নেটোকে ‘টার্গেট করেছিল’ রাশিয়ার হ্যাকাররা: গুগল
রাশিয়ার হ্যাকাররা সম্প্রতি নেটো ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সামরিক বাহিনীর নেটওয়ার্কে হ্যাকিংয়ের চেষ্টা করেছিল বলে জানিয়েছে গুগলের ‘থ্রেট অ্যানালাইসিস গ্রুপ’।
হ্যাকারদের দলটি বিদেশি সরকারের “পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিমালা” সম্পর্কে গোয়েন্দা তথ্যে আগ্রহী বলে ২০১৯ সালেই চিহ্নিত করেছিলেন সাইবার নিরাপত্তা গবেষকরা।
নেটো ও পূর্ব ইউরোপের একাধিক সামরিক বাহিনীর কম্পিউটারে সাইবার হামলার খবর উঠে এসেছে বুধবার প্রকাশিত গুগলের ‘থ্রেট অ্যানালাইসিস গ্রুপ’-এর প্রতিবেদনে। তবে, কোন কোন সামরিক বাহিনীর কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশের চেষ্টা ছিল, সে তথ্যের উল্লেখ নেই গুগলের প্রতিবেদনে।
থ্রেট অ্যানালাইসিস গ্রুপের প্রতিবেদনে গুগল বলছে, রাশিয়াভিত্তিক হ্যাকারদের দল ‘কোল্ডড্রাইভার’ ব্যবহারকারীর লগ-ইন ডেটা চুরি করার জন্য ফিশিং চেষ্টা চালিয়েছে। হ্যাকারদের দলটি ‘ক্যালিস্টো’ নামেও পরিচিত।
নতুন জিমেইল অ্যাকাউন্ট থেকে গুগলের সেবা ব্যবহারকারী নন এমন অ্যাকাউন্টে ফিশিংয়ের চেষ্টার কারণে, “হ্যাকিং চেষ্টার সাফল্যের হার অজানা” বলে প্রতিবেদনে উল্লেখ করেছে গুগল।
সাইবার হামলা প্রসঙ্গে নেটোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করার পর পশ্চিমা অবরোধ-নিষেধাজ্ঞার ফলে অর্থনীতি ও প্রযুক্তিখাতে ব্যাপক চাপে পড়েছে রাশিয়া। তবে, ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমা শক্তির ওপর সাইবার হামলা বা হ্যাকিং চেষ্টার অভিযোগ বরাবরই নাকচ করে দিয়ে এসেছে দেশটি।
অন্যদিকে, ২০১৯ সালেই ‘ক্যালিস্টো’-কে “অজ্ঞাত ঝুঁকিপূর্ণ চরিত্র” বলে চিহ্নিত করেছিল ফিনিশ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘এফ-সিকিউর ল্যাব’। সাইবার অপরাধীদের দলটি ইউরোপে “পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতিমালা সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্যে আগ্রহী” বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
রয়টার্স জানিয়েছে, নেটোর ‘সেন্টার ফর এক্সেলেন্স’-এর ওপরও সাইবার হামলা চালিয়েছিল হ্যাকারদের দলটি। গুগলের প্রতিবেদনে ওই হামলার বিষয়টি উল্লেখ করা হলেও কোনো বিস্তারিত তথ্য নেই সেখানে।
এক বিবৃতিতে সরাসরি গুগলের প্রতিবেদনের কথা উল্লেখ না করে ‘সেন্টার ফর এক্সেলেন্স’ বলেছে, “আমরা দৈনিক ক্ষতিকর সাইবার কর্মকাণ্ড দেখি।”
