যুদ্ধে রুশ ‘প্রোপাগান্ডা’ চালানোর সুযোগ দিয়েছে টিকটক?
এবার ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ নিয়ে বিতর্কে জড়িয়েছে টিকটক। প্ল্যাটফর্মটি রাশিয়াকে ‘প্রোপাগান্ডা’ চালানোর সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ছয় সিনেটর।
সামাজিক মাধ্যম প্লাটফর্মটি অন্যান্য ভিডিওর আপলোড স্থগিত রাখলেও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলোকে ‘প্রোপাগান্ডা প্রচারের সুযোগ দিয়েছে’ - এমন সংবাদ প্রতিবেদনের ব্যাখ্যা চেয়ে টিকটক প্রধান শোউ জি চিউয়ের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জনপ্রতিনিধিরা।
“সাম্প্রতিক প্রতিবেদন থেকে ইঙ্গিত মিলছে… টিকটক রুশ সংবাদমাধ্যমগুলোকে যুদ্ধের সমর্থনে বিপজ্জনক প্রোপাগান্ডা চালানোর সুযোগ দিয়েছে। কোনো কোম্পানির ক্রেমলিনের মিথ্যাচার আরও জোরালোভাবে প্রচারের অবস্থানে থাকা উচিৎ নয়, যা কি না ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন নিয়ে জনসমর্থন বাড়াতে ভূমিকা রাখতে পারে,” লিখা হয়েছে সিনেটর স্টিভ ডাইনেস, জন কর্নিন, রজার উইকার, জন বারাসসো, জেমস ল্যাংকফোর্ড এবং সিনথিয়া লুমিসের সেই চিঠিতে।
চিঠিতে আরও বলা হয়, তারা গভীরভাবে শঙ্কিত যে টিকটক রাশিয়ার জনগণের মধ্যে যুদ্ধের পক্ষে অপপ্রচারের সুযোগ করে দিচ্ছে, যা ইউক্রেইন ও রাশিয়া উভয় দেশের নাগরিকদের উপর নেতিবাচক প্রভাব আরও শক্তিশালী করার ঝুঁকি বাড়ায়।
ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এ প্রসঙ্গে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
তবে, টিকটক এক বিবৃতিতে বার্তাসংস্থাটিকে বলেছে, জটিলতাগুলো সমাধানে যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধিদের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা।
মার্চ মাসের এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরিত নতুন মিডিয়া আইনের প্রভাব ও বিস্তার পর্যালোচনার জন্য রাশিয়ায় নিজস্ব প্ল্যাটফর্মে লাইভ-স্ট্রিমিং এবং ভিডিও আপলোড স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে টিকটক।
কিন্তু মার্কিন সিনেটরদের অভিযোগ, টিকটক সমতা বিধানে ব্যর্থ হয়েছে। ‘বিভ্রান্তিকর এবং রুশ সরকারের যুদ্ধ বিষয়ক প্রোপাগান্ডা’ সমর্থন করে এমন কনটেন্টও মুছে দেয়নি।
চিঠিতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির কাছে এ প্রসঙ্গে বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছেন রিপাবলিকান দলের জনপ্রতিনিধিরা।
অন্যদিকে, ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা রক্ষণাবেক্ষণ প্রসঙ্গেও বেশ কিছু দিন ধরে মার্কিন কর্তৃপক্ষের চাপের মুখে আছে বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্স; টিকটকের মূল কোম্পানি এটি। গেল বছরের অক্টোবর মাসেই কংগ্রেসে আইনপ্রণেতাদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলেন টিকটকের কর্মকর্তারা।
টিকটক ব্যবহারকারীদের অডিও ও লোকেশন ডেটা সংগ্রহ করছে কি না এবং চীন সরকারের ওই ডেটায় প্রবেশাধিকার পাওয়ার সুযোগ আছে কি না, কংগ্রেসে এ বিষয়ে নিজের শঙ্কার কথা বলেছিলেন রিপাবলিকান দলের সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন।
চীনের সরকার টিকটকের কাছে ওই ডেটা চেয়ে বসলে কোম্পানিটি সেই দাবি নাকচ করার সক্ষমতা রাখে কি না, কোম্পানির কর্মকর্তাদের সেই প্রশ্নও করেছিলেন তিনি।
বর্তমান বাজারের সবচেয়ে সফল সামাজিক মাধ্যম বলা যেতে পারে টিকটককে। বিশ্বব্যাপী প্ল্যাটফর্মটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা একশ কোটিরও বেশি।
