২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইল এক্সপ্লোরারে ট্যাবস ফিচার নিয়ে কাজ করছে মাইক্রোসফট

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ফাইল এক্সপ্লোরারে ট্যাবস ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট। উইন্ডোজ ১১’র সর্বশেষ টেস্ট বিল্ডে নতুন ট্যাবস ফিচারটি লুকানো অবস্থায় খুঁজে পেয়েছেন এক সফটওয়্যার নির্মাতা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 09:10 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

মাইক্রোসফট সম্প্রতি কিছু ‘গোপন’ ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভার্জ। নতুন ‘ট্যাবস’ ফিচারটি সম্ভবত তারই অংশ বলে ধারণা করছে সাইটটি।

উইন্ডোজ ১১ টেস্ট বিল্ডে লুকানো ফিচারটি সন্ধান পেয়েছেন সফটওয়্যার নির্মাতা রাফায়েল রিভেরা। উইন্ডোজ অ্যাপ ‘ইয়ারট্রাম্পেট’-এর নির্মাতাদের একজন তিনি। রিভেরার দেওয়া তথ্য অনুযায়ী, ফাইল এক্সপ্লোরারের ‘ট্যাবস’ ফিচারের মাধ্যমে একই উইন্ডোতে একাধিক ফোল্ডার খুলে রাখতে পারবেন ব্যবহারকারী।

উইন্ডোজ ১০-এও ফাইল এক্সপ্লোরারে ট্যাবস ফিচার নিয়ে পরীক্ষা চালিয়েছিল মাইক্রোসফট। পরবর্তীতে সেই পরিকল্পনা বাতিল করে ফিচারটি ছাড়াই উইন্ডোজ ১০ বাজারজাত করা শুরু করে এর নির্মাতা।

তবে, মাইক্রোফট সম্ভবত ‘ট্যাবস’ ফিচারটির জন্য পুরো ফাইল এক্সপ্লোরার ইন্টারফেইস পাল্টে ফেলতে যাচ্ছে না বলে ধারণা প্রকাশ করেছে ভার্জ।

উইন্ডোজ ৯৫ থেকে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের সঙ্গে আছে ফাইল এক্সপ্লোরার। সাম্প্রতিক বছরগুলোতে এর ইন্টারফেইসে নতুনত্ব আনতে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন সফটওয়্যার নির্মাতারা।

মাইক্রোসফট উইন্ডোজ ১১’র জন্য ফাইল এক্সপ্লোরারে কিছু পরিবর্তন আনলেও এক সফটওয়্যার নির্মাতা আলাদা ফাইল এক্সপ্লোরার অ্যাপ বানিয়ে ফেলেছেন বলে জানিয়েছে ভার্জ। উইন্ডোজে স্টোরে আছে অ্যাপটি, থিমস সহ নানা নতুন ফিচার আছে অ্যাপটিতে।

তবে, মাইক্রোসফট নতুন ফিচার নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাপক পরিসরে ফিচারটির বাজারজাতকরণ নিয়ে ভাবার সুযোগ নেই।

ফেব্রুয়ারি মাসেই মাইক্রোসফটের উইন্ডোজ ইনসাইডার প্রধান আমান্ডা ল্যাঙ্গোস্কি বলেছিলেন, তার প্রতিষ্ঠান “কেবল সেই ফিচারগুলো নিয়েই আলোচনা করবে যা ইচ্ছা করেই ইনসাইডারদের জন্য এনাবল করে রাখা হয়েছে যেন তারা সেগুলো ব্যবহার করে তাদের মতামত জানাতে পারেন।”

কিন্ত, ফাইল এক্সপ্লোরারে ট্যাবস ফিচার নিয়ে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ থাকায়, মাইক্রোসফটের কাছ থেকে এ প্রসঙ্গে শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য প্রত্যাশা করা যেতেই পারে– মন্তব্য ভার্জের।