২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া-ইউক্রেইন সাইবার যুদ্ধ: উন্মুক্ত সবার জন্য

বাস্তব রণাঙ্গনের সীমানা ছাড়িয়ে রাশিয়া বনাম ইউক্রেইন দ্বন্দ্ব উত্তাপ ছড়াচ্ছে ইন্টারনেটের ডিজিটাল জগতেও। গুরুত্বপূর্ণ অবকাঠামোকে দুর্বল করা আর পরস্পর বিরোধী মতবাদ প্রচারের লক্ষ্য নিয়ে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে উভয় পক্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সাইবার যুদ্ধে অংশ নিচ্ছেন বহিরাগতরাও।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 08:43 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

যুদ্ধ শুরুর পর থেকেই উভয়পক্ষের সাইবার হামলার সংখ্যা ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছে সাইবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান ‘চেক পয়েন্ট সফটওয়্যার টেকনোলজিস (সিপিআর)’-এর গবেষণা বিভাগ।

প্রতিষ্ঠানটির সাইবার হুমকি বিভাগের প্রধান লোটেম ফিঙ্কেলস্টাইন বলেন, “ইতিহাসে প্রথমবারের মতো যে কেউ যোগ দিতে পারছেন একটি যুদ্ধে। পুরো সাইবার কমিউনিটিকেই এক্ষত্রে জড়িয়ে পড়তে দেখছি আমরা। অনেকে পক্ষ বেছে নিচ্ছেন এখানে, কেউ রাশিয়ার পক্ষে, কেউবা ইউক্রেইনের পক্ষে।”

“ব্যাপক সাইবার বিশৃঙ্খলা বিরাজ করছে,” যোগ করেন তিনি।

বিদ্রোহের আগুন তৃণমূল থেকে ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে

সিপিআর-এর তথ্য বলছে, রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রথম তিন দিনে ইউক্রেইনের সামরিক বাহিনী এবং সরকারি অবকাঠামোর উপর সাইবার হামলা বেড়েছিল ১৯৬ শতাংশ। ওই একই সময়ে রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার ঘটনা বেড়েছে ৪ শতাংশ; আর ইউক্রেইনের বেসামরিক প্রতিষ্ঠানগুলোর উপর সাইবার হামলা বেড়েছে ০.২ শতাংশ।

তারপর থেকে বিভিন্ন দেশ ও জাতির প্রায় চার লাখ হ্যাকার ইউক্রেইনের পক্ষে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ‘সাইবারপ্রুফ’-এর প্রেসিডেন্ট এবং ইসরায়েলের গোয়েন্দা কর্মকাণ্ড বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রধান ইউভাল ওলম্যান।

Image
ইউক্রেইনের সড়ক পথে রাশিয়ার সামরিক বহর। ছবি: রয়টার্স

ইউক্রেইনের সড়ক পথে রাশিয়ার সামরিক বহর। ছবি: রয়টার্স

“তৃণমূল থেকে উঠে আসা স্বেচ্ছাসেবকরা বড় পরিসরে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন – যুদ্ধ বিরোধী মেসেজ পোস্ট করে দিয়েছেন রাশিয়ার সংবাদমাধ্যমগুলোতে, ফাঁস করে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী হ্যাকারদের ডেটা।”

“কোনো সংঘাতে বহিরাগতদের এতোটা জড়িয়ে পড়তে আগে কখনো দেখিনি আমরা।”-- বলছেন ওলম্যান।

যুদ্ধের তৃতীয় সপ্তাহের শেষে এসেও লাগাতার সাইবার হামলার শিকার হচ্ছে ইউক্রেইন, সিংহভাগ সাইবার হামলা দেশটির সরকার ও সামরিক বাহিনীর উপর চালানো হচ্ছে বলে উঠে এসেছে সিপিআর-এর ডেটায়।

কোনো রকমের সাইবার যুদ্ধ পরিচালনা বা সাইবার আক্রমণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অবস্থিত রাশিয়া দূতাবাস থেকে টুইট করা হয়েছিল, রাশিয়া “সাইবার জগতে আগে কখনোই কোনো বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড চালায়নি, এখনো চালাচ্ছে না।”

অন্যদিকে, ফিঙ্কেলস্টাইন বলছেন, সিপিআরের ডেটা অনুযায়ী তিন সপ্তাহে রাশিয়ার উপর সাইবার হামলার মাত্রাও কমে এসেছে। এর একাধিক সম্ভাব্য কারণের কথাও বলেছেন তিনি– হয়তো আক্রমণের ঘটনাগুলো চেপে যাওয়ার চেষ্টা করছে রাশিয়া, অথবা সাইবার হামলা মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থাও আরো জোরদার করেছে দেশটি।

‘আইটি আর্মি অফ ইউক্রেইন’

যুদ্ধের অনিশ্চিয়তার মধ্যে সংশ্লিষ্ট সবার তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি কেড়েছে ‘আইটি আর্মি অফ ইউক্রেইন’। দীর্ঘ দিন ধরেই রাশিয়ার সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেইন; আগ্রাসন শুরু হওয়ার পর থেকে স্বেচ্ছাসেবকদের সাইবার যোদ্ধাদের অংশগ্রহণকে স্বাগতই জানিয়েছে দেশটির সরকার।

স্বেচ্ছাসেবকদের হিসেবে হ্যাকারদের সহযোগিতা চেয়ে টুইট করেছিলেন ইউক্রেইনের ডিজিটাল মন্ত্রী মিখাইলো ফেদোরভ। সেই টুইটের পর মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ‘আইটি আর্মি অফ ইউক্রেইন’ গ্রুপে প্রায় তিন লাখ আট হাজার মানুষ যোগ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

গ্রুপটির অন্যতম সদস্য গেননাডি গ্যালানটার, আইটি প্রতিষ্ঠান ‘প্রোভিকটাস’-এর সহ-প্রতিষ্ঠাতা। তার দেওয়া তথ্য বলছে, আপাতত রাশিয়ান ওয়েবসাইটের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা, ইন্টারনেটে রাশিয়ার মিথ্যাচার মোকাবেলা এবং রাশিয়ার নাগরিকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উপরই জোর দিচ্ছে টেলিগ্রামের দলটি। 

নিজের প্রতিষ্ঠানের হয়ে নয়, ব্যক্তিগতভাবে এই সাইবার লড়াইয়ে জড়িয়ে পড়ার কথা বলেছেন গ্যালানটার; বলেছেন তাদের চেষ্টায় “কাজ হচ্ছে।”

তারপরও রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলায় অংশ নেওয়ার বিষয়ে নিজের ভেতরে মিশ্র অনুভূতি কাজ করছে বলে জানিয়েছেন গ্যালানটার। “বাস্তবতা হচ্ছে, রাশিয়ায় আমার অনেক বন্ধু ও পরিবারের সদস্য আছেন। তারা সবাই ভুল তথ্য জানেন,” বলেন গ্যালানটার।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ছেড়ে পালিয়েছিলেন গ্যালানটার। তার নিজের স্ত্রী রাশিয়ান নাগরিক। তারপরও “সত্য জানাতে এবং মিথ্যা অস্বীকার করতে” দায়বদ্ধতা অনুভব করছিলেন বলে জানিয়েছেন তিনি।

রাশিয়ার সাইবার সক্ষমতার বিপরীতে তাদের চেষ্টা যথেষ্ট নাও হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

রাশিয়ায় নিজের প্রতিষ্ঠানের কর্মকাণ্ড বন্ধ করে কর্মীদের নিরাপদ স্থানে সড়ে যেতে সহযোগিতা করেছেন গ্যালানটার। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের বলেছেন, “পৃথিবী সাদা-কালোতে ভাগ হয়ে গেছে, আপনাদের মধ্যে যাদের বাস্তবতার উপলব্ধি আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তারা আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।”

“ঠিক এই লোকজনের মতো আমিও একসময় শরণার্থী ছিলাম। পুতিন যা সৃষ্টি করার চেষ্টা করছেন আমি ঠিক সেটা ছেড়েই পালিয়েছিলাম।”

মস্কোর পাল্টা উত্তর

ইউক্রেইনের পক্ষ নিচ্ছে এমন দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রাশিয়া প্রতিশোধমূলক কিছু করবে, এমনটা আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ৪ মার্চ ইলন মাস্ক টুইট করেছিলেন, ইউক্রেইনে স্টারলিংক স্যাটেলাইট সংযোগ এবং টার্মিনাল সরবরাহ করার মানে হলো তার প্রতিষ্ঠানের আক্রমণের “টার্গেট হওয়ার আশঙ্কা অনেক বেশি।”

রাশিয়া প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে সেটি রাশিয়া বনাম পশ্চিমা শক্তির মধ্যে ‘বৈশ্বিক সাইবার যুদ্ধের’ সূত্রপাত করবে বলে আশঙ্কার করছেন বিশেষজ্ঞরা।

রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার আগের সপ্তাহগুলোতে একের পর এক সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেইন। কিন্তু আগ্রাসের প্রথম কয়েক দিন পর থেকেই সাইবার হামলার লাগাম খানিকটা হলেও টেনে ধরেছে রাশিয়া। রাশিয়ায় “আপাতত” সংযমের পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন ওলম্যান।

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

কিন্তু একের পর এক অবরোধ-নিষেধাজ্ঞা, আর ইউক্রেইনে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যর্থতার জেরে সাইবার হামলাই পুতিনের শেষ অস্ত্রগুলোর একটি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

“অবরোধ-নিষেধাজ্ঞার বিপরীতে ক্রেমলিনের হাতে কী আছে? তাদের হাতে কোনো অর্থনৈতিক অস্ত্র নেই,” বলেন ওলম্যান। তাই, সাইবার হামলাই রাশিয়ার সর্বশেষ পাল্টা উত্তর হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

অন্য খাতেও ছড়াবে এই সংঘাতের তাপ?

রাশিয়া-ইউক্রেইন সংঘর্ষের জেরে সীমানা নিয়ে বিদ্যমান দ্বন্দ্বগুলো আরো বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে সিএনবিসি। মার্চের দ্বিতীয় সপ্তাহেই সামাজিক মাধ্যমে রাশিয়ার প্রোপাগান্ডা মোকাবেলায় ইউক্রেইন এবং “বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ইউক্রেইনিয়ান অ্যাক্টিভিস্টদের” বিনা খরচে প্রযুক্তি সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে তাইওয়ানের দুটি স্টার্টআপ প্রতিষ্ঠান ‘অটোপাইলট’ এবং ‘কিউরিসার্চ’।

ঘোষণার ব্যাখ্যা দিয়ে ‘অটোপাইলট’-এর প্রতিষ্ঠাতা রজার ডু এক বিবৃতিতে বলেছেন, “তাইওয়ানিজ হিসেবে লাগাতার প্রোপাগান্ডা এবং প্রতিবেশির আগ্রাসনের হুমকির মধ্যে বেঁচে থাকার পর আমি ইউক্রেইনিয়ানদের সঙ্গে আলাদা যোগসূত্র অনুভূব করছি; তার সঙ্গে আছে আগ্রাসী শক্তির প্রতি বিষাক্ত রাগ।”