ইউটিউবে মানহানির দায় গুগলেরও: অস্ট্রেলীয় আদালত
অস্ট্রেলিয়ার এক সাবেক আইনপ্রণেতার মানহানির ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ ১৫ হাজার ডলার দিতে গুগলকে নির্দেশ দিয়েছে দেশটির আদালত।
এক ইউটিউবারের ‘নিরলস, বর্ণবাদী, নিন্দনীয়, অপমানজনক এবং মানহানিকর’ ভিডিও মুছতে গুগল অস্বীকৃতি জানানোর ফলেই ওই ব্যক্তি রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছেন বলে উঠে এসেছে আদালতের পর্যবেক্ষণে।
সোমবারের রায়ে অস্ট্রেলিয়ার ফৌজদারি আদালত বলেছে, গুগল ও ইউটিউবের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড ইচ্ছা করে নিউ সাউথ ওয়েলসের তৎকালীন উপ-প্রধানমন্ত্রী জন বারিলারোকে আক্রমণের উদ্দেশ্য নিয়ে তৈরি দুটি ভিডিও ইউটিউবে হোস্ট করে পয়সা কামাই করেছে।
ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করার পর এখন পর্যন্ত প্রায় আট লাখবার দেখা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, ব্যবহারকারীর মানহানি চেষ্টার দায় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর বর্তায় কী না, সেই প্রশ্নটি আবার উঠে এসেছে সোমবারের রায়ে। পশ্চিমা দেশগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটিতে অনলাইন প্ল্যাটফর্মগুলো কনটেন্টের জন্য মূল প্রকাশকের মতেই আইনত দায়বদ্ধ। অস্ট্রেলিয়াও আছে সেই তালিকায়।
মানহানিকর পোস্টের প্রশ্নে অনলাইন প্ল্যাটফর্মগুলোর কতোটুকু দায়ী থাকা উচিত, আইনী দৃষ্টিকোণ থেকে সেটি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়া। ২০২১ সালের এক মামলায় ফেইসবুকে একটি সংবাদ প্রতিবেদনের পোস্টের নিচে ব্যবহারকারীদের নেতিবাচক কমেন্টের জন্য সংবাদপত্রকেই দায়ী করেছিল দেশটির আদালত। ওই রায়ের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যমগুলোতে নিজেদের উপস্থিতি কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আর সোমবারের রায়ে উঠে এসেছে, ইউটিউব ভিডিওগুলোতে মানহানিকর কিছু থাকার বিষয়টি অস্বীকার করে গেছে গুগল। ওই ইউটিউবারের সততার সঙ্গে নিজের মতামত প্রকাশের অধিকার আছে এবং একজন রাজনীতিবিদের সমালোচনার অধিকার আছে বলে দাবি করেছিল গুগল।
মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে গুগলের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা সফল হয়নি।
এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ সিডনি ল স্কুলের অধ্যাপক ডেভিড রলফ রয়টার্সকে বলেন, “তাদের (গুগল) বলা হয়েছিল যে মানহানিকর ভিডিওগুলো ওখানেই (ইউটিউব) আছে। তারা বিষয়টি বিবেচনা করে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল যে ভিডিওগুলো মানহানিকর ছিল না এবং রেখে দিয়েছিল।”
“মানহানি আইনে প্রকাশনার মূল নীতির প্রথাসম্মত প্রয়োগ ছিল এটি, কিন্তু আমাদের প্রকাশনার মূলনীতিগুলোতে পরিবর্তন আনা প্রয়োজন কি না সেই প্রশ্নটি থেকেই যায়,” যোগ করেন তিনি।
জর্ডান শ্যাংকস বনাম জন বারিলারো
আদালতে বাদীপক্ষের অভিযোগ ছিল, নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ ছাড়াই দুটি ভিডিওতে জন বারিলারোকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দিয়েছেন জর্ডান শ্যাংকম নামের এক ইউটিউবার। ভিডিওগুলোতে বারিলারোর ইতালিয়ান নাম নিয়েও বাজে মন্তব্য করেছেন ওই ব্যক্তি।
রায়ে ওই বক্তব্যগুলোকে ‘বিদ্বেষপূর্ণ বক্তব্য’ বলে আখ্যা দিয়েছেন বিচারক স্টিভ রেয়ার্স।
ওই কনটেন্টের প্রচারণা চালু রেখে গুগল নিজেই নিজের নীতিমালা লঙ্ঘন করেছে বলে রায় দিয়েছে আদালত। রায়ে আদালতে আরও বলেছে, ওই ভিডিও দুটির কারণেই “সময়ের আগেই জনসেবামূলক পেশা থেকে সরে যেতে হয়েছিল বারিলারোকে এবং মানসিক আঘাত পেয়েছিলেন তিনি।”
রয়টার্স জানিছে, শ্যাংকস ভিডিও দুটি পোস্ট করার এক বছর পরে রাজনীতি ছাড়েন বারিলারো। এক্ষেত্রে, “গুগল শ্যাংকসের প্রচারণার ফলে সৃষ্ট ক্ষতির দায় এড়াতে পারে না,” – রায়ে বলেছেন রেয়ার্স।
ইউটিউবে ছয় লাখ ২৫ হাজার সাবস্ক্রাইবার এবং ফেইসবুকে তিন লাখ ৪৬ হাজার ফলোয়ার রয়েছে শ্যাংকসের। মামলার বিবাদীর তালিকায় শ্যাংকসও ছিলেন। তবে, গত বছর মামলা নিয়ে বারিলারোর সঙ্গে সমঝোতায় আসেন তিনি। সমঝোতার অংশ হিসেবে ভিডিও দুটি এডিট করতে এবং বারিলারোকে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ দাতি রাজি হয়েছিলেন শ্যাংকস।
কিন্তু নিজের মত ‘প্রচারের জন্য শ্যাংকসের ইউটিউবকে প্রয়োজন ছিল এবং ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে পয়সা কামাতে গুগল শ্যাংকসের সঙ্গে জোগ দিতেও রাজি ছিল’ বলে রায় দিয়েছেন বিচারক।
