অবশেষে ‘বেটা’ তকমা সরলো ‘গুগল ডোমেইনস’ থেকে
চালু হওয়ার সাত বছর পর ‘বেটা’ ট্যাগ সরেছে ‘গুগল ডোমেইনস’ থেকে। এতে নিবন্ধন করে গুগল নিজস্ব সেবায় যে ‘হাই পারফর্মেন্স ডিএনএস’ ব্যবহৃত হয়, সে একই অবকাঠামো ব্যবহারের সুবিধা পাবেন নিবন্ধনকারী।
‘গুগল ডোমেইনস’ সেবা থেকে ‘বেটা’ তকমা ওঠার খবর মঙ্গলবার নিশ্চিত করেছে শীর্ষ এই সার্চ জায়ান্ট। এরই মধ্যে ২৬টি দেশে সেবাটি চালু করেছে গুগল। সেবাটিতে ‘অ্যাকটিভ রেজিস্ট্রেশন’ সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দিন-রাত ২৪ ঘণ্টা গ্রাহক সেবা মিলবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে গুগল। এ ছাড়াও নতুন ও পুরনো সেবাগ্রাহকদের জন্য “যে কোনো একক ডোমেইন নিবন্ধন করলে অথবা গুগল ডোমেইনসে স্থানান্তর করে এলে” তার উপর ২০ শতাংশ ছাড় দেবে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে ডিসকাউন্ট কোড ‘ডোমেইনস২০ (DOMAINS20)’ ব্যবহার করে নিবন্ধন করতে হবে সেবাগ্রাহককে।
তবে, প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, ‘গুগল ডোমেইনসে’ নিবন্ধন করলেও এই সেবাটি ব্যবহারের জন্য ওয়েবসাইট বানাতে হবে সেবাগ্রাহককেই। এক্ষেত্রে নিজস্ব ‘প্রিমিয়াম পার্টনার্স’ সেবা ব্যবহারের পরামর্শ দিচ্ছে গুগল, যাতে রয়েছে উইক্স, শপিফাই, স্কোয়্যারস্পেস এবং উইব্লির মতো ‘গুগল সাইটস’ পণ্য।
শীর্ষ সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি ‘গুগল ডোমেইনস’ সেবা নিয়ে কাজ করছে দীর্ঘ দিন ধরে। ২০১৪ সালের জুন মাসে ‘ইনভাইট-অনলি বেটা’ হিসেবে যাত্রা শুরু করেছিল সেবাটি। সেবাটি যুক্তরাষ্ট্রে ‘পাবলিক বেটা’ হিসেবে যাত্রা শুরু করেছিল ২০১৫ সালের জানুয়ারি মাসে।
এমনকি গুগলের জিমেইল সেবাও এতোদিন বেটা পর্যায়ে ছিল না বলে মন্তব্য করেছে ভার্জ।
