২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনকে অনলাইনে রাখায় মাস্কের স্টারলিংক কতোটা সফল?

কয়েকদিন আগেই ইলন মাস্ক পত্রিকার শিরোনাম হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেইনের ভবিষ্যত নির্ধারণে মল্লযুদ্ধের আহ্বান জানিয়ে। কিন্তু অবরুদ্ধ দেশটিতে এই উদ্যোক্তা আসল খেলা খেলছেন প্রযুক্তির রণক্ষেত্রে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 04:56 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

এই যুদ্ধে তার হাতিয়ার স্টারলিংক নামের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা। এই দুর্যোগে ইউক্রেইনীয়দের অনলাইনে রাখছে ‘প্রচলিত’ ইন্টারনেট সংযোগের বাইরে বলে বিবেচিত এই প্রযুক্তি।

‎স্টারলিংক ‎‎হচ্ছে মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স-এর‎‎ একটি বিভাগ। পরিষেবাটি টিভি ডিশ আকারের স্যাটেলাইট অ্যান্টেনা ব্যবহার করে সাধারণত গ্রামীণ বা সংযোগ বিচ্ছিন্ন এলাকায় উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সুবিধা দেয়। এই অ্যান্টেনাগুলো বসাতে হয় খোলা আকাশের নিচে, বেশিরভাগক্ষেত্রেই বাড়ি বা ভবনের ছাদে।

‎ইউক্রেইনে যুদ্ধ শুরু হলে দেশটি রাশিয়ান সাইবার আক্রমণ এবং গোলাবর্ষণের ফলে পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ে। দেশটির ডিজিটাল রূপান্তর মন্ত্রী মাইখাইলো ফেদোরভ এ অবস্থায় টুইট করে মাস্কের কাছে সরাসরি সাহায্যের আবেদন জানালে কয়েক ঘণ্টার মধ্যেই মাস্ক জবাবে বলেন- “স্টারলিংক সেবা এখন ইউক্রেইনে সক্রিয়। আরও টার্মিনাল আসছে।”‎

‎ইউক্রেইন এরই মধ্যে মাস্কের কোম্পানি এবং ইউরোপীয় মিত্রদের কাছ থেকে হাজার হাজার অ্যান্টেনা পেয়েছে, যা “খুবই কার্যকর” প্রমাণিত হয়েছে বলে শুক্রবার ওয়াশিংটন পোস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন ফেদোরভ‎‎।‎

Image
রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ পরিচালনা করছেন ইউক্রেইনের ডিজিটাল রূপান্তর ও উপ প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ। ছবি: ফেদোরভের টুইটার অ্যাকাউন্ট থেকে

রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ পরিচালনা করছেন ইউক্রেইনের ডিজিটাল রূপান্তর ও উপ প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ। ছবি: ফেদোরভের টুইটার অ্যাকাউন্ট থেকে

গোপন অবস্থান থেকে অনুবাদকের সহায়তায় ‎‎ফেদোরভ‎‎ জানান, “সংযোগের মান চমৎকার!”। স্টারলিংকের সেবা ব্যবহার করে তিনি আরও যোগ করেন, “আমরা হাজার হাজার এলাকায় টার্মিনাল ব্যবহার করছি। প্রতি দিন নতুন চালান আসছে।‎”

ইউক্রেইনে দুর্যোগের মধ্যে সাধারণ নাগরিক এবং সরকারের অনলাইনে থাকার জন্য আপৎকালীন উপায় হিসেবে স্টারলিংকের ব্যবহার আসলে এক ধরনের ‘অ্যাসিড টেস্ট’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এটি এই যুদ্ধের ভবিষ্যত নির্ধারণে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

ইন্টারনেট যোগাযোগ, তথ্য প্রাপ্তি এবং এমনকি অস্ত্রের যথাযথ ব্যবহারের জন্যও অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে ইন্টারনেট সংযোগ।‎

সেইসঙ্গে এটি মাস্কের জন্যও একটি পরীক্ষা।

যখনতখন টুইটারে নানা প্রতিশ্রুতি এবং ঘোষণায় অভ্যস্ত এই প্রযুক্তি উদ্যোক্তা এই সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ করেছেন। সেখানেই থামেননি তিনি। বলেছেন, পুতিন ভয় পেলে তিনি ‎‎কেবল তার বাঁ হাত ব্যবহার করবেন, যদিও তিনি বাঁহাতি নন। এবং চাইলে পুতিন ‎‎একটি ভালুকও আনতে পারেন!

অতীতে অবশ্য সব ঘোষণাতেই সাফল্যের ইতিহাস মাস্কের নেই।

করোনাভাইরাস রোগীদের জন্য ভেন্টিলেটর তৈরি করা এবং ‎‎গুহায় আটকে পড়া থাই শিশুদের‎‎ উদ্ধারে সহায়তা প্রচেষ্টাসহ ‎‎অতীতে তার বেশ‎‎ কিছু প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে।‎

‎তবে এবার, ফেদোরভ এবং কিছু বিশেষজ্ঞ বলছেন যে তিনি সম্ভবত আগের চেয়ে পরিণত হয়েছেন। ইউরোপে টেসলা কর্মীরা ইউক্রেইনে স্টারলিংককে কার্যক্ষম করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে‎‎। ফেদোরভ বলছেন, অন্যান্য ইউরোপীয় দেশও তাদের নিজস্ব সরবরাহ থেকে স্টারলিংক সরঞ্জাম পাঠিয়েছে।‎

Image
সব ঘোষণাতেই মাস্কের সাফল্যের রেকর্ড নেই। ছবি: রয়টার্স

সব ঘোষণাতেই মাস্কের সাফল্যের রেকর্ড নেই। ছবি: রয়টার্স

স্টারলিংক এবং অতীতের বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে মন্তব্য করতে ওয়াশিংটন পোস্টের অনুরোধে মাস্ক স্বভাবসুলভ জবাব দিয়েছেন- “আপনাদে ক্রীড়ানক মালিক বেসোসকে আমার অভিবাদন জানাবেন।”

এটুকু বলেই চুপ করে গেছেন মাস্ক। ইউক্রেইনের স্টারলিংকের সঙ্গে তার কাজের বিস্তারিত জানানোর অনুরোধে তিনি আর সাড়া দেননি।‎

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ওয়াশিংটন পোস্টের মালিক।

বিদ্যুৎ বিভ্রাট বা ক্ষেপণাস্ত্র আক্রমণে ফাইবার অপটিক কেবল ক্ষতিগ্রস্থ হওয়ায় ইন্টারনেট সেবা বন্ধ হতে পারে বলে বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন। হয়েছেও তাই। যেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে সেখানে এবং সরকারী কর্মকর্তা এবং সাধারণ নাগরিকরা এখন স্টারলিংকের প্রযুক্তি ব্যবহার করছেন।

ইউক্রেইনের যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান রাশিয়ান আক্রমণে কাজের জায়গা বদলাতে বাধ্য হয়েছেন তারাও স্টারলিংকের সেবা ব্যবহার করে অনলাইনে থাকছেন। এরই মধ্যে লন্ডনের টাইমস তাদের প্রতিবেদনে জানাচ্ছে‎‎, ইউক্রেইনের একটি সেনা ইউনিট স্টারলিংক ব্যবহার করছে রাশিয়ান বাহিনীর ওপর হামলায় ড্রোন পরিচালনার কাজে‎‎।‎

সাম্প্রতিক বছরগুলিতে স্টারলিংকের ব্যাপ্তি দ্রুত বেড়েছে। প্রতিষ্ঠানটি মহাকাশে এক হাজারেরও বেশি উপগ্রহ উৎক্ষেপণ করে একাধিক স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানিকে ছাড়িয়ে গেছে। স্টারলিংকের সেবার গ্রাহক হতে মাসে ৯৯ ডলার আর সরঞ্জামের জন্য শুরুতে এককালীন ৪৯৯ ডলার দিতে হয়।

‎ইউক্রেইনে স্টারলিংকের প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন দেশটিতে এখন পাঁচ হাজারেরও বেশি স্টারলিংক টার্মিনাল রয়েছে।‎

এরপরও, বিশেষজ্ঞরা বলছেন, এমনকি স্টারলিংকের একটি বড় নেটওয়ার্কও সম্ভবত পুরো দেশকে পূর্ণ গতিতে অনলাইনে সচল রাখার জন্য যথেষ্ট হবে না। তবে প্রচলিত ইন্টারনেট সংযোগ যখন ব্যার্থ, তখন স্টারলিংক একটি নির্ভরযোগ্য ব্যাকআপ হিসাবে কাজ করতে পারে। ফেদোরভ বলেন, ইউক্রেইনীয়দের অনলাইনে রাখার চ্যালেঞ্জে সম্ভব্য আরও বড় ইন্টারনেট বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে তিনি এবং তার সহকর্মীরা অন্যান্য ইউরোপীয় নেতা এবং প্রতিষ্ঠানের সঙ্গে অতিরিক্ত উপগ্রহ এবং সেলুলার প্রযুক্তির সহায়তা নিয়ে আলোচনা করছেন।‎