অ্যাপল ও গুগলের মোবাইল ব্রাউজার নিয়ে তদন্ত করবে যুক্তরাজ্য
মোবাইল ব্রাউজার বাজারে অ্যাপল ও গুগলের অধিপত্য তদন্ত করে দেখবে যুক্তরাজ্যের বাজার পর্যবেক্ষক সংস্থা। পাশাপাশি তদন্তের মুখে পড়ছে অ্যাপ স্টোরের মাধ্যমে ক্লাউড গেইংমিংয়ের ওপর আইফোন নির্মাতার নিষেধাজ্ঞা।
গুগলের অ্যাপ স্টোরের লেনদেন কৌশলের বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা শুক্রবারেই জানিয়েছে যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ)’।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দুই প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও গুগলের বিরুদ্ধে মোবাইল ব্রাউজারের বাজারে ‘কার্যত ডুওপলি’ চালানোর অভিযোগ তুলেছে বাজার পর্যবেক্ষক সংস্থাটি। যুক্তরাজ্যের মোবাইল শিল্প নিয়ে তৈরি এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, অপারেটিং সিস্টেম, অ্যাপ স্টোর, ওয়েব ব্রাউজার এবং অ্যাপ স্টোরে লেনদেনের খাতগুলো কার্যত কুক্ষিগত করে রেখেছে এই দুই প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে সিএমএর প্রধান নির্বাহী আন্দ্রিয়া কোচেল্লি বলেন, “মানুষ কীভাবে মোবাইল ফোন ব্যবহার করে সে বিষয়টি বিবেচনায় নিলে, সব কার্ডই অ্যাপল ও গুগল হাতে”।
“তাদের পণ্য ও সেবাগুলো যতোই ভালো হোক না কেন, মোবাইল ইকোসিস্টেমের ওপর শক্ত নিয়ন্ত্রণের কারণে তারা প্রতিযোগিতার পথ বন্ধ করার সুযোগ পাচ্ছে। এতে ব্রিটিশ প্রযুক্তি খাত পিছিয়ে পড়ছে এবং গ্রাহকদের পছন্দ মতো সেবা বাছাইয়ের সুযোগ কমে যাচ্ছে।
সিএমএ বলছে, ২০২১ সালে যুক্তরাজ্যে মোবাইল ওয়েব ব্রাউজারের যতো ব্যবহার হয়েছে তার ৯৭ শতাংশ অ্যাপল অথবা গুগলের ব্রাউজার ইঞ্জিন নির্ভর ছিল। নিজস্ব মোবাইল ব্রাউজারের বিকল্প অন্য কোনো অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করে রেখেছে অ্যাপল।
সিএমএ বলছে, এমন পরিস্থিতিতে প্রতিযোগী ব্রাউজারগুলোর অ্যাপল পণ্যের তুলনায় নিজেদের স্বকীয়তা উপস্থাপনার সুযোগ সীমিত হয়ে আসে বলে আশঙ্কা করছে তারা।
এর বিপরীতে অ্যাপলের দাবি, নিজস্ব ইকোসিস্টেমের মাধ্যমে কোম্পানিটি, “ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা সৃষ্টি করেছে যা তারা ভালোবাসেন এবং নির্মাতাদের জন্য বড় ব্যবসায়িক সুযোগ তৈরি করছে।”
“আমরা সম্মানের সঙ্গেই প্রতিবেদনে টানা উপসংহারের সঙ্গে অসম্মতি জানাচ্ছি। এটি উদ্ভাবনী খাতে আমাদের বিনিয়োগ, গোপনতা এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে খাটো করে দেখছে – যার কারণে ব্যবহারকারীরা আইফোন এবং আইপ্যাডকে ভালোবাসেন। এর মাধ্যমে ছোট ছোট নির্মাতারা একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের সমতল মাঠে প্রতিযোগিতার সুযোগ পান।”
কোম্পানিটি আরও বলেছে, “আমরা গঠনমুলক প্রক্রিয়ায় সিএমএ’র সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবো এবং ব্যবহারকারী গোপনতা এবং নিরাপত্তা নিশ্চিত করে আমাদের পদক্ষেপগুলো প্রতিযোগিতার প্রসারে কি ভাবে ভূমিকা রাখে তার ব্যাখ্যা দেবো।”
অন্যদিকে গুগল দাবি করছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টফোনগুলো ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় বেশি সুযোগ দিচ্ছে এবং তাদের ‘গুগল প্লে’ অ্যাপ স্টোরের মাধ্যমে যাত্রা শুরু করেছে লাখ-লাখ অ্যাপ।
সিএমএ’র প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটির সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে গুগল।
উদীয়মান ক্লাউড গেইমিং খাতে অ্যাপলের নিষেধাজ্ঞা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি। ভালো মানের গেইমগুলো সরাসরি ডিভাইসে ডাউনলোড না করে স্ট্রিম করে খেলার সুযোগ দেয় এই প্রযুক্তি।
এ প্রসঙ্গে সিএমএ বলছে, “এই খাতটিকে বড় হতে না দিয়ে অ্যাপল মোবাইল ব্যবহারকারীদের ক্লাউড গেইমিংয়ের সুবিধাগুলো থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ফেলছে।”
সিএমএ বলছে, তাদের শঙ্কাগুলো আরও ভালোভাবে যাচাই করে দেখা হবে তদন্তে। তদন্তের ফলাফলের ভিত্তিতে আইনি বিধিনিষেধ আসতে পারে গুগল ও অ্যাপলের ওপর, যার ফলে নিজেদের ব্যবসা কৌশল পরিবর্তনে বাধ্য হতে পারে উভয় প্রতিষ্ঠান।
