২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্ক’ জিপিইউ-এর ডেস্কটপ সংস্করণ আনছে ইনটেল

সম্প্রতি ল্যাপটপ কম্পিউটারের জন্য নতুন ‘আর্ক’ জিপিইউ এনেছে ইনটেল। পাশাপাশি, নতুন জিপিইউটির ডেস্কটপ সংস্করণও দেখিয়েছে শীর্ষস্থানীয় চিপ নির্মাতা। প্রতিষ্ঠানটি বলছে, এ বছরের গ্রীষ্মেই ‘লিমিটেড এডিশন’ হিসাবে বাজারে আসবে ‘আর্ক’ জিপিইউ-এর ডেস্কটপ সংস্করণ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 06:07 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

আসন্ন আর্ক এ-সিরিজের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে ইনটেল। তবে, হার্ডওয়্যারটির বাহ্যিক নকশা দেখানো বাদে খুঁটিনাটি কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। তবে, প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের ধারণা গ্রীষ্মে বাজারে আনুষ্ঠানিক অভিষেকের আগেই প্রকাশ্যে আসবে জিপিইউটির নানা তথ্য।

তবে টিজার ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ডুয়াল-ফ্যান ডিজাইন’ রয়েছে আসন্ন আর্ক জিপিইউ-তে, আরও আছে একটি এইচডিএমআই পোর্ট এবং তিনটি ডিসপ্লে পোর্ট। তবে, কেবল বাহ্যিক নকশা দেখে পোর্টগুলোর কোন সংস্করণ ব্যবহার করা হয়েছে জিপিইউটিতে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

নতুন ‘আর্ক’ কার্ডগুলোকে ‘লিমিটেড এডিশন’ বলে আখ্যা দিচ্ছে ইনটেল। তবে, জিপিইউ কার্ডগুলো সীমিত সংখ্যায় উৎপাদন করা হবে, নাকি এটি বাজারজাতকরণ কৌশলের অংশ, সেই বিষয়ে নিশ্চিত হতে পারেনি ভার্জ।

এই গ্রীষ্মে কেবল আর্ক জিপিইউ-এর ডেস্কটপ সংস্করণ আনছে না ইনটেল। প্রতিষ্ঠানটি চলতি বছরেই আর্ক ৫ এবং আর্ক ৭ ল্যাপটপ জিপিইউ আনবে বলে জানিয়েছে ভার্জ।