২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের ফাঁদে পা দিয়েছিল অ্যাপল-মেটা

হ্যাকারদের নিপুণ কৌশলে বোকা বনেছে অ্যাপল ও মেটার মতো বাজারের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান। হ্যাকারদের হাতে ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস, ফোন নম্বর এবং বাড়ির ঠিকানার মতো স্পর্শকাতর তথ্য তুলে দিয়েছে উভয় প্রতিষ্ঠান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 05:07 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ জানিয়েছে, ঘটনাটি ২০২১ সালের মাঝামাঝি সময়ের। আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পাঠানো জরুরী ডেটা হস্তান্তরের অনুরোধ নকল করে উভয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছিল হ্যাকাররা। উভয় প্রতিষ্ঠানই সে অনুরোধে সাড়া দিয়ে ব্যবহারকারীর স্পর্শকাতর ডেটা তুলে দিয়েছে হ্যাকারের হাতে।

অপরাধ ও মামলা তদন্তের স্বার্থে প্রায়শই সামাজিক মাধ্যমগুলোর কাছে গোপন ডেটা চায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো। এতে নির্দিষ্ট অ্যাকাউন্ট মালিকের গোপন তথ্য যায় তাদের হাতে। এ ধরনের ডেটা চাইতে সাধারণত আদালতের নির্দেশনা অথবা বিচারক স্বাক্ষরিত সমনের প্রয়োজন হয়। এক্ষেত্রে ব্যতিক্রম হলো ‘জরুরী পরিস্থিতিতে’ করা অনুরোধগুলো। কারও জীবন ঝুঁকিতে থাকার মতো গুরুতর পরিস্থিতিতে এমন জরুরী অনুরোধ পাঠিয়ে সামাজিক মাধ্যমের কাছ থেকে ডেটা চাইতে পারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

তবে, সাম্প্রতিক সময়ে এমন জরুরী ডেটা হস্তান্তরের ভুয়া অনুরোধের ঘটনা লক্ষণীয় হারে বেড়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। প্রথমে পুলিশ বিভাগের ইমেইল সিস্টেমে অনুপ্রবেশ করে হ্যাকাররা। এরপর জরুরী ডেটার ভুয়া আবেদন বানায় তারা, তাতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় যে তাৎক্ষণিকভাবে ডেটা না পেলে কী হতে পারে। আর পুরো নথি সাজানো হয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের ছদ্মবেশে।

এ ধরনের ঘটনাগুলোর সঙ্গে কিশোর বয়সী হ্যাকারদের সংম্লিষ্টতা চোখে পড়ার মতো বলে জানিয়েছে ভার্জ। প্রায় একই বক্তব্য উঠে এসেছে ব্লুমবার্গের প্রতিবেদনেও। সম্প্রতি আলোচিত ল্যাপসাস কাণ্ডেও ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এক কিশোরকে। দলটির সঙ্গে সংশ্লিষ্ট আরও সাত কিশোরকে চিহ্নিত করেছে লন্ডন পুলিশ। আশঙ্কা করা হচ্ছে ওই কিশোররাও সরকারি ইমেইল থেকে জরুরী ডেটার ভুয়া অনুরোধ পাঠানোর মতো প্রতারণা কর্মকাণ্ডে অংশ নিয়েছে।

তবে, অ্যাপল ও মেটাকে বোকা বানিয়ে ডেটা হাতিয়ে নেওয়া হ্যাকাররা সম্ভবত ‘রিকার্শন টিম’ নামে পরিচিত একটি দলের সদস্য বলে জানিয়েছে ভার্জ। দলটি ভেঙে গেলেও এর সদস্যদের কয়েকজন ভিন্ন নামে ল্যাপসাসে যোগ দিয়েছে বলে আশঙ্কা রয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, বেশ কয়েকটি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা এবং ২০২১ সালের জানুয়ারি মাস থেকে বেশ কয়েকটি কোম্পানিকে লক্ষ্য করে সাইবার অপরাধ কর্মকাণ্ড চালিয়েছে তারা।

এ প্রসঙ্গে ভার্জকে পাঠানো এক ইমেইলে মেটার অন্যতম শীর্ষ কর্মকর্তা ও নীতিমালা ও গণযোগাযোগ পরিচালক অ্যান্ডি স্টোন বলেছেন “আমরা সবগুলো ডেটা রিকোয়েস্ট বিচার-বিশ্লেষণ করে দেখি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অনুরোধ এবং অপব্যবহার চিহ্নিত করতে সর্বাধুনিক প্রযুক্তি প্রয়োগ করি।”

“বেহাত হওয়া পরিচিত অ্যাকাউন্টগুলোর অনুরোধের পথ আমরা ব্লক করে দেই এবং সন্দেহজনক ভুয়া অনুরোধগুলো নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করি। এক্ষেত্রেও তাই হয়েছে।”

হ্যাকারদের হাতে তথ্য তুলে দেওয়া প্রসঙ্গে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল। বরং, সংবাদকর্মীদের প্রতিষ্ঠানের ‘আইন-শৃঙ্খলা নীতিমালা’ পড়ে দেখতে বলা হয়েছে।

মেটা এবং অ্যাপল ছাড়াও, হ্যাকারদের কাছ থেকে জরুরী ডেটা হস্তান্তরের ভুয়া অনুরোধ পেয়েছিল সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ‘স্ন্যাপ’। এই প্রতিষ্ঠানটি অ্যাপল ও মেটার মতো গ্রাহক ডেটা হ্যাকারদের হাতে তুলে দিয়েছে কি না, সে বিষয়টি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ব্লুমবার্গ। তবে, একইভাকে বোকা বানানো হয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা ডিসকর্ড-কেও।