২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সামাজিক মাধ্যম নিয়ে ‘সিরিয়াস’ ইলন মাস্ক

টেসলা প্রধান ইলন মাস্ক একটি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির কথা “গুরুত্বের সঙ্গে” ভাবছেন। এক টুইটের জবাবে এ নিয়ে কথা বলেছেন টেসলা সিইও।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 04:54 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

“একটি নতুন মাধ্যম প্রয়োজন?”--টুইট করেন মাস্ক।

 

মাস্ককে টুইটারে এক ব্যবহারকারী  প্রশ্ন করেন, নতুন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির বিষয়টি তার বিবেচনায় আছে কি না, যেখানে একটি ‘ওপেন সোর্স অ্যালগরিদম’ থাকবে, বাক স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রচারণামূলক রটনার হার নূন্যতম হবে?

টুইটার ব্যবহারকারী হিসেবে যথেষ্ট সক্রিয় হয়েও সামাজিক মাধ্যমটির সাম্প্রতিক নীতিমালার কঠোর সমালোচনাও করেছেন মাস্ক।

মাস্কের মতে, “টুইটার বাক স্বাধীনতার নিয়ম মানতে ব্যর্থ হয়েছে এবং এতে গণতন্ত্রের অবমূল্যায়ন হচ্ছে।”

“টুইটার কি বাক স্বাধীনতার নিয়ম মানছে?”-- টুইটারের অনলাইন জরিপে শুক্রবার জিজ্ঞেস করেন মাস্ক। জবাবে ৭০ শতাংশই বলেছেন ‘না’।

“এ জরিপের ফলাফল খুব গুরুত্বপূর্ণ। দয়া করে সাবধানে ভোট দিন”--শুক্রবার টুইটের জবাবে বলেছেন মাস্ক।

রয়টার্স বলছে, মাস্ক নতুন সামাজিক মাধ্যম তৈরির বিষয়ে এগোলে তিনি অন্যান্য ক্রমশ উঠতি প্রযুক্তি প্রতিষ্ঠানের খাতায় নাম লেখাবেন, যারা বাক স্বাধীনতায় নিজেদের সেরা বলে দাবি করে।

পাশাপাশি, মাস্ক নতুন সামাজিক মাধ্যমে সেসব ব্যবহারকারী টানতে সক্ষম হবেন যারা মনে করেন টুইটার, ফেইসবুক এবং ইউটিউবের মতো সামাজিক মাধ্যম তাদের মত প্রকাশে বাধা দেয়।

এরই মধ্যে, ডনাল্ড ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’, টুইটারের প্রতিদ্বন্দ্বী ‘গেটার’, ‘পারলার’ এবং ভিডিও সাইট ‘রাম্বল’; এদের কোনোটিই এখনো মূলধারার সামাজিক মাধ্যমগুলোর জনপ্রিয়তার ধারেকাছে আসতে পারেনি। অন্যদিকে টেসলা এবং স্পেসএক্স-এর মতো সফল প্রতিষ্ঠান এসেছে মাস্কের হাত ধরে।

মাস্ক নতুন সামাজিক মাধ্যম আনলে সেটি সাফল্য পাবে? উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন।