এনএফটি বিক্রি বাঁচাবে ব্রাজিলের অ্যামাজন
অ্যামাজন রেইনফরেস্ট রক্ষায় এনএফটি বেচার পরিকল্পনা করেছে ব্রাজিলের একটি প্রতিষ্ঠান। এনএফটি কিনে বনের একটি নির্দিষ্ট অংশের রক্ষণাবেক্ষণের পৃষ্ঠপোষকতা করতে পারবেন ক্রেতা।
৪১০ বর্গ কিলোমিটার রেইনফরেস্ট রয়েছে ব্রাজিলের প্রতিষ্ঠান ‘নেমুস’-এর মালিকানায়। শুক্রবার থেকে ব্রাজিলের অ্যামাজন রেইনফরেস্ট সংরক্ষণের লক্ষ্যে এনএফটি বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি।
২০২১ সালে বাজারে আলোড়ন তুলে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে এনএফটি প্রযুক্তি। ডিজিটাল সম্পদগুলোর ‘ইউনিক ডিজিটাল সিগনেচার’-এর সুবাদে এর নকল করাও সম্ভব নয়। এর আগে দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণী রক্ষার লক্ষ্যেও এনএফটির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়েছে।
ব্রাজিলের প্রতিষ্ঠান নেমুস এনএফটির মাধ্যমে ক্রেতাদের বনের আংশিক জমির পৃষ্ঠপোষকতা করার সুযোগ দিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এনএফটি বিক্রি থেকে আসা তহবিল বনের গাছপালার সংরক্ষণ এবং দীর্ঘস্থায়ী রক্ষণাবেক্ষণ প্রকল্পে খরচ করার কথা রয়েছে প্রতিবেদনে।
তবে, এনএফটি ক্রেতারা বনের ওই অংশের মালিকানা নয়, বরং, স্যাটেলাইটে তোলা ছবি থেকে শুরু করে বিভিন্ন দাপ্তরিক নথির মতো সংরক্ষণ প্রক্রিয়ার নানা গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নেমুস প্রতিষ্ঠাতা ফ্লাভিও দ্যো মিইরা পেননা।
প্রাথমিক অবস্থায় নেমুস আট হাজার হেক্টর জমির এনএফটি উন্মুক্ত করেছিল এবং প্রথম দিনেই তার ১০ শতাংশ বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে রয়টার্সকে পেননা বলেন “আমার ধারণা আগামী কয়েক সপ্তাহে বিক্রির গতি আরও বাড়বে।” ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারের কারণে তহবিল সংগ্রহের প্রক্রিয়াতে স্বচ্ছতাও নিশ্চিত থাকবে বলে জানিয়েছেন তিনি।
প্রতিটি এনএফটির জন্য ০.৬ একর থেকে শুরু করে দুইশ একর পর্যন্ত বিভিন্ন আকারে বনের জমি ভাগ করেছে নেমুস। অনলাইন ম্যাপে নিজে যে অংশটুকুর পৃষ্ঠপোষকতা করছেন সেটি দেখে নিতে পারবেন ক্রেতা।
রয়টার্স জানিয়েছে, সবচেয়ে ছোট আকারের জমির এনএফটি বিক্রি হচ্ছে দেড়শ ডলার দামে। আর সবচেয়ে বড় আকারের জমির এনএফটির দাম ধরা হয়েছে ৫১ হাজার ডলার।
নেমুস ৪০ থেকে ৫০ লাখ ডলারের তহবিল জোগাড় করে আরও ২০ লাখ হেক্টর বন কেনার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন পেননা। এর মধ্যেই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির বনের জমি কেনার আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
এই তহবিল বন সংরক্ষণের পাশাপাশি নবায়নযোগ্য উন্নয়ন প্রকল্পে খরচ করার পরিকল্পনা জানিয়েছেন পেননা। পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয়দের মাধ্যমে ‘আসাই বেরি’ এবং ‘ব্রাজিল নাট’ চাষাবাদের পরিকল্পনা করেছে নেমুস।
তহবিল সংগ্রহের জন্য বাজারজাতকৃত প্রতিটি এনএফটিতেই থাকবে অ্যামাজনের কোনো উদ্ভিদ বা প্রাণীর ছবি। এনএফটিগুলোর লেনদেন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে স্যান-ফ্রান্সিসকোভিত্তিক এনএফটি নির্মাতা প্রতিষ্ঠান ‘কনসেপ্ট আর্ট হাউজ’।
তবে, পরিবেশ রক্ষা প্রকল্পের সঙ্গে এনএফটি প্রযুক্তির সংশ্লিষ্টতা কতোটা যৌক্তিক সে প্রশ্নও আছে বাজারে। এনএফটি প্রযুক্তি পুরোপুরি ব্লকচেইন প্রযুক্তির উপর নির্ভরশীল, আর প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয় এই প্রযুক্তিতে।
বিশ্বের সিহংভাগ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা জীবাস্ম জ্বালানী নির্ভর হওয়ায়, পরিবেশের উপর ব্লকচেইন প্রযুক্তির সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে বিতর্কের সমাধান এখনও হয়নি।
পেননা সেই বিতর্ক গায়েই মাখছেন না বলে জানিয়েছে রয়টার্স। পরিবেশের উপর এ প্রযুক্তি বিরূপ প্রভাব যাই হোক না কেন, ঝুঁকির মুখে থাকা অ্যামাজন রক্ষা করতে পারলে তার সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি।
