অ্যাপ ও ওয়েবসাইটে ‘ক্যাপচা’ পাশ কাটাতে দেবে আইওএস ১৬
ব্যবহারকারী সত্যিই মানুষ কি না, তা যাচাই করিয়ে দেবে আইওএস ১৬। আইফোনের আসন্ন অপারেটিং সিস্টেমটিতে নতুন ‘অটোমেটিক ভেরিফিকেশন’ ফিচার আনছে অ্যাপল, যার সুবাদে কিছু অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশের সময় ‘ক্যাপচা’ এড়িয়ে যেতে পারবেন ব্যবহারকারী।
কোনো ওয়েবসাইটে প্রবেশের সময় ‘ক্যাপচা’র মুখোমুখী হওয়ার অভিজ্ঞতা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নতুন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারকারীর জন্য বাড়তি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এটি। এ থেকে আংশিক মুক্তির প্রতিশ্রুতি দিচ্ছে অ্যাপলের নতুন প্রযুক্তি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, নতুন ফিচারটি নির্মাণে শীর্ষ দুই কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ‘ফাস্টলি’ এবং ‘ক্লাউডফ্লেয়ার’-এর সঙ্গে জোট বেঁধেছে অ্যাপল। আইওএস ১৬ এবং ম্যাকওএস ভেঞ্চুরা বাজারে আসার পর যে ওয়েবসাইটগুলো স্প্যাম ঠেকাতে ওই দুই কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে, অ্যাপলের নতুন ফিচারটির সুবিধা নিতে পারবেন তারা। ব্যবহারকারীকে ‘ক্যাপচা’ দিয়ে পরিচয় নিশ্চিত করতে না বলে সরাসরি প্ল্যাটফর্মে ঢুকতে দেবে সাইটগুলো।
‘ক্যাপচা’ বিড়ম্বনাকে পেছনে ফেলার প্রথম চেষ্টা নয় এটি। তবে, প্রযুক্তি বাজারে ভোগপণ্য নির্মাতাদের মধ্যে প্রথম সারির প্রতিষ্ঠান অ্যাপল; বাজারে কোম্পানিটির পণ্যের বহুল প্রচলনের কারণেই নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীদের বিড়ম্বনা কমবে বলে ধারণা প্রকাশ করেছে ভার্জ।
‘অটোমেটিক ভেরিফিকেশন’ প্রযুক্তির ব্যাখ্যা দিয়ে সাইটটি জানিয়েছে, ফিচারটি বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে ব্যবহারকারী আদৌ একজন মানুষ কি না নিশ্চিত হওয়ার চেষ্টা করবে। সাধারণত স্প্যাম ঠেকাতে ‘ক্যাপচা’র ওপর নির্ভর করে এমন ওয়েবসাইটগুলো সরাসরি আইফোন বা অ্যাপল কম্পিউটারকে জিজ্ঞেস করতে পারবে যে একজন মানুষ ডিভাইসটি ব্যবহার করছেন কি না। আর ডিভাইস যদি ‘হ্যাঁ’ বলে তবে, সরাসরি ওয়েবসাইটে প্রবেশাধিকার পাবেন ব্যবহারকারী।
এ প্রসঙ্গে অ্যাপল বলছে, ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য অ্যাপল আইডি ব্যবহৃত হলেও, ইমেইল ঠিকানা এবং ফোন নম্বরের মতো ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত তথ্য ওয়েবসাইটের কাছে পাঠাবে না নতুন ফিচারটি। অন্যদিকে, ব্যবহারকারী কোন ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করছেন, অ্যাপলও সেই তথ্য সংগ্রহের চেষ্টা করবে না।
তবে, কেবল অ্যাপলই এ প্রযুক্তি নিয়ে কাজ করছে– এমন নয় বলে জানিয়েছে ভার্জ। ‘ফাস্টলি’ জানিয়েছে অ্যাপলের নতুন ফিচারটি নির্মাণে গুগলও ভূমিকা রেখেছে। ক্রোম ব্রাউজারের জন্য বছর দুয়েক আগেই প্রায় একই রকমের ফিচার বানিয়েছিল গুগল।
