‘স্পর্শকাতর’ ডেটা ‘সরানোর’ প্রস্তুতিতে ইউক্রেইন
রাশিয়ার সামরিক আগ্রাসনের মুখে স্পর্শকাতর ডেটা ও সার্ভার নিজ সীমানার বাইরে ভিন্ন কোনো দেশে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেইন সরকার। নীতিনির্ধরণী পর্যায়ের সবুজ সংকেত পেলেই শুরু হবে এ কার্যক্রম।
ইউক্রেইন গুরুত্বপূর্ণ ডেটা সার্ভার দেশের সীমানার বাইরে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সাইবার নিরাপত্তা কর্মকর্তা।
ইউক্রেইন সীমানার ভেতরেই অবস্থান করছে রাশিয়ার সামরিক শক্তি, অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির কয়েকটি শহর। এমন অবস্থায় যে কোনো আকস্মিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ইউক্রেইনের ‘স্টেট সার্ভিস অফ স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফর্মেশন প্রোটেকশন’-এর উপ-প্রধান ভিকটর জোরা।
“আমরা প্রস্তুতি নিচ্ছি। প্ল্যান এ ছিল ইউক্রেইনের ভেতরেই আইটি অবকাঠামোর প্রতিরক্ষা। সেটা অন্য কোনো দেশে নেওয়া হবে প্ল্যান বি বা সি।”
তবে, এই পরিকল্পনা কেবল ইউক্রেইনের নীতিনির্ধারণী পর্যায়ের সবুজ সংকেত পেলেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
ইউক্রেইনের সরকারি কর্মকর্তারা ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং ব্যাকআপ ব্যবস্থা রাশিয়ার সামরিক বাহিনীর নাগালের বাইরে সরিয়ে নেওয়া শুরু করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
রাজধানী কিইভ ঝুঁকির মুখে পড়লে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ডেটা সরিয়ে ফেলার পরিকল্পনা আছে বলে ফেব্রুয়ারি মাসেই রাজনীতিবিষয়ক সাময়িকী পলিটিকো-কে জানিয়েছিলেন জোরা।
একাধিক দেশে থেকে ইউক্রেইনের ডেটা হোস্ট করার আমন্ত্রণ পেয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে ইউক্রেইন সরকারের এই উচ্চপদস্থ কর্মকর্তা। নাম প্রকাশ না করলেও, দূরত্বের কারণে “ইউরোপের কোনো স্থান হলেই ভালো হয়” বলে মন্তব্য করেছেন তিনি।
“বিকল্প অনেকগুলোই আছে। সবগুলো প্রস্তাবকেই আমরা স্বাগত জানাচ্ছি এবং সবগুলোই বিবেচনার দাবি রাখে,” – যোগ করেন তিনি।
ডেটা সেন্টার সরিয়ে নেওয়ার কাজটি কী ভাবে হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি জোরা। তবে, আগে সরাসরি সার্ভার ও পোর্টেবল স্টোরেজ ডিভাইস স্থানান্তরের পাশাপাশি, ডেটা কয়েক সার্ভার ঘুরিয়ে সরিয়ে ফেলার প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রয়টার্সের প্রতিবদের বলছে, ইউক্রেইনের আইনপ্রণেতারা অভ্যন্তরীণ ডেটা দেশের সীমানার বাইরে সংরক্ষণের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও, তার মানে এই নয় যে তাৎক্ষণিকভাবে সকল সরকারি ডেটা ও নেটওয়ার্ক যন্ত্রপাতি দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে।
বরং সরকারি সংস্থাগুলো নির্দিষ্ট বিষয় ধরে সিদ্ধান্ত নেবেন যে তারা তাদের কার্যক্রম দেশের বাইরে সরিয়ে নিতে চান না কি দেশের ভেতরেই রাখতে চান।
রয়টার্সের প্রতিবেদন বলছে, গেল বছরের আগস্ট মাসে তালিবান সামরিক শক্তি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সরকারি ডেটার প্রসঙ্গ। তালিবান সামরিক নেতৃত্ব দেশের অভ্যন্তরে বিরোধীদের চিহ্নিত করে সহিংস পদক্ষেপ নিতে সরকারি ডেটা সার্ভার থেকে পাওয়া তথ্য ব্যবহার করবে এমন আশঙ্কা করছিলেন অনেকেই।
ইউক্রেইনের বেলাতেও একই আশঙ্কা বিরাজ করছে বলে জানিয়েছে রয়টার্স। রাশিয়া ইউক্রেইনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাইলে সেক্ষেত্রে ইউক্রেইন সরকারের ডেটাবেইজ এবং গোয়েন্দা নথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।
