২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাকআউট চ্যালেঞ্জ: সাত শিশুর মৃত্যুতে বিপাকে টিকটক

বিপজ্জনক ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’-এ শিশু মৃত্যুর জেরে একাধিক মামলার মুখে পড়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 03:14 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

অভিভাবকদের অভিযোগ, সামাজিক মাধ্যমটির অ্যালগরিদম শিশুদের চ্যালেঞ্জের ভিডিও দেখানোর পর সে চেষ্টা করতে গিয়েই শ্বাসরোধ হয়ে মারা গেছেন তাদের সন্তানরা।

মৃত শিশুদের সবার বয়স ১৫-এর নিচে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

জুন মাসে দায়ের করা এক মামলায় ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ চেষ্টায় এক বছরেই সাত শিশুর অভিযোগ এনেছেন এক অভিভাবক। মামলার আবেদনের ওই অভিভাবক বলেছেন, টিকটকের অ্যালগরিদম শিশুদের ‘বেল্ট, পার্সের স্ট্রিং এবং একই রকমের অন্য কোনো বস্তু দিয়ে জ্ঞান হারানোর আগ পর্যন্ত নিজের শ্বাসরোধ করতে উদ্বুদ্ধ করেছিল’।

ভার্জ জানিয়েছে, টিকটকের বিরুদ্ধে সর্বশেষ মামলাটি করেছেন আট বছর বয়সী লালানি ওয়াল্টন এবং নয় বছর বয়সী আরিয়ানি আরোয়োর অভিভাবকরা। টিকটক বিপজ্জনক চ্যালেঞ্জটি সম্পর্কে অবহিত থাকলেও এটি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি-- এ অভিযোগের প্রমাণ হিসেবে আরও পাঁচ শিশুর নাম উল্লেখ করা হয়েছে মামলায়।

তাদের মধ্যে আছে:

>> ২০২১ সালের জানুয়ারি মাসে ইতালিতে মারা যাওয়া ১০ বছর বয়সী এক শিশু।

>> ২০২১ সালের মাার্চ মাসে কলোরাডোতে মারা যাওয়া ১২ বছর বয়সী এক শিশু।

>> ২০২১ সালের জুন মাসে অস্ট্রেলিয়ায় মারা যাওয়া ১৪ বছর বয়সী এক শিশু।

>> ২০২১ সালের জুলাই মাসে ওকলাহোমাতে মারা যাওয়া ১২ বছর বয়সী এক শিশু।

>> ২০২১ সালের ডিসেম্বর মাসে পেনসিলভানিয়াতে মারা যাওয়া ১০ বছর বয়সী এক শিশু।

পেনসিলভানিয়াতে নাইলাহ অ্যান্ডারসনের অভিভাবকও টিকটকের বিরুদ্ধে মামলা করছেন বলে জানিয়েছে ভার্জ। প্লাটফর্মটি ‘অত্যধিক ও অগ্রহণযোগ্যভাবে বিপজ্জনক চ্যালেঞ্জ’ নিয়ে প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

মামলার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন পোস্টকে টিকটক বলেছে, ব্ল্যাকআউট চ্যালেঞ্জ নিয়ে সার্চ করার সুযোগ নিজ প্ল্যাটফর্মে ব্লক করে দিয়েছে কোম্পনিটি। চ্যালেঞ্জটি সার্চ করলে সংশ্লিষ্ট ভিডিওর বদলে এখন সতর্ক বার্তা দেখাচ্ছে প্ল্যাটফর্মটি।

ব্ল্যাকআউট চ্যালেঞ্জের মতো ‘কিছু অনলাইন চ্যালেঞ্জ বিপজ্জনক, গোলমেলে এবং বানোয়াট’ হতে পারে বলে সতর্ক বার্তায় উল্লেখ করে তার সঙ্গে নিজেদের অনলাইন চ্যালেঞ্জ বিষয়ক ওয়েবপেইজের লিংক জুড়ে দিয়েছে টিকটক।