মেটার ‘নতুন’ তথ্যনিরাপত্তা প্রধান গাই রোজেন
মেটার নতুন ‘প্রধান তথ্যনিরাপত্তা কর্মকর্তা’ (সিআইএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন। নতুন বানানো এই পদে প্রথম ব্যক্তি হিসেবে বসতে যাচ্ছেন তিনি।
২০১৩ সাল থেকে মেটা (তৎকালীন ফেইসবুক)-এর সঙ্গে থাকা গাই রোজেন সম্প্রতি প্রতিষ্ঠানটির পণ্য নিরাপত্তা এবং মান যাচাইয়ের নেতৃত্বে ছিলেন।
“যারা আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা ব্যবহার করছেন, সিআইএসও হিসেবে আমি তাদের নিরাপত্তা ঝুঁকির তত্ত্বাবধান ও পর্যাবেক্ষণ চালিয়ে যাব।” --নিজের নতুন পদ সম্পর্কে টুইট করেছেন রোজেন।
মেটার ইতিহাসে এই প্রথম কেউ ‘সিআইএসও’ পদে নিয়োগ পেলেন। ২০২১ সালের অক্টোবরে ফেইসবুকের নাম পাল্টে ‘মেটা প্ল্যাটফর্মস’ করা হয়েছিল। তবে, নিজস্ব সামাজিক মাধ্যমের অ্যাপে ‘ফেইসবুক’ নামটিই বহাল রেখেছে প্রতিষ্ঠানটি।
মেটা সিইও মার্ক জাকারবার্গ এক মেমোতে বলেছেন, রোজেনকে তিনিই এই পদে যোগ দিতে বলেছেন এবং একে মেটার নিজস্ব নিরাপত্তা কার্যক্রম উন্নত করার আরেকটি ধাপ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
পাশাপাশি, ওই মেমোতে নিরাপত্তা সমস্যা নিয়ে নিজেদের নেতৃত্ব এবং পরিচালনা ব্যবস্থাকে জোরদার করার কথাও উল্লেখ করেছেন জাকারবার্গ।
নতুন ভূমিকায় রোজেনের উপর, “আমাদের পণ্য, অবকাঠামো এবং কোম্পানির তথ্যের নিরাপত্তা-- অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় ঝুঁকির দিকে নজর দেওয়ার পাশাপাশি প্ল্যাটফর্ম অপব্যবহারের সামগ্রিক নিরপত্তার দায়ভার থাকবে।” --লিখেছেন জাকারবার্গ।
২০১৮ সালে দায়িত্ব ছেড়েছেন ফেইসবুকের সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস।
