ইউক্রেইন প্রশ্নে রাশিয়ার নভোচারীদের ‘নিন্দা’ নাসার
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ‘ইউক্রেইন বিরোধী’ পতাকা নিয়ে ছবি তোলায় রাশিয়ার তিন নভোচারীর প্রতি তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
রাশিয়ার মহাকাশ সংস্থা ‘রসকসমস’-এর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মহাকাশ স্টেশনের মধ্যে ‘লুহানস্ক পিপল’স রিপাবলিক’ এবং ‘ডনেটস্ক পিপল’স রিপাবলিক’-এর পতাকা ধরে দাঁড়িয়ে আছেন রাশিয়ার নভোচারীরা, যেগুলো পুর্ব ইউক্রেইনের রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল।
“ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধ সমর্থনে রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছে নাসা।” --এক ইমেইল বিবৃতিতে বলেছেন নাসার জনসংযোগ প্রধান জ্যাকি ম্যাকগিনেজ।
“স্টেশনে ১৫টি আন্তর্জাতিক অংশগ্রহণকারী দেশের মধ্যকার বিজ্ঞানের অগ্রগতি ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে প্রযুক্তি বিকাশের প্রাথমিক নীতিমালার সঙ্গেও মৌলিকভাবে বেমানান এটি।”
এটি রাশিয়ার বিরুদ্ধে নাসার নিন্দা জানানোর বিরল একটি ঘটনা, কারণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অংশীদার হিসেবে কাজ করছে তারা।
ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও মহাকাশ স্টেশনের কার্যক্রম অব্যাহত রাখতে এক সঙ্গে কাজ করছে নাসা এবং রসকসমস। এ ছাড়া, দুই দেশের নভোচারীরাই মহাকাশ স্টেশনে অবস্থান করে আসছেন।
রসকসমস প্রধানের ‘আইএসএস’ চুক্তি থেকে সরে আসার হুমকি এবং মার্কিন নভোচারীকে ‘মহাকাশে আটকে রাখা’ নিয়ে রাশিয়া ‘কৌতুক’ করার পরও পুরো আগ্রাসনের পাশাপাশি এই সম্পর্ক টিকে আছে।
তবে, রাশিয়া এবং রসকসমসের মহাকাশ কার্যক্রম নিয়ে এই প্রথমবার সরাসরি নিন্দা জানিয়েছে নাসা। মার্কিন স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ে নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এসব ছবি পোস্ট করেছে রসকসমস।
পোস্ট করা ছবিতে দেখা গেছে ‘লুহানস্ক পিপল’স রিপাবলিক’ এবং ‘ডনেটস্ক পিপল’স রিপাবলিক’-এর পতাকা ধরে দাঁড়িয়ে আছেন রাশিয়ার নভোচারী ওলেগ আর্তেমইয়েভ, দেনিস মাতভিভ এবং সার্গেই কোরসাকোভ।
“লুহানস্ক পিপল’স রিপাবলিক’-এর স্বাধীনতা দিবস!” --গুগলের অনুবাদ অনুযায়ী পোস্টটির ক্যাপশনে লেখা ছিল।
“আমরা পৃথিবী এবং মহাশূন্য দুই জায়গাতেই এটি উদযাপন করছি।” --৩ জুলাই লুহানস্ক অঞ্চলের সর্বশেষ প্রধান শহর লিসিচানস্ক দখলের পর এটি পোস্ট করে রসকসমস।
রাশিয়ার নভোচারীদের কাছ থেকে এই রাজনৈতিক বক্তব্যের আগে একই দলের পক্ষ থেকে একটি বিবৃতি আসার কথা শোনা গিয়েছিল, যখন তারা প্রথম আইএসএস-তে পৌছায় মার্চে।
উজ্জ্বল হলুদ এবং নীল রংয়ের একটি জাম্পসুট পরে মহাকাশ স্টেশনে এসেছিল এই তিন নভোচারী, যেটিকে অনেকেই তখন ইউক্রেইনের পক্ষে তাদের অবস্থান হিসেবে ধরে নিয়েছিল।
জাম্পসুটের এই ধারণা প্রত্যাখ্যান করে তখন রংগুলোকে এই তিন নভোচারীর বিশ্ববিদ্যালয়ের রং হিসেবে দাবি করেছিল রসকসমস।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনার পরও নাসা ও রসকসমসের সম্পর্ক আগের মতোই থাকার কথা নিশ্চিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা।
“এতো কিছুর পরও, উপরে মহাকাশে আমাদের রাশিয়ার মিত্র এবং সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকবে। মার্কিন এবং রাশিয়ার নভোচারীদের মধ্যকার পেশাগত সম্পর্কে কোনো ফাটল ধরেনি” --মার্চে বলেছেন নাসার পরিচালক বিল নেলসন।
“আমাদের পরিকল্পিত অসামরিক মহাকাশ প্রকল্পে যেতে এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মহাকাশ স্টেশনে রাশিয়ার চুক্তি বাড়ানোর বিষয়টি বিবেচনার কথাও জানিয়েছে নাসা। সেপ্টেম্বর মাসে মহাকাশ স্টেশনে নতুন একটি দল পাঠানো নিয়েও একসঙ্গে কাজ করছে নাসা এবং রসকসমস।
ওই প্রকল্পে একজন রাশিয়ার নভোচারী স্পেসএক্সের ‘ক্রু ড্রাগন’-এর মাধ্যমে ও একজন মার্কিন নভোচারী রাশিয়ার ‘সয়ুজ ক্যাপসুল’-এর মাধ্যমে মহাকাশ স্টেশনে যাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
