ফের যৌন হয়রানির মামলায় অ্যাক্টিভিশন ব্লিজার্ড
আরও একটি যৌন হয়রানির মামলা দায়ের করা হয়েছে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিরুদ্ধে। এর আগে গেইম নির্মাতা কোম্পানিটির সিইও’র বিরুদ্ধে উঠেছিল যৌন নিপীড়ণের অভিযোগ।
বিনোদন জগতের আইনজীবী লিসা ব্লুমের আইনী প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিরুদ্ধে মামলাটি করেছে। মামলায় বাদীর পরিচয় হিসেবে “জেন ডো” উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
জেন ডো’র অভিযোগ অনুসারে তিনি গেইম নির্মাতা কোম্পানিটিতে কাজ করার সময় যৌন হয়রানি এবং বৈষম্যের শিকার হয়েছেন। মামলায় অ্যাক্টিভিশন ব্লিজার্ড, ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট, সাবেক তিন ব্লিজার্ড কর্মী, দুজন বর্তমান কর্মী এবং আরও ২৫ জনকে বিবাদী হিসাবে তালিকাভূক্ত হয়েছে।
এই মামলার অনেক অভিযুক্তের মধ্যে রয়েছে মার্ক স্কোরুপা’র নাম। ব্লিজার্ডের সাবেক এই কর্মী এখন কাজ করছেন মাইক্রোসফটে। ব্লিজার্ডে জ্যেষ্ঠ প্রশাসনিক সহকারী হিসাবে যোগ দেওয়ার পর ডো’র কাজ ছিল স্কোরুপা এবং আইটি বিভাগে আরেকজন কর্মীর সহকারী হিসেবে কাজ করা।
অভিযোগ বলছে, স্কোরুপা ডো’র প্রতি যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং গ্রহনযোগ্য আচরণের সীমা অতিক্রম করেছেন। কাজে প্রথম দিনই মধ্যাহ্নভোজের সময় ডো’র কোলে হাত রাখা এবং তাকে জোর করে দীর্ঘ আলিঙ্গন করার অভিযোগ রয়েছে।
বাদী অভিযোগের প্রমাণ করার চেষ্টা করেছেন যে, অভিযোগ করার পরও বারবার ব্লিজার্ডে ব্যবস্থাপকরা এবং মানবসম্পদ বিভাগ বিষয়টিকে বাতিল করে দিয়েছেন। কেবল তাই নয়, অভিযোগ করার কারণে প্রতিষ্ঠানটি ডো’র প্রতি প্রতিশোধপরায়ণ আচরণ করেছে। পাশাপাশি, জ্যেষ্ঠ কর্মকর্তা ডো’র প্রতি “বন্ধুসুলভ আচরণ করেছেন” এবং তিনি “চমৎকার নেতৃত্বের মানুষ” বলে মানবসম্পদ বিভাগ বিষয়টি অস্বীকার করেছে।
“আর এ নিয়ে কথা বললে তা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হতে পারে।”
আরও অভিযোগ, স্কোরুপা ডো’র বিষয়ে একাধিক ক্ষতিকর মন্তব্য করেছেন, তার পদাবনতি ঘটিয়েছেন এবং কোম্পানির ভেতরে অন্য পদের জন্য বিবেচনা করেননি।
এক উদাহরণে ডো বলছেন, একটি পদ খালি হলে সেখানে তার চেয়ে কম যোগ্যতার একজনকে নিয়োগ দেয় কোম্পানি এবং সেই ব্যক্তিকে কিছুদিনের মধ্যেই বরখাস্ত করা হয়েছিল।
“কারণ তিনি ওই পদের জন্য যোগ্য ছিলেন না।”
শেষ পর্যন্ত কোম্পানির সাবেক প্রেসিডেন্ট জে অ্যালেন ব্র্যাককে হয়রানি এবং প্রতিশোধের বিষয়ে লেখার পর তাকে নতুন একটি পদে নিয়োগ দেওয়া হয় যেখানে তার বেতন আগের চেয়ে কম ছিল এবং নতুন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে ইচ্ছাকৃতভাবে এমন সব কাজ দিতে থাকেন যেটাতে তিনি নিশ্চিতভাবেই ব্যর্থ হবেন।
অ্যাক্টিভিশন ব্লিজার্ড মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
জুলাই মাসে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য অ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করার পর থেকে কোম্পানিটি কর্মস্থল সংস্কৃতির জন্য কঠোর তদন্তাধীন রয়েছে।
মামলায় বেনামে আরও একজন কর্মচারীর উল্লেখ রয়েছে যিনি কোম্পানির এক রিট্রিট আয়োজনে আত্মহত্যা করেন। অ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিরুদ্ধে ওই কর্মীর মা-বাবা’র দায়ের করা মামলার অভিযোগ, যৌন হয়রানির কারণেই তার মৃত্যু হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক সাড়া জাগানো প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সিইও ববি কোটিক কোম্পানিতে যৌন অসদাচরণের অভিযোগ সম্পর্কে জানার পরও পদত্যাগ করেননি।
মাইক্রোসফট প্রায় সাত হাজার কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার পরিকল্পনায় থাকলেও এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।
ভিডিও গেইম জগতে অন্যতম শীর্ষ এই নির্মাতা প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা প্রায় সাড়ে নয় হাজার, বার্ষিক আয় আটশ’ কোটি ডলারের বেশি এবং মোট সম্পদের মূল্য দুই হাজার তিনশ’ কোটি ডলারের বেশি।
