২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাসের বিনিময়ে রাশিয়ার বিবেচনায় বিটকয়েন

তেল-গ্যাসের বিনিময়ে বিটকয়েন নেওয়ার কথা ‘ভাবছে’ রাশিয়া। ধারণা করা হচ্ছে, পশ্চিমা অবরোধের মুখে রূবলের বেহাল দশা মোকাবেলার সম্ভাব্য উপায় হিসেবেই ক্রিপ্টো মুদ্রাকে বিবেচনা করছে রাশিয়া।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 06:31 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

“বন্ধুসুলভ” দেশগুলোকে ক্রিপ্টো মুদ্রা অথবা নিজ দেশের মুদ্রায় তেল-গ্যাসের মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার জীবাশ্ম জ্বালানী বিষয়ক স্টেট দুমা কমিটির প্রধান পাভেল জাভালনি।

সম্প্রতি “অবন্ধুসুলভ” দেশগুলোর কাছে রুবলের বিনিময়ে গ্যাস বিক্রি করতে চান বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটির উপর একের পর এক অবরোধ-নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়ন। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে চলতি বছরে ২০ শতাংশ মূল্য হারিয়েছে  রুবল, জীবনযাত্রার খরচ বেড়েছে রাশিয়ায়।

এখনও বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস এবং দ্বিতীয় বৃহত্তম খনিজ তেল রপ্তানীকারক দেশ রাশিয়া। রাশিয়া জীবাশ্ম জ্বালানীর দাম নিতে সম্ভাব্য বিকল্প মাধ্যমগুলো বিবেচনা করছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন জাভালনি।

“অবরোধের চাপের সঙ্গে জড়িত নয়” এমন বন্ধুসুলভ দেশ হিসেবে চীন ও তুরস্কের কথা বলেছেন জাভালনি।

“চীনকে জাতীয় মুদ্রা রুবল ও ইউয়ানের মাধ্যমে লেনদেনের প্রস্তাব আমরা আগে থেকেই দিয়ে আসছিলাম। তুরস্কের ক্ষেত্রে এটি হবে লিরা ও রুবল,”-- বলেন জাভালনি।

“বিটকয়েন দিয়েও লেনদেন করতে পারেন আপনি,”-- যোগ করেন তিনি।

ঝুঁকি থাকলেও জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রাটির লেনদেন থেকে রাশিয়া লাভবান হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের ‘এনার্জি স্টাডিজ ইনস্টিটিউট’-এর জ্যেষ্ঠ গবেষক ডেভিড ব্রডস্টক বলেন, “অভূতপূর্ব অবরোধের চাপ খুব দ্রুতই টের পেয়েছে রাশিয়া।”

“অর্থনীতিকে গুছিয়ে আনার প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন দিক থেকে বিটকয়েনকে বিবেচনা করা হচ্ছে দ্রুত বর্ধনশীল সম্পদ হিসেবে।”

তবে, চলতি বছরেই বিটকয়েনের দাম ওঠা-নামা করেছে ৩০ শতাংশ পর্যন্ত। সে তুলনায় ইউরোর বিপরীতে ডলারের দাম পাঁচ শতাংশ ওঠা-নামা করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।

ব্রডস্টক বলেন, “প্রচলিত মুদ্রার সঙ্গে তুলনা করলে, প্রাকৃতিক গ্যাসের বিনিময়ে বিটকয়েন নিলে তাতে আরও বেশি ঝুঁকি যোগ হবে।”

“তা ছাড়া, রাশিয়া ‘বন্ধুসুলভ’ দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হল চীন এবং চীনে ক্রিপ্টো মুদ্রার লেনদেন নিষিদ্ধ। এতে বিটকয়েনের মাধ্যমে লেনদেনের সুযোগ আরও সীমিত হয়ে আসে।”

অন্যদিকে, রাশিয়ার শাষকগোষ্ঠী অবরোধ-নিষেধাজ্ঞা এড়াতে ভার্চুয়াল মুদ্রার উপর নির্ভর করবেন– এমনটা আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সেই আশঙ্কা থেকেই ক্রিপ্টো মুদ্রা লেনদেনের প্লাটফর্মগুলোকে রাশিয়ান ব্যবহারকারীদের নিষিদ্ধ করার আহ্বান করেছিল ইউক্রেইন সরকার এবং পশ্চিমা রাজনীতিবিদরা।

রাশিয়ার বর্তমান গ্যাস বিক্রির চুক্তিগুলোর মধ্যে বেশ কয়েকটিতে ইউরোর মাধ্যমে মূল্য পরিশোধের কথা বলা হয়েছে। রাশিয়া চুক্তির শর্তগুলো বদলাতে পারবে কি না, তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি। ইউরোপিয়ান ইউনিয়নের প্রাকৃতিক গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো রাশিয়ার সরবরাহ।