২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার জিতে ইতিহাস গড়লো অ্যাপল টিভি প্লাস

প্রথম স্ট্রিমিং সেবা হিসেবে অস্কার জিতে ইতিহাস গড়েছে অ্যাপল টিভি প্লাস। এ আয়োজনের সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘কোডা’ সিনেমাটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 04:42 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

২০২১ সালে ‘সানড্যান্স ফিল্ম ফেস্টিভাল’-এ মুক্তি পেয়েছিল ‘কোডা’। তারপর রেকর্ড আড়াই কোটি ডলারে সিনেমাটি কিনে নিয়েছিল অ্যাপল টিভি প্লাস। পুরস্কারের মৌসুমের পুরোটা জুড়ে একের পর এক সম্মাননা জিতেছে সিনেমাটি; মিলেছে ‘প্রোডিউসারস গিল্ড’, ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’ এবং ‘রাইটার্স গিল্ড’ পুরস্কার।

অস্কারের মঞ্চে নেটফ্লিক্সের বহুল প্রশংসিত ‘পাওয়ার অফ দ্য ডগ’ সিনেমার বিপরীতে ‘কোডা’র হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। সিনেমাটির জন্য সেরা পরিচালকের পুরষ্কার জিতেছেন পরিচালক জেন ক্যাম্পিয়ন। 

‘কোডা’ সেরা সিনেমার পুরস্কার পাওয়ার ঘটনায় সিনেমা শিল্প যে কতোটা এগিয়েছে তারই ইঙ্গিত মেলে বলে মন্তব্য করেছে রয়টার্স। ২০১৭ সালেও নিজেদের সর্বোচ্চ পুরস্কার ‘পাম ডি’অর’-এর জন্য স্ট্রিমিং সেবাগুলোকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি কানস ফিল্ম ফেস্টিভাল।

২০২০ সালে বৈশ্বিক মহামারীর কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায়, অস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার শর্ত পাল্টাতে বাধ্য হয়েছিল ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’। সিনেমা অন্তত সাত দিন প্রেক্ষাগৃহে দেখাতে হবে এমন শর্ত থেকে সরে আসে তারা। স্ট্রিমিং সেবায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত ছিল বলে মন্তব্য করেছে রয়টার্স।

অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার অ্যাপল টিভি প্লাস-এর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ২০১৯ সালের নভেম্বর মাসে নিজস্ব প্রযোজনার কয়েকটি সিরিজ নিয়ে চালু হয়েছিল সেবাটি; ছিল না টিভি শো বা বড় পর্দায় মুক্তি পাওয়া সিনেমার কোনো লাইব্রেরি।

অ্যাপল টিভি প্লাসের প্রথম বড় সাফল্যটি এসেছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে; ‘এমি অ্যাওয়ার্ড’-এ সেরা কমেডি সিরিজের পুরস্কার জিতেছিল কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’।

অস্কার অনুষ্ঠানের আগেই ‘ওয়েডবুশ সিকিউরিটিস’-এর বিশ্লেষক ড্যানিয়েল আইভস বলেছিলেন “অ্যাপল যদি ‘কোডা’র জন্য সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে, তাহলে এটি আরও বেশি ‘এ প্লাস’ প্রতিভা আকৃষ্ট করবে এবং এর সাবস্ক্রিপশনও বাড়বে।”