২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন প্রেসিডেন্টের ভুয়া ভিডিও মুছে দিয়েছে ফেইসবুক

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি ভুয়া ভিডিও মুছে দিয়েছে ফেইসবুক। ভিডিওতে ইউক্রেইনের নাগরিকদের “অস্ত্র সমর্পন” করতে ‘বলেছিলেন’ কৃক্রিমভাবে বানানো জেলেনস্কি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 03:27 PM

Updated : 28 Apr 2022, 11:52 PM

ইউক্রেইনের সংবাদমাধ্যম ‘টিভি২৪ (TV24)’-এর ওয়েবসাইট হ্যাক করে ভিডিওটি প্রথম প্রচার করা হয়েছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ভিডিওটিতে পোডিয়ামের পেছনে দাঁড়ানো বক্তার চেহারা এডিট করে বসানো হয়েছে জেলেনস্কির মুখ। ভিডিওতে নিজ দেশের যুদ্ধ জয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে “ডনবাসকে রাশিয়ার কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন” বলে ঘোষণা দেন ভুয়া জেলেনস্কি।

‘ডিপফেইক’ বলা হলেও, মান বিচারে ভিডিওটিকে যাচ্ছেতাই বলে আখ্যা দিচ্ছেন সমালোচকরা। এডিট করে বসানো হলেও বাস্তবের শারীরিক গঠনের তুলনায় ভুয়া জেলেনস্কির মাথা ও মুখায়বের আকার ছিল লক্ষ্যণীয় হারে বড়। তার বাস্তব কণ্ঠের চাইতেও গভীর কণ্ঠে কথা বলছিলেন ভুয়া জেলেনস্কি।

মেটার নিরাপত্তা নীতিমালাবিষয়ক প্রধান ন্যাথানিয়েল গ্লেইশার টুইট করে জেলেনস্কির ‘ডিপফেইক’ ভিডিও মুছে দেওয়ার খবর জানিয়েছেন বুধবার।

“দিনের শুরুতেই আমাদের কর্মীরা প্রেসিডেন্ট জেলেনস্কির একটি ডিপফেইক ভিডিও চিহ্নিত করে মুছে দিয়েছে, যেখানে তিনি এমন এত বিবৃতি দিচ্ছিলেন যা তিনি কখনোই দেননি। ভিডিওটি একটি হ্যাকড ওয়েবসাইটে প্রথম এসেছিল এবং তারপর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।”

মাসের শুরুতেই দেশের নাগরিকদের অনলাইনে জেলেনস্কির ভিডিও দেখলে, বিশেষ করে ভিডিওতে জেলেনস্কি যদি রাশিয়ার আগ্রাসনের মুখে আত্মসমর্পন করতে বলেন তাহলে, সেটি থামিয়ে ভেবে দেখার পরামর্শ দিয়েছিল ইউক্রেইন সরকার। ওই বিবৃতিতে ‘ইউক্রেইনিয়ান সেন্টার ফল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন’ সতর্ক করে দিয়েছিল, ইউক্রেইনের নাগরিকদের আত্মসমর্পনে রাজি করাতে সম্ভবত ‘ডিপফেইক’ ভিডিও প্রচার করবে রাশিয়া। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভুয়া ভিডিওটি প্রসঙ্গে জেলেনস্কি বলেছেন, “অস্ত্র সমর্পন করতে বলে শিশুসুলভ উস্কানি দেওয়ার প্রসঙ্গে আমি রাশিয়ার সেনাদের একটাই পরামর্শ দেব, নিজের অস্ত্র সমর্পন করে ঘরে ফিরে যান। আমরা নিজের ঘরেই আছি এবং ইউক্রেইনকে রক্ষা করছি।”

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেও এমন ‘ডিপফেইক’ ভিডিও মুছে দিয়েছিল ফেইসবুক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে তৈরি কোনো কনটেন্টে যদি পাঠক বা দর্শককে বিভ্রান্ত করার আশঙ্কা থাকে তবে ওই কনটেন্ট মুছে দেওয়ার নীতি রয়েছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটির।