।”
এখন পর্যন্ত এই বিভ্রাটের কারণ জানা যায়নি। গত ১৫ মাসে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল।
সিবিসি নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, গ্রিনিচ সময় শুক্রবার সকাল সাড়ে ৮টার (বাংলাদেশ সময় বেলা আড়াইটা) দিকে ওই কোম্পানির ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। স্বাভাবিক সময়ের চেয়ে ৭৫ শতাংশ কমে যায় ইন্টারনেট ট্রাফিক।
কানাডায় ১ কোটি ১০ লাখ গ্রাহক রয়েছে মোবাইল অপারেটর রজারস কমিউনিকেশনসের। কেবল টেলিভিশনের ব্যবসাও রয়েছে তাদের।
টরোন্টোর পুলিশ বিভাগ এক টুইটে জানিয়েছে, মোবাইল ব্যবহারকারীদের অনেকেই ফোন করে জরুরি সেবা নিতে গিয়ে সমস্যায় পড়ছেন।
অটোয়া পুলিশও টুইট করে বলছে, সংযোগ পেতে ব্যর্থ হলে আবারও চেষ্টা করতে হবে। অথবা কোনো ল্যান্ডলাইন বা অন্য কোনো মোবাইল অপারেটর থেকে ফোন করতে হবে।
ইন্টারনেট অচল থাকায় কাজে বিঘ্ন ঘটছে পাসপোর্ট অফিস, আদালত এবং যাতায়াতের টিকেট কেনায়।
টরন্টোতে হাসপাতাল পরিচালনা করে স্কারবরো হেলথ নেটওয়ার্ক। তাদের অন-কল মেডিকেল কর্মীদের ইন্টারনেট সচল না হওয়া পর্যন্ত কর্মক্ষেত্রে এসে কাজ করতে বলা হয়েছে।
কিবেক প্রদেশে ফ্যাশন মুঘল পিটার নাইগ্রাদের মামলার শুনানি পিছিয়ে দিয়েছে মনট্রিয়ালের আদালত, কারণ কারা কর্তৃপক্ষ কোনোভাবেই ভিডিও কনফারেন্সে পিটার নাইগ্রাদের অনলাইন হাজিরা নিশ্চিত করতে পারছিল না।
শহর এলাকায় লোকজন রেস্তোরাঁ কিংবা এমন জায়গায় ছুটে যাচ্ছেন, যেখানে ওয়াই-ফাই কাজ করছে।
একজন স্টারবাকস গ্রাহক রয়টার্সকে বলেছেন, “এখানে শত শত মানুষ ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে তাদের জরুরি কাজ সারার জন্য। অনেকের বাড়িতে ইন্টারনেট একেবারেই কাজ করছে না।”
এক বছর তিন মাসের মাথায় রজারসের ইন্টারনেট সেবায় দ্বিতীয় দফা বড় ধরনের বিপর্যয় ঘটল।
গত এপ্রিলে গ্রাহকরা অভিযোগ করেছিলেন, ডেটা নামাতে গেলে অথবা ভয়েস কল করতে গেলে তারা নিরবচ্ছিন্ন ইন্টারনেট পাচ্ছিলেন না।
